মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫২ পি.এম
এলপিজি বা বাসাবাড়ির সিলিন্ডার গ্যাসের সরকার নির্ধারিত দাম বজায় রাখার পাশাপাশি খোলাবাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিং ও নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে, এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর এবং সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, সরকার যে দাম নির্ধারণ করে, সেটির চেয়ে অনেক সময় বেশি দামে বাজারে পণ্য বিক্রির প্রবণতা দেখা যায়।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অনিশ্চয়তা এবং সরবরাহজনিত কিছু ঘাটতি যেমন বিদ্যমান, তেমনি স্পেকুলেশন বা সুযোগসন্ধানী মনোভাবও কাজ করে। তবে ভোক্তাদের নির্ধারিত দামে এলপি গ্যাস নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এটি আরও জোরদার করা হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার বাজারে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার চেয়ে বাফার স্টক (জরুরি মজুদ) বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে কৃত্রিম সংকট তৈরি না হয়।
ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ফরমাল চ্যানেলে একাধিকবার আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি (শেখ হাসিনা) কেবল অভিযুক্ত নন, বরং দণ্ডপ্রাপ্ত (কনভিক্টেড) অপরাধী। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কিছু মৌলিক অধিকার স্থগিত থাকে।
এ সময় তথ্য উপদেষ্টা স্পষ্ট করে বলেন, সরকার দণ্ডপ্রাপ্ত আসামিকে এক্সট্রাডাইট (প্রত্যর্পণ) করতে চায়। আর শেখ হাসিনা নিজেও যেহেতু প্রত্যর্পণ করতে চান, তাহলে এ ক্ষেত্রে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয়।
শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি ও কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কেউ যদি দলীয় ব্যানার ব্যবহার করে সভা বা কর্মসূচি পালনের চেষ্টা করে, তবে তা স্পষ্টতই নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার জনগণের নিরাপত্তায় সজাগ রয়েছে এবং অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মেটা সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্তা জোরদারের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর প্রকৃত বয়স শনাক্ত করার কার্যক্রম বিশ্বব্যাপী সম্প্রসারণ করছে। যদি কেউ অ্যাকাউন্ট খোলার সময় নিজেকে ১৮ বছরের বেশি দাবি করে, তবে তার অনলাইন আচরণ ও কার্যক্রম বিশ্লেষণ করে কিশোর হিসেবে শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে।
সোমবার (৯ নভেম্বর) মেটা এক ঘোষণায় এ তথ্য প্রকাশ করেছে। আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি মাস থেকেই ইনস্টাগ্রামে নতুন প্রযুক্তির বিস্তৃতি শুরু হচ্ছে। পরবর্তীতে ফেসবুক ও থ্রেডসেও এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
মেটার এআই প্রযুক্তি ব্যবহারকারীর পোস্ট, অনলাইন কার্যক্রম এবং আচরণগত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বয়স নির্ধারণ করবে। ফলে জন্মতারিখে ভুল তথ্য দিয়ে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিলেও কিশোরদের শনাক্ত করা সম্ভব হবে। শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’-এর নিরাপত্তাবিধি কার্যকর হবে।
এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করেছিল মেটা। প্রতিষ্ঠানটির দাবি, এ উদ্যোগের ফলে আগের তুলনায় আরও বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তারা চলতি মাসেই নোটিফিকেশন পাবেন।
টিন অ্যাকাউন্টে যেসব বিধিনিষেধ থাকছে
কিশোর ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে মেটা টিন অ্যাকাউন্টে একাধিক বিধিনিষেধ রেখেছে। এর মধ্যে রয়েছে,
* ১৩ বছরের কম বয়সীদের জন্য অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা।
* প্রতিদিন নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ।
* রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখা।
* দৈনিক ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখা।
* লাইক ও রিঅ্যাকশনের মতো সামাজিক তুলনা তৈরি করতে পারে এমন কিছু ফিচার সীমিত করা।
* অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাড়তি নিয়ন্ত্রণ।
এছাড়া টানা ১৫ মিনিট অ্যাপ ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে কিশোরদের। দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালেও সতর্কবার্তা দেখানো হবে।
কেন কঠোর হচ্ছে মেটা?
বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার কিশোরদের মানসিক স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে সামাজিক তুলনার প্রবণতা বাড়াতে পারে। একই সঙ্গে ক্ষতিকর অনলাইন কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও রয়েছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে, ব্যবহারকারীর বয়স যথাযথভাবে যাচাই করতে ব্যর্থ হয় এবং কিশোরদের অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।
কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনা, আইনি চাপ ও আর্থিক সমঝোতার প্রেক্ষাপটে বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১০ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃক হোল্ডিং ট্যাক্স মূল্যায়নে জালিয়াতির মাধ্যমে ১৬ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয় কর্মকর্তা ও দুটি বেসরকারি কন্টেইনার ডিপোর মালিকের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে, দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক মো. আল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (৯ নভেম্বর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা দুটিতে চসিকের রাজস্ব সার্কেল-৮ এর কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে আসামি করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, তিনি ক্ষমতার অপব্যবহার করে এবং পরস্পর যোগসাজশে সিটি করপোরেশনের বার্ষিক কর মূল্যায়ন পরিবর্তন করে হোল্ডিং ট্যাক্স ফাঁকি দিয়েছেন। দণ্ডবিধির ৪৭৭(ক), ৪০৯ ও ১০৯ ধারার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে, যার দায়ভার একই কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলমের উপর রয়েছে।
দুদক সূত্রে জানা যায়, ৮ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে দায়ের করা ৩ নম্বর মামলায় চসিকের কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম ছাড়াও অবসরপ্রাপ্ত উপকর কর্মকর্তা মো. আবদুল কাদের, সহকারী কর আদায়কারী মো. মনজুর মোরশেদ, রাজস্ব সার্কেল-৭ এর হিসাব সহকারী রূপসী রাণী দেব এবং বেসরকারি কন্টেইনার ডিপো ইনকনট্রেড লিমিটেডের মালিক ইউসুফ আবদুল্লাহ হারুনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, ইউসুফ আবদুল্লাহ হারুন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য।
অন্যদিকে, একই পরিমাণ রাজস্ব ক্ষতির অভিযোগে ৪ নম্বর মামলায় নুরুল আলম ছাড়াও চসিকের রাজস্ব সার্কেল-৭ এর উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেন, রাজস্ব সার্কেল-৮ এর হিসাব সহকারী মোহাম্মদ আহছান উল্লাহ এবং বেসরকারি কন্টেইনার ডিপো মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কাশেমকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, চসিকের কর্মকর্তা-কর্মচারীরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে হোল্ডিং ট্যাক্স নির্ধারণের আপিল ফরম (পি ফরম) ও ফিল্ড বুকের মূল্যায়নে জালিয়াতি করেছেন। নথিতে নির্ধারিত অঙ্কের শুরুতে থাকা ‘২’ সাদা ফ্লুইড দিয়ে মুছে দিয়ে পরিবর্তিত অঙ্ক ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা দেখিয়ে তা রিভিউ বোর্ডে উপস্থাপন করা হয়। এতে ইনকনট্রেড লিমিটেডকে অবৈধ সুবিধা দেওয়ার মাধ্যমে বছরে ২ কোটি ৮০ লাখ টাকা করে তিন বছরে মোট ৮ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ক্ষতি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
একই পদ্ধতিতে মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেডের ক্ষেত্রেও নথির মূল্যায়নে থাকা অঙ্কের শুরুতে ‘২’ সাদা ফ্লুইড দিয়ে মুছে পরিবর্তিত অঙ্ক ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা দেখিয়ে রিভিউ বোর্ডে উপস্থাপন করা হয়। এতে প্রতিষ্ঠানটিকে অবৈধ সুবিধা দিয়ে তিন বছরে চসিকের ৮ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ক্ষতি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এর আগে, চসিকের অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির বিষয়টি প্রকাশ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় সিটি করপোরেশন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে তাদের দায়িত্ব পালন করছেন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুর এলাকায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন মোতায়েন রয়েছে। এর পাশাপাশি, নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় ২টি বিশেষ টহল কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
এতে আরও বলা হয়, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে, বলেছে বিজ্ঞপ্তিটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণের জন্য তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিশ্চিত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরের সময় তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সফরসঙ্গী।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পরিবেশ, বর্ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বর্ণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলু। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী। দেশটির আনতালিয়ায় ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন তারেক রহমান।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক নিশ্চিত হয়েছে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে।
পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এসব বৈঠকে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব। সফর শেষে শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ