মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫০ পি.এম
ইরান যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণের মাধ্যমে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই মন্তব্য করেছেন যে, এসব শর্ত পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করা সম্ভব নয়। তেহরান স্পষ্টভাবে নিজেদের বিজয়ী মনে করছে চলমান যুদ্ধে।
যুক্তরাষ্ট্র ইরানের কাছে আত্মসমর্পণ করবে কিনা, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের জন্য ‘আত্মসমর্পণ’ শব্দটি অত্যন্ত অপমানজনক। এজন্য ইরানের কাছে আত্মসমর্পণ করার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে।
যদিও ট্রাম্প কূটনৈতিক সমাধানের আশা দেখাচ্ছেন, বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত রয়েছে। ফলে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
যুদ্ধ বন্ধে ইরানের সাত শর্ত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও তেহরান সাতটি শর্তে অনড় রয়েছে। মোহসেন রেজাই আলজাজিরাকে জানিয়েছেন, ওয়াশিংটনকে এসব শর্ত মেনে নিতে হবে। শর্তগুলো হলো—
লেবাননসহ সব ফ্রন্টে সামরিক ও শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের শত শত কোটি ডলারের সম্পদ ও অর্থ ছাড় করতে হবে।
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে।
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
ইরানের বিপ্লববিরোধীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা বন্ধ করতে হবে।
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের হামলা বন্ধ করতে হবে।
ইরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
ইরানে আবারও হামলা হলে তা আগের চেয়ে পাঁচ গুণ শক্তিশালী হবে: ট্রাম্প।
এদিকে, ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে আগের হামলার তুলনায় পাঁচ গুণ বেশি শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে উপসাগরীয় দেশগুলো যুদ্ধ আরও বিস্তৃত করার পরিবর্তে বর্তমান সামরিক অবস্থান বজায় রাখার পক্ষে বলে জানিয়েছেন তিনি।
সিএসপ্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায়। যদিও প্রকাশ্যে তারা তা স্বীকার করছে না।
ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় জিতেছি, ইরানেও জিতেছি। তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা—সবকিছু ধ্বংস করে দিয়েছি। তাদের নেতাদেরও নিশ্চিহ্ন করেছি।’
তিনি আরও বলেন, ইরান সমঝোতা করতে চায়। তবে দেশটি যদি পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো কার্যক্রম চালায়, তাহলে সেখানে হামলা চালাতে হতে পারে। যদিও এখন পর্যন্ত সেখানে তেমন কিছু দেখা যায়নি।
ট্রাম্প ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না উল্লেখ করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র পেলে তা ব্যবহার করবে।
ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এসব দেশ নতুন করে বড় ধরনের হামলা চালানোর পরিবর্তে বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার পক্ষে।
তার ভাষায়, নতুন করে হামলা হলে তা আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় হতে পারে।
সূত্র: আল-জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর মন্তব্য করেছেন যে, পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময় কথা বলছেন—এটি কি এইআই নাকি বাস্তব, তা আমাদের জানা নেই। তিনি আরও বলেন, "তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না।"
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেছেন, ফ্যাসিস্ট শক্তি বিদেশি অপশক্তিকে কাজে লাগিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি উল্লেখ করেছেন, "যদি সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করি, রাজপথে সক্রিয় হই এবং আওয়াজ তুলি, তাহলে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে।"
এ সময় তিনি জানান, যারা বাসে আগুন দিচ্ছে এবং ভাঙচুর করছে, তাদের ধরিয়ে দিলে গণঅধিকার পরিষদ ২০ হাজার টাকা করে পুরস্কার দেবে।
অহেতুক সরকারের বিরোধিতা না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখছেন, আশা করা হচ্ছে রাজপথেও তারা এমন ভূমিকা পালন করবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহীর মোহনপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতির সময় তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। অভিযানের স্থান ছিল উপজেলার ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে, যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক।
আটককৃতদের মধ্যে রয়েছেন- উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার হরিাগাছি গ্রামের মেহেদী হাসান নিরব (২৫), তিলাহারী গ্রামের মশিউর রহমান তুহিন (২৪) এবং সুমন আলী (২১)।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশ সূত্রে জানা যায়, রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য সেখানে সমবেত হয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা সম্ভব হয়। ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় ৮ ইঞ্চি লম্বা একটি চাকু ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এলপিজি বা বাসাবাড়ির সিলিন্ডার গ্যাসের সরকার নির্ধারিত দাম বজায় রাখার পাশাপাশি খোলাবাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিং ও নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে, এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর এবং সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, সরকার যে দাম নির্ধারণ করে, সেটির চেয়ে অনেক সময় বেশি দামে বাজারে পণ্য বিক্রির প্রবণতা দেখা যায়।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অনিশ্চয়তা এবং সরবরাহজনিত কিছু ঘাটতি যেমন বিদ্যমান, তেমনি স্পেকুলেশন বা সুযোগসন্ধানী মনোভাবও কাজ করে। তবে ভোক্তাদের নির্ধারিত দামে এলপি গ্যাস নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এটি আরও জোরদার করা হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার বাজারে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার চেয়ে বাফার স্টক (জরুরি মজুদ) বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে কৃত্রিম সংকট তৈরি না হয়।
ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ফরমাল চ্যানেলে একাধিকবার আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি (শেখ হাসিনা) কেবল অভিযুক্ত নন, বরং দণ্ডপ্রাপ্ত (কনভিক্টেড) অপরাধী। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কিছু মৌলিক অধিকার স্থগিত থাকে।
এ সময় তথ্য উপদেষ্টা স্পষ্ট করে বলেন, সরকার দণ্ডপ্রাপ্ত আসামিকে এক্সট্রাডাইট (প্রত্যর্পণ) করতে চায়। আর শেখ হাসিনা নিজেও যেহেতু প্রত্যর্পণ করতে চান, তাহলে এ ক্ষেত্রে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয়।
শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি ও কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কেউ যদি দলীয় ব্যানার ব্যবহার করে সভা বা কর্মসূচি পালনের চেষ্টা করে, তবে তা স্পষ্টতই নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার জনগণের নিরাপত্তায় সজাগ রয়েছে এবং অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মেটা সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্তা জোরদারের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর প্রকৃত বয়স শনাক্ত করার কার্যক্রম বিশ্বব্যাপী সম্প্রসারণ করছে। যদি কেউ অ্যাকাউন্ট খোলার সময় নিজেকে ১৮ বছরের বেশি দাবি করে, তবে তার অনলাইন আচরণ ও কার্যক্রম বিশ্লেষণ করে কিশোর হিসেবে শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে।
সোমবার (৯ নভেম্বর) মেটা এক ঘোষণায় এ তথ্য প্রকাশ করেছে। আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি মাস থেকেই ইনস্টাগ্রামে নতুন প্রযুক্তির বিস্তৃতি শুরু হচ্ছে। পরবর্তীতে ফেসবুক ও থ্রেডসেও এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
মেটার এআই প্রযুক্তি ব্যবহারকারীর পোস্ট, অনলাইন কার্যক্রম এবং আচরণগত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বয়স নির্ধারণ করবে। ফলে জন্মতারিখে ভুল তথ্য দিয়ে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিলেও কিশোরদের শনাক্ত করা সম্ভব হবে। শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’-এর নিরাপত্তাবিধি কার্যকর হবে।
এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করেছিল মেটা। প্রতিষ্ঠানটির দাবি, এ উদ্যোগের ফলে আগের তুলনায় আরও বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তারা চলতি মাসেই নোটিফিকেশন পাবেন।
টিন অ্যাকাউন্টে যেসব বিধিনিষেধ থাকছে
কিশোর ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে মেটা টিন অ্যাকাউন্টে একাধিক বিধিনিষেধ রেখেছে। এর মধ্যে রয়েছে,
* ১৩ বছরের কম বয়সীদের জন্য অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা।
* প্রতিদিন নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ।
* রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখা।
* দৈনিক ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখা।
* লাইক ও রিঅ্যাকশনের মতো সামাজিক তুলনা তৈরি করতে পারে এমন কিছু ফিচার সীমিত করা।
* অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাড়তি নিয়ন্ত্রণ।
এছাড়া টানা ১৫ মিনিট অ্যাপ ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে কিশোরদের। দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালেও সতর্কবার্তা দেখানো হবে।
কেন কঠোর হচ্ছে মেটা?
বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার কিশোরদের মানসিক স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে সামাজিক তুলনার প্রবণতা বাড়াতে পারে। একই সঙ্গে ক্ষতিকর অনলাইন কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও রয়েছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে, ব্যবহারকারীর বয়স যথাযথভাবে যাচাই করতে ব্যর্থ হয় এবং কিশোরদের অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।
কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনা, আইনি চাপ ও আর্থিক সমঝোতার প্রেক্ষাপটে বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ