প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : চীন প্রথমবারের মতো তিন নভোচারীকে নিয়ে একটি রকেট উৎক্ষেপণ করেছে, যার মধ্যে রয়েছে এক বিদেশি নভোচারী। আজ বুধবার, শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানের অংশ হিসেবে রকেটটি চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের দিকে যাত্রা করে। এই তথ্য দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী,
চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে মহাকাশ কর্মসূচিতে ব্যাপক বিনিয়োগ করছে। যুক্তরাষ্ট্রও এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই, তারা তাদের আর্টেমিস কর্মসূচির মাধ্যমে চাঁদে নভোচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটটি উৎক্ষেপণ করা হয়। গোলাপি আকাশের নিচে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে রকেটটি মহাকাশের দিকে উড়ে যায়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রচারিত ভিডিওতে এই দৃশ্য দেখা যায়।
উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি মূল রকেট থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে প্রবেশ করে, চীনের মানববাহী মহাকাশ সংস্থা এ তথ্য জানায়। সংস্থাটি অভিযানটিকে ‘সম্পূর্ণ সফল’ বলে ঘোষণা করেছে এবং জানিয়েছে, নভোচারীরা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন।
শেনঝৌ-২৪ অভিযানে অংশগ্রহণকারী তিন নভোচারী হলেন মহাকাশযানের পাইলট তাং হংবো, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই এবং পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী।
জিশান আলী, যিনি পাকিস্তান বিমানবাহিনীর পাইলট ও পেলোড বিশেষজ্ঞ, চীনের মহাকাশ অভিযানে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী। তিনি চীনের নাগরিক নন—এমন প্রথম ব্যক্তি হিসেবে তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করতে যাচ্ছেন।
৪০ বছর বয়সী আলীর মহাকাশযাত্রা প্রায় পাঁচ দিন স্থায়ী হওয়ার কথা রয়েছে। এর পর তিনি শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। গত মে মাসে মহাকাশযানটি তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছেছিল।
পাকিস্তানের মহাকাশ সংস্থা জানিয়েছে, কক্ষপথে অবস্থানকালে আলী বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবেন। পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ভবিষ্যতের মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস হিসেবে অণুশৈবাল (মাইক্রোঅ্যালগি) চাষ এবং মহাকাশ ভ্রমণের ফলে কুইনোয়া বীজের ওপর কী ধরনের প্রভাব পড়ে, তা পরীক্ষা করা।
কক্ষপথে প্রবেশের পর মহাকাশযানটির তিয়াংগং মহাকাশ স্টেশনে যুক্ত হওয়ার কথা রয়েছে। সেখানে আগে থেকেই অবস্থান করছেন তিনজন নভোচারী। শেনঝৌ-২৪ অভিযানের তিন সদস্য তাদের সঙ্গে যোগ দেবেন।
বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থানরত তিন নভোচারী হলেন ৪০ বছর বয়সী ঝু ইয়াংঝু, লাই কাই-ইং এবং ঝাং ঝিয়ুয়ান।
লাই হংকংয়ের প্রথম নভোচারী এবং বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থানরত একমাত্র নারী।
পাকিস্তানের আলী লাই ও ঝাংয়ের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন বলে নির্ধারিত রয়েছে। অন্যদিকে ঝু মহাকাশ স্টেশনেই থেকে যাবেন। এর মাধ্যমে মহাকাশে একটানা এক বছর অবস্থানের চীনের প্রথম কর্মসূচি সম্পন্ন হবে।
ভবিষ্যতে চাঁদে এবং আরও দূরবর্তী মহাকাশে অভিযানের পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘ সময় মহাকাশে অবস্থান করার সক্ষমতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুর এই অবস্থান সেই সক্ষমতা পরীক্ষার একটি বড় পদক্ষেপ।
মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক অবশ্য আলী নন। এর আগে মোনাকোভিত্তিক মেরু অভিযাত্রী নামিরা সেলিম ২০২৩ সালের অক্টোবরে ভার্জিন গ্যালাকটিকের ‘গ্যালাকটিক-০৪’ অভিযানে অংশ নিয়ে মহাকাশ ভ্রমণ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই মহাকাশ অভিযানকে পাকিস্তান ও চীনের মধ্যকার ‘অসাধারণ আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের’ প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘মহাকাশ জয়ের অভিযাত্রায় পাকিস্তান-চীন বন্ধুত্ব হিমালয়ের উচ্চতাকেও ছাড়িয়ে যাচ্ছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন