০১:১৮ পি.এম
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের কারণে একটি ৪০ বছরের পুরনো বসতবাড়ি রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটে গত সোমবার রাত ৪টার দিকে, হিরাঝিল আবাসিক এলাকার স্বপ্ন বাজার সংলগ্ন স্থানে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় ১০ কোটি টাকার মূল্যমানের সাড়ে ১২ শতাংশ জমি দখল করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১৫০ থেকে ২০০ জনের একটি দল ওই বসতবাড়িতে হামলা চালায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ঘটনার উদ্বেগজনক দিক হলো, ওই দিন বিকেলে জমি নিয়ে বিরোধের অভিযোগ পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগী পরিবারকে সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তাঁর পরিদর্শনের কয়েক ঘণ্টা পর গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি।
আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা
বাড়ির বাসিন্দা সুলতানা বেগম জানান, তিনি নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন যখন হঠাৎ ঘর কেঁপে ওঠে। প্রথমে তিনি মনে করেন ভূমিকম্প হচ্ছে। নাতিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখেন, তাঁদের দীর্ঘদিনের বসতভিটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। মাত্র এক থেকে দুই ঘণ্টার মধ্যে তাঁদের সাজানো সংসার ধ্বংস হয়ে যায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘রাতে নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাত্ ঘর কাঁপতে শুরু করলে মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে। বাইরে এসে দেখি, আমার ৪০ বছরের বসতভিটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এখন আমি থাকব কোথায়? আমার সাজানো সংসার শেষ করে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’
তিনি জানান, বাড়িটি তাঁর নানির সম্পত্তি। পাশাপাশি তাঁরা সেখানে আরো কিছু জমি কিনেছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, হিরাঝিল এলাকায় পৈতৃক ও ক্রয়কৃত মিলিয়ে সাড়ে ১২ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে একাধিকবার সিদ্ধিরগঞ্জ থানায় সালিশি বৈঠক হলেও বিরোধটি আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছিল।
পরিবারটির সদস্যরা জানান, স্থানীয় পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহিন (স্বর্ণকার), সবুজ, সজিব, জসিমসহ ১৫০ থেকে ২০০ জনের একটি দল দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করে আসছিল। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সুলতানার ভাই গোলাম মোস্তফা বলেন, ‘গত ৫ নভেম্বর রাত ১১টার দিকে একই পক্ষের লোকজন ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ভাঙতে আসে। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।’ তিনি অভিযোগ করেন, যাওয়ার সময় ৭ নভেম্বর আবারও হামলার হুমকি দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
এই ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় এবং ৭ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বরাবর ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সুলতানা বেগম। পরিবারের দাবি, গত সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে তাঁদের সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু ওই কর্মকর্তা চলে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাতের আঁধারে বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়।
গতকাল এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ‘এই জমি নিয়ে বিরোধ ছিল। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। রাত ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পুলিশ পাঠিয়েছি। যারাই রাতের আঁধারে এই ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন