প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, গণভোটে জনগণের রায় অস্বীকার এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গড়িমসির ফলে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে সৃষ্ট দূরত্ব দূর করতে হলে জনগণের রায়কে সম্মান করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।"
তিনি বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে অস্ট্রেলিয়া সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ ও জাতীয় ঐক্যের আহ্বানের বিষয়ে জানতে চাইলে জামায়াত আমির বলেন, "জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে একটি অনানুষ্ঠানিক চা-চক্রে অংশ নিয়েছিলেন তিনি।" সেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পরে সংসদে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানান। জামায়াত আমির তার এই আহ্বানকে সম্মান জানান।
তবে তিনি গুরুত্বারোপ করেন যে, এই ঐক্য যেন সাময়িক বা পরিস্থিতিনির্ভর না হয়। তিনি বলেন, "আমরা ক্ষণস্থায়ী বা ট্রানজিশনাল ঐক্য চাই না। আমাদের টেকসই ঐক্যের দিকে যেতে হবে।"
ডা. শফিকুর রহমান চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে দূরত্ব তৈরির কারণ তুলে ধরে বলেন, "গণভোটে জনগণের রায় অস্বীকার করা হচ্ছে।" একই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গড়িমসি এবং সংবিধান সংশোধন পরিষদ গঠন নিয়ে সৃষ্ট জটিলতার কারণেই সংকট তৈরি হয়েছে। এসব বিষয়ে অবস্থান পরিষ্কার করে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
তিনি বলেন, "দেড় যুগ ধরে তাণ্ডব চালানো ফ্যাসিবাদী শক্তি যেন বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ না পায়, তা নিশ্চিত করতে হবে।" রাজনীতি করতে হলে মাফিয়াসুলভ আচরণ পরিহার করে প্রকৃত রাজনৈতিক ধারায় ফিরে আসতে হবে।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে জামায়াত আমির তাকে পলাতক প্রধানমন্ত্রী ও ফ্যাসিবাদের জন্মদাতা হিসেবে আখ্যায়িত করেন। তিনি প্রশ্ন তুলে বলেন, "যখন তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলছিল, তখন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজির হননি, এমনকি আপিলও করেননি। এখন তার কোনো কথা মানুষ কেন বিশ্বাস করবে?"
গোপালগঞ্জে হত্যাকাণ্ড, থানা লুট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, "এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, তা আবারও প্রমাণিত হয়েছে।"
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যে যুবসমাজ ও দেশের আপামর জনগণ তাদের বিদায় করেছিল, তারা এখনো জীবিত আছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন