প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এলপিজি বা বাসাবাড়ির সিলিন্ডার গ্যাসের সরকার নির্ধারিত দাম বজায় রাখার পাশাপাশি খোলাবাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিং ও নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে, এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর এবং সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, সরকার যে দাম নির্ধারণ করে, সেটির চেয়ে অনেক সময় বেশি দামে বাজারে পণ্য বিক্রির প্রবণতা দেখা যায়।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অনিশ্চয়তা এবং সরবরাহজনিত কিছু ঘাটতি যেমন বিদ্যমান, তেমনি স্পেকুলেশন বা সুযোগসন্ধানী মনোভাবও কাজ করে। তবে ভোক্তাদের নির্ধারিত দামে এলপি গ্যাস নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এটি আরও জোরদার করা হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার বাজারে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার চেয়ে বাফার স্টক (জরুরি মজুদ) বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে কৃত্রিম সংকট তৈরি না হয়।
ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ফরমাল চ্যানেলে একাধিকবার আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি (শেখ হাসিনা) কেবল অভিযুক্ত নন, বরং দণ্ডপ্রাপ্ত (কনভিক্টেড) অপরাধী। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কিছু মৌলিক অধিকার স্থগিত থাকে।
এ সময় তথ্য উপদেষ্টা স্পষ্ট করে বলেন, সরকার দণ্ডপ্রাপ্ত আসামিকে এক্সট্রাডাইট (প্রত্যর্পণ) করতে চায়। আর শেখ হাসিনা নিজেও যেহেতু প্রত্যর্পণ করতে চান, তাহলে এ ক্ষেত্রে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয়।
শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি ও কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কেউ যদি দলীয় ব্যানার ব্যবহার করে সভা বা কর্মসূচি পালনের চেষ্টা করে, তবে তা স্পষ্টতই নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার জনগণের নিরাপত্তায় সজাগ রয়েছে এবং অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন