প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরান যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণের মাধ্যমে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই মন্তব্য করেছেন যে, এসব শর্ত পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করা সম্ভব নয়। তেহরান স্পষ্টভাবে নিজেদের বিজয়ী মনে করছে চলমান যুদ্ধে।
যুক্তরাষ্ট্র ইরানের কাছে আত্মসমর্পণ করবে কিনা, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের জন্য ‘আত্মসমর্পণ’ শব্দটি অত্যন্ত অপমানজনক। এজন্য ইরানের কাছে আত্মসমর্পণ করার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে।
যদিও ট্রাম্প কূটনৈতিক সমাধানের আশা দেখাচ্ছেন, বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত রয়েছে। ফলে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
যুদ্ধ বন্ধে ইরানের সাত শর্ত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও তেহরান সাতটি শর্তে অনড় রয়েছে। মোহসেন রেজাই আলজাজিরাকে জানিয়েছেন, ওয়াশিংটনকে এসব শর্ত মেনে নিতে হবে। শর্তগুলো হলো—
লেবাননসহ সব ফ্রন্টে সামরিক ও শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের শত শত কোটি ডলারের সম্পদ ও অর্থ ছাড় করতে হবে।
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে।
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
ইরানের বিপ্লববিরোধীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা বন্ধ করতে হবে।
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের হামলা বন্ধ করতে হবে।
ইরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
ইরানে আবারও হামলা হলে তা আগের চেয়ে পাঁচ গুণ শক্তিশালী হবে: ট্রাম্প।
এদিকে, ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে আগের হামলার তুলনায় পাঁচ গুণ বেশি শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে উপসাগরীয় দেশগুলো যুদ্ধ আরও বিস্তৃত করার পরিবর্তে বর্তমান সামরিক অবস্থান বজায় রাখার পক্ষে বলে জানিয়েছেন তিনি।
সিএসপ্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায়। যদিও প্রকাশ্যে তারা তা স্বীকার করছে না।
ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় জিতেছি, ইরানেও জিতেছি। তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা—সবকিছু ধ্বংস করে দিয়েছি। তাদের নেতাদেরও নিশ্চিহ্ন করেছি।’
তিনি আরও বলেন, ইরান সমঝোতা করতে চায়। তবে দেশটি যদি পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো কার্যক্রম চালায়, তাহলে সেখানে হামলা চালাতে হতে পারে। যদিও এখন পর্যন্ত সেখানে তেমন কিছু দেখা যায়নি।
ট্রাম্প ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না উল্লেখ করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র পেলে তা ব্যবহার করবে।
ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এসব দেশ নতুন করে বড় ধরনের হামলা চালানোর পরিবর্তে বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার পক্ষে।
তার ভাষায়, নতুন করে হামলা হলে তা আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় হতে পারে।
সূত্র: আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন