০৬:২৭ পি.এম
পিরোজপুরের কাউখালী উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে ১১ বছর বয়সী এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ দায়েরের পরেও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অভিযোগের সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বুধবার বিদ্যালয়ের টিফিনের সময় অন্য শিক্ষক ও কর্মচারীরা অনুপস্থিত থাকার সুযোগে সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল ওই ছাত্রীকে শ্রেণিকক্ষে একা পেয়ে লাইব্রেরিতে নিয়ে যান। এ সময় অন্য শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে খেলাধুলায় ব্যস্ত ছিল। শিশুটির বক্তব্য অনুযায়ী, লাইব্রেরিতে নিয়ে ওই শিক্ষক তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং তাকে জড়িয়ে ধরে আটকে রাখেন। শিশুটি কান্নাকাটি করে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও শিক্ষক তাকে ছাড়েননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে বাইরে কারও পায়ের শব্দ পেয়ে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে শিক্ষক তাকে ছেড়ে দেন।
পরে শিশুটি বাড়িতে ফিরে তার নানিকে ঘটনাটি জানায়। এ ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করছে বলে জানিয়েছে তার পরিবার। ঘটনার দিন বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলেও শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ায় তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক অভিযোগ করা সম্ভব হয়নি। শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় পরবর্তী রোববার (৮ নভেম্বর) শিশুটির মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক লিটন পাল তিন দিনের ছুটিতে রয়েছেন।
এদিকে, অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র পালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার বিরুদ্ধে এর আগেও অভিযোগ হয়েছিল। তা থেকে আমি অব্যাহতি পেয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমার মেয়ে অসুস্থ, এখন ব্যস্ত আছি। পরে আপনার সঙ্গে কথা বলব।" এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক লিটন পালের বিরুদ্ধে এর আগেও বিদ্যালয়ে অনিয়ম, প্রধান শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কুপ্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মা রানী এবং পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন এ বিষয়ে আগে লিখিত অভিযোগ করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে ওই অভিযোগগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। উল্টো অভিযোগকারী প্রধান শিক্ষককে ডেপুটেশনে অন্যত্র পাঠানো হয়েছিল বলেও দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের দাবি, আগের অভিযোগ থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
এ বিষয়ে গ্রিনফোর্স বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল ইসলাম বলেন, অভিযোগে বর্ণিত ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি। এ ধরনের অভিযোগের যথাযথ বিচার না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হবে।
আরও পড়ুন: শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, "একজন সরকারি কর্মরত সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি এখনো পুলিশকে অবহিত করা হয়নি। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
অভিযোগের পাঁচ দিন অতিবাহিত হলেও তদন্তের অগ্রগতি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে অভিভাবকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকেরা অভিযোগটি দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিদ্যালয়ে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন