ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর যাবজ্জীবন কারাদণ্ড


তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে এক তরুণী (২৩) এর উপর ধর্ষণের অভিযোগে ইউনুছ আলী (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা প্রদান করেছে আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানিয়েছেন, দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার এক তরুণী ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে একই এলাকার মো. ইউনুছ আলী তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন। এই ঘটনার পর ভুক্তভোগী জামালপুর আদালতে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ কার্যক্রম শেষে ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর ১০ বছর পর আসামির উপস্থিতিতে সোমবার দুপুরে রায় ঘোষণা করা হয়।

আরও পড়ুন: দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে ৯ ঘণ্টার লড়াই, অবশেষে প্রাণে বাঁচলেন ক্রুজ জাহাজের পিয়ানোবাদক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


সাগরে ৯ ঘণ্টার লড়াই, অবশেষে প্রাণে বাঁচলেন ক্রুজ জাহাজের পিয়ানোবাদক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরের প্রায় ২০ মাইল দূরে একটি ক্রুজ জাহাজের পিয়ানোবাদককে উদ্ধার করেছেন দুই জেলে।

শুক্রবার (৬ নভেম্বর) নিউপোর্ট বিচের নিকটে এই ঘটনা ঘটে। শন নর্টন ও গ্র্যান্ট গ্যারেট নামের দুই জেলে মাছ ধরার সময় ওই ব্যক্তিকে পানিতে ভাসতে দেখেন। পরে তারা তাকে নিজেদের নৌকায় তুলে উদ্ধার করেন। উদ্ধারকর্মীরা ধারণা করছেন, ওই ব্যক্তি প্রায় ৯ ঘণ্টা ধরে পানিতে ছিলেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, তার বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই জেলে ক্যাটালিনা দ্বীপের কাছে মারলিন মাছ ধরতে গিয়েছিলেন। দুপুরের দিকে নিউপোর্ট বিচে ফেরার সময় তাদের নৌকার ক্যাপ্টেন দূরে একজন মানুষকে পানিতে ভাসতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তারা মাছ ধরার সরঞ্জাম গুটিয়ে নৌকা থামান। এরপর নর্টন ও গ্যারেট দুজন মিলে ওই ব্যক্তির দুই হাত ধরে তাকে নৌকায় তুলে আনেন। উদ্ধারকারীরা জানান, উদ্ধারকালে তিনি প্রচণ্ড আতঙ্কিত ও শারীরিকভাবে দুর্বল ছিলেন।

জ্ঞান ফিরে পাওয়ার পর ওই ব্যক্তি নিজেকে রয়্যাল ক্যারিবিয়ানের ‘ওভেশন অব দ্য সিজ’ নামের ১৪ ডেকের একটি প্রমোদতরির পিয়ানোবাদক হিসেবে পরিচয় দেন। নর্টন জানান, ওই ব্যক্তির মুখে প্রথম যে কথাটি শুনেছিলেন, তিনি ভেবেছিলেন আর বাঁচতে পারবেন না। তবে উদ্ধার হওয়া ব্যক্তির নাম বা পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। রয়্যাল ক্যারিবিয়ানও তার পরিচয় ও কর্মসংস্থানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

উদ্ধারের পর দুই জেলে জরুরি সামুদ্রিক বিপৎসংকেত পাঠান। খবর পেয়ে নিউপোর্ট বিচের লাইফগার্ড দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারে সহায়তা করে। নিউপোর্ট বিচ লাইফগার্ডের ব্যাটালিয়ন প্রধান অ্যাডাম ইয়াসেন্ডার ধারণা করছেন, শুক্রবার রাত আড়াইটার দিকে তিনি জাহাজ থেকে পানিতে পড়ে থাকতে পারেন। উদ্ধারকালে উপকূল থেকে দূরত্ব ছিল প্রায় ১৫ থেকে ২০ মাইল। পরে হাসপাতালে নেওয়া হলে কোস্ট গার্ড জানায়, তার অবস্থা বিবেচনায় বেঁচে যাওয়ার আশা রয়েছে।

উদ্ধারকারী নর্টন জানিয়েছেন, ওই সময় সমুদ্রের পানির তাপমাত্রা ছিল প্রায় ৭৬ ডিগ্রি ফারেনহাইট। তার ধারণা, পানির তুলনামূলক উষ্ণ তাপমাত্রা দীর্ঘ সময় বেঁচে থাকার ক্ষেত্রে সহায়ক হয়েছে। অন্য কোনো সময়ে বা পানির তাপমাত্রা কম থাকলে ওই ব্যক্তির বেঁচে থাকা কঠিন হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

কীভাবে ওই ব্যক্তি প্রমোদতরি থেকে সাগরে পড়ে গেলেন, তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন, নাকি অন্য কোনো ঘটনা ঘটেছিল, তা তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে শহিদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অনশনে জুলাইযোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


ময়মনসিংহে শহিদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অনশনে জুলাইযোদ্ধারা

ময়মনসিংহ নগরের জুলাই আন্দোলনের শহিদ রিদওয়ান হোসেন, যিনি সাগর নামে পরিচিত, তাঁর স্মরণে নির্মিত শহিদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে জড়িত ব্যক্তিদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য আলটিমেটাম দিয়ে আমরণ অনশন শুরু করেছেন জুলাই আন্দোলনের কয়েকজন নেতা।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা একদল ব্যক্তি চত্বরে একটি টায়ার রেখে আগুন ধরিয়ে দেয়। এর ফলে আগুন ও কালির কারণে শহিদ সাগরের প্রতিকৃতি কালো হয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টা থেকে শহিদ সাগর চত্বরে আমরণ অনশন শুরু করেন জুলাই আন্দোলনের নেতারা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাদের অনশন চলছিল। এই সময় তারা চত্বরে ব্যানার বিছিয়ে ও ফেস্টুন টানিয়ে প্রতিবাদ জানান। ফেস্টুনে লেখা ছিল, ‘অনশন, সাগর চত্বরে আগুন কেন, প্রশাসন জবাব চাই।’

অনশনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক ও সমন্বয়ক আনোয়ার হোসেন, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব মাজাহারুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব খলিলুর রহমান।

আনোয়ার হোসেন বলেন, "জুলাই আন্দোলনের শহিদদের স্মৃতিবিজড়িত একটি চত্বরও যদি নিরাপদ না থাকে, তাহলে নগরবাসীর নিরাপত্তা কোথায়?" তিনি প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি শহিদ সাগর হত্যার বিচার, চত্বরের নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাত দেড়টার দিকে মাস্ক ও সাদা ক্যাপ পরা কয়েকজন ব্যক্তি চত্বরে এসে টায়ারে আগুন দেন। তাদের শনাক্ত করতে কাছাকাছি একটি দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশের নিয়ন্ত্রণকক্ষের ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করা হবে।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ ও পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিদওয়ান হোসেন, যিনি সাগর। তিনি নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান আসাদ ও রহিমা খাতুনের ছেলে। সাগর ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়েন্দা কেলেঙ্কারিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনভিডিয়ার জেনসেন হুয়াং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


গোয়েন্দা কেলেঙ্কারিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনভিডিয়ার জেনসেন হুয়াং

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং একটি নজিরবিহীন স্ক্যান্ডালের সম্মুখীন হয়েছেন। এক চীনা নারী ব্যবসায়ীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার করার পর মার্কিন গোয়েন্দা মহল এবং প্রযুক্তি জগতে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে যে, ওই নারী বেইজিংয়ের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন এবং এনভিডিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রে চীনের প্রবেশাধিকার নিশ্চিত করার চেষ্টা করছিলেন।

ঘটনার পটভূমি ও হুয়াংয়ের স্বীকারোক্তি

গত অক্টোবরের শেষভাগে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রথমবারের মতো প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াং (হুয়াং লে নামেও পরিচিত) নামের এক চীনা নাগরিক ও ব্যবসায়ী এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে লক্ষ্য করে চিনের হয়ে তথ্য সংগ্রহের কাজ করছিলেন।

শুরুতে এসব যোগাযোগকে সাধারণ ব্যবসায়িক সম্পর্ক হিসেবে দাবি করা হলেও, রবিবারে সহকর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক মেমোতে ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং নিজের অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেন। তিনি বলেন, “আমি স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে পারিনি। আমার আচরণে আমার পরিবার আঘাত পেয়েছে। আমার এই কাজের কোনো অজুহাত হয় না। আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

এনভিডিয়া বোর্ড থেকে জানানো হয়েছে যে, কোম্পানির অভ্যন্তরীণ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো প্রমাণ এখনও মেলেনি। তবে, ঘটনাটির পূর্ণাঙ্গ পর্যালোচনার জন্য একজন স্বাধীন তদন্তকারী এবং বহিরাগত আইনি দল নিয়োগ করা হয়েছে। এই খবরের প্রেক্ষিতে বিশ্ববাজারে এনভিডিয়ার শেয়ারের দাম একরাতেই ৪ শতাংশের বেশি কমে যায়।

কে এই অ্যালিস হুয়াং?

অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’ নামক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠানের সাবেক শীর্ষ কর্মকর্তা। মেগাস্পিড এনভিডিয়ার অন্যতম বৃহৎ ক্রেতা, যারা এনভিডিয়া থেকে প্রায় ৪.৮ বিলিয়ন ডলারের চিপ ও সরঞ্জাম কিনেছে। মার্কিন গোয়েন্দাদের অভিযোগ প্রকাশের পর থেকে অ্যালিস হুয়াং আত্মগোপনে রয়েছেন এবং তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মার্কিন সরকারের প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক রাজনীতি

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বৈশ্বিক আধিপত্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা তুঙ্গে। ওয়াশিংটন ইতিমধ্যেই চীনের কাছে এনভিডিয়ার তৈরি সবচেয়ে শক্তিশালী ব্ল্যাকওয়েল চিপ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এই কেলেঙ্কারি ছড়িয়ে পড়ার পর মার্কিন কংগ্রেসের রিপাবলিকান আইনপ্রণেতারা আগামী ১৮ নভেম্বর জেনসেন হুয়াংকে কংগ্রেসের সামনে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ডেমোক্র্যাটিক দলের প্রভাবশালী সিনেটর এলিজাবেথ ওয়ারেন প্রযুক্তি পাচার রোধে কঠোর আইনের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াংকে একজন "সম্মানিত ব্যক্তি" হিসেবে বর্ণনা করে তাঁর পাশে দাঁড়িয়েছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে একে “চীনের বিরুদ্ধে অপপ্রচার” বলে অভিহিত করেছেন।

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার চিপ যুদ্ধ এবং আন্তর্জাতিক এআই প্রতিযোগিতাকে আরও তীব্র ও জটিল করে তুলবে। সূত্র: আল জাজিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বিচার চায় স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


কাউখালীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বিচার চায় স্থানীয়রা

পিরোজপুরের কাউখালী উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে ১১ বছর বয়সী এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ দায়েরের পরেও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অভিযোগের সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বুধবার বিদ্যালয়ের টিফিনের সময় অন্য শিক্ষক ও কর্মচারীরা অনুপস্থিত থাকার সুযোগে সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল ওই ছাত্রীকে শ্রেণিকক্ষে একা পেয়ে লাইব্রেরিতে নিয়ে যান। এ সময় অন্য শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে খেলাধুলায় ব্যস্ত ছিল। শিশুটির বক্তব্য অনুযায়ী, লাইব্রেরিতে নিয়ে ওই শিক্ষক তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং তাকে জড়িয়ে ধরে আটকে রাখেন। শিশুটি কান্নাকাটি করে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও শিক্ষক তাকে ছাড়েননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে বাইরে কারও পায়ের শব্দ পেয়ে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে শিক্ষক তাকে ছেড়ে দেন।

পরে শিশুটি বাড়িতে ফিরে তার নানিকে ঘটনাটি জানায়। এ ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করছে বলে জানিয়েছে তার পরিবার। ঘটনার দিন বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলেও শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ায় তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক অভিযোগ করা সম্ভব হয়নি। শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় পরবর্তী রোববার (৮ নভেম্বর) শিশুটির মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক লিটন পাল তিন দিনের ছুটিতে রয়েছেন।

এদিকে, অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র পালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার বিরুদ্ধে এর আগেও অভিযোগ হয়েছিল। তা থেকে আমি অব্যাহতি পেয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমার মেয়ে অসুস্থ, এখন ব্যস্ত আছি। পরে আপনার সঙ্গে কথা বলব।" এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক লিটন পালের বিরুদ্ধে এর আগেও বিদ্যালয়ে অনিয়ম, প্রধান শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কুপ্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মা রানী এবং পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন এ বিষয়ে আগে লিখিত অভিযোগ করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে ওই অভিযোগগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। উল্টো অভিযোগকারী প্রধান শিক্ষককে ডেপুটেশনে অন্যত্র পাঠানো হয়েছিল বলেও দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের দাবি, আগের অভিযোগ থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

এ বিষয়ে গ্রিনফোর্স বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল ইসলাম বলেন, অভিযোগে বর্ণিত ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি। এ ধরনের অভিযোগের যথাযথ বিচার না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হবে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, "একজন সরকারি কর্মরত সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি এখনো পুলিশকে অবহিত করা হয়নি। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

অভিযোগের পাঁচ দিন অতিবাহিত হলেও তদন্তের অগ্রগতি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে অভিভাবকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকেরা অভিযোগটি দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিদ্যালয়ে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%