ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফেনীর সোনাগাজীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষে বাম্পার ফলন


ফেনীর সোনাগাজীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষে বাম্পার ফলন

॥ মোহাম্মদ শাহাদাত হোসেন ॥

ফেনী, ২৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) নতুন জাতের ধান উদ্ভাবনের কাজ করছে, যা ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করবে।

ফেনীর সোনাগাজীতে বিআরআরআই কর্তৃক উদ্ভাবিত আমন মৌসুমের নতুন জাত ব্রি ধান-১০৯-এর ফলন অত্যন্ত ভালো হয়েছে। নমুনা ধান কাটার পর বিঘা প্রতি ২৪ দশমিক ৭৬ মণ ধান সংগ্রহ করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

স্থানীয় কৃষকরা নতুন জাতের এই ধানের ফলনে অত্যন্ত উচ্ছ্বসিত। তারা আগামী মৌসুমে আরও বেশি জমিতে এই ধান চাষের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

দক্ষিণ চর চান্দিয়া এলাকায় পার্টনার প্রকল্প ও বিআরআরআইয়ের উদ্যোগে আয়োজিত মাঠ দিবসে নমুনা ধান কাটার পর এই ফলন পাওয়া যায়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সোনাগাজী আঞ্চলিক কার্যালয় থেকে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার বিভিন্ন ব্লকে এক একর করে মোট ৫৭ একর জমিতে ব্রি-১০৯ জাতের ধান চাষ করা হয়েছে। বর্তমানে এসব জমির ধান কাটা চলছে।

দক্ষিণ চর চান্দিয়া এলাকার কৃষক আবু সায়েদ রুবেল, আব্দুর রাজ্জাক ও নয়ন চন্দ্র দাসের জমিতে এবার প্রথমবারের মতো ব্রি-১০৯ ধান চাষ করা হয়েছে। নমুনা ধান কাটার পর ২০ বর্গমিটার জমিতে ১৪ শতাংশ আর্দ্রতায় শুকনা ১৩ দশমিক ৮৭ কেজি ধান পাওয়া গেছে। এই হিসাব অনুযায়ী, হেক্টর প্রতি ফলন ৬ দশমিক ৯৪ টন এবং বিঘা প্রতি ২৪ দশমিক ৭৬ মণ।

আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ

এমন ফলনে প্রদর্শনী কৃষকসহ মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষক-কৃষাণী সন্তোষ প্রকাশ করেন। তারা আগামী মৌসুমে ব্রি-১০৩ ও ১০৯ জাতের ধান ব্যাপকহারে চাষ করার আগ্রহ প্রকাশ করেন।

কৃষক আবু সায়েদ রুবেল বলেন, ‘আমন মৌসুমে প্রথমবারের মতো নিজের জমিতে ব্রি-১০৯ ধান চাষ করেছি। ধান কাটার পর ফলন দেখে আমরা হতবাক। বিঘায় ২৪ থেকে ২৫ মণ ধান পাওয়া যাচ্ছে। বিআরআরআইয়ের বিজ্ঞানী ও কৃষি অফিসের কর্মকর্তারা আমাদের শুরু থেকেই সহযোগিতা করেছেন। আগামী বছর আরো বেশি জমিতে এই ধান চাষ করব।’

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভুঁইয়া বাসস’কে বলেন, ‘দক্ষিণ চর চান্দিয়া এলাকায় ব্রি-১০৯ জাতের ধানের নমুনা কাটার পর বিঘা প্রতি ২৪ দশমিক ৭৬ মণ ধান পাওয়া গেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

পার্টনার প্রকল্প ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে কৃষকদের কাছে নতুন ও উচ্চফলনশীল জাত পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এই ফলন ধরে রাখতে পারলে এলাকার খাদ্য উৎপাদন ও কৃষকের আয় উভয়ই বৃদ্ধি পাবে।’

আরও পড়ুন: নড়াইলে জনবল সংকটে জেলা হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ফারুক হোসেন খানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মো. ইকরামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভুঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মোছা. সানিয়া তামান্না, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা আশ্রাফ হোসেন পাটোয়ারী।

সভায় বক্তব্য রাখেন কৃষি উদ্যোক্তা আবু সায়েদ রুবেল ও জগন্নাথ চন্দ্র দাস।

মাঠ দিবসে বৈজ্ঞানিক কর্মকর্তারা নতুন উদ্ভাবিত ব্রি-১০৩ জাতের ধানের গুণাগুণ ও বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ব্রি-১০৩ ধান একটি উচ্চফলনশীল রোপা আমন জাত। এই জাতের আয়ুষ্কাল গড়ে ১৩২ দিন (প্রায় ১২৮-১৩৩ দিন)। এর গড় ফলন হেক্টর প্রতি প্রায় ৬ দশমিক ২ টন হয়।

আরও পড়ুন: নওগাঁর মাতাজীহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার হত্যার অভিযোগ করেছে

উপযুক্ত পরিচর্যাও অনুকূল পরিবেশে এই জাত থেকে হেক্টর প্রতি ৮ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ধানের দানা লম্বা ও চিকন হওয়ায় চালের বাজার মূল্য পাওয়ার ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে। জাতটির বীজতলা বপনের উপযুক্ত সময় ১৫ জুন থেকে ৭ জুলাই। ২৫-৩০ দিন বয়সী চারা সাধারণত ৭ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে রোপণ করতে হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবরাজের ফোনে বৈভবের ব্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


যুবরাজের ফোনে বৈভবের ব্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড

বৈভব সূর্যবংশী তার ‘আইডল’ যুবরাজ সিংয়ের সঙ্গে আধঘণ্টার ফোনালাপের জন্য লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ার কৃতিত্ব দেন। ১৫ বছর বয়সী এই ব্যাটিং বিস্ময় দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রান করেছেন। তার ইনিংসে ছিল ২৮টি ছক্কা।

সূর্যবংশী সম্প্রতি নিজের ফর্ম নিয়ে উদ্বিগ্ন ছিলেন। যুবরাজের সঙ্গে কথা বলার সময় তিনি কিছু টেকনিক্যাল পরামর্শ পেয়েছেন। এই পরামর্শগুলো তার ব্যাটিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে বলে জানান তিনি।

বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যবংশী বলেন, ‘গতকাল আমি চারজনের সঙ্গে কথা বলেছিলাম... মাত্র চারজনের সঙ্গে। একজন অবশ্যই আমার বাবা। একজন আমার শৈশবের কোচ মনীশ ওঝা। আরেকজন আমার বন্ধু, অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে যে আমার সঙ্গে আছে, প্রথম জাচক। চতুর্থজন যুবরাজ স্যার। তার সঙ্গে প্রায় আধঘণ্টা কথা বলেছি। ব্যাটিং নিয়ে তিনি আমাকে অনেক কিছু বলেছেন।’

সূর্যবংশী যুবরাজের সঙ্গে তার সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি বলেন, ‘আমি খুব চিন্তিত ছিলাম। তাকে খোলাখুলিভাবে বলেছিলাম, ব্যাট করতে নামলে কী কী সমস্যায় পড়ছি। তিনি আধঘণ্টা ধরে খুব সুন্দরভাবে সব বুঝিয়ে দিয়েছেন। বলেছেন, আমি যদি ২০টি বল খেলতে পারি, তাহলে স্কোরটা অন্য রকম হবে। আরও অনেক কারিগরি বিষয় নিয়ে কথা বলেছেন, যা আজ আমাকে দারুণ সাহায্য করেছে।’

দোহায় চলতি টুর্নামেন্টে সূর্যবংশী প্রথম দুই ম্যাচে নেপালের বিপক্ষে ২৬ এবং পাকিস্তান ‘এ’-এর বিপক্ষে ১১ রান করেছিলেন। এর আগে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহারের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে করেছিলেন ১৮ রান।

টানা রান না পাওয়ায় মানসিকভাবে কিছুটা বিচলিত হয়ে পড়েছিলেন তিনি। সূর্যবংশী বলেন, ‘এটা সহজ ছিল না। এখানে প্রথম দুই ম্যাচে, এমনকি তার আগে ঘরোয়া ক্রিকেটের এক-দুই ম্যাচেও রান করতে পারিনি। তাই মাথায় নানা চিন্তা আসছিল, কী হচ্ছে বুঝতে পারছিলাম না। কিন্তু যুবরাজ স্যারের সঙ্গে কথা বলেছি।’

যুবরাজকে নিজের আদর্শ উল্লেখ করে সূর্যবংশী বলেন, ‘তিনি আমার আইডল। নিজের আইডলের সঙ্গে কথা বললে স্বাভাবিকভাবেই সবকিছু মনোযোগ দিয়ে শোনা হয়। আমিও তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি। তিনি একেকটি বিষয় ধরে বুঝিয়েছেন। পরে নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখেও বুঝতে পেরেছি, কোথায় ভুল করছিলাম। আজ সেই ভুলগুলো না করার চেষ্টা করেছি। তার বলা এক-দুটি বিষয় কাজে লাগিয়েছি, তাতেই অনেক সাহায্য পেয়েছি।’

ম্যাচের আগে লম্বা সময় ব্যাট করার পরিকল্পনা ছিল সূর্যবংশীর। আগের দুই ম্যাচেও একই চেষ্টা করেছিলেন তিনি। তবে উইকেটের আচরণ বুঝে নিজের খেলার ধরন বদলে নেন।

সূর্যবংশী বলেন, ‘আইপিএল শেষ হওয়ার পর আহমেদাবাদে এক সাক্ষাৎকারে বলেছিলাম, আমি তিন ফরম্যাটেই খেলতে পারি এবং পরিস্থিতি অনুযায়ী নিজের খেলার ধরন বদলাতে পারি। নিজের খেলায় আমার সেই নিয়ন্ত্রণ আছে। আগের দুই ম্যাচে একইভাবে খেলার চেষ্টা করছিলাম। দীর্ঘ ফরম্যাট হলে ম্যাচও দীর্ঘ হবে, তাই বেশি সময় ব্যাট করার চেষ্টা করছিলাম। আজও একই মানসিকতা নিয়ে মাঠে গিয়েছিলাম, উইকেট কেমন সেটা দেখতে। কয়েকটি বল খেলে বুঝলাম, উইকেট থেকে খুব বেশি সহায়তা পাওয়া যাচ্ছে না। বল সুন্দরভাবে ব্যাটে আসছিল। তাই নিজের স্বাভাবিক খেলাটা খেলেছি এবং নিজের শক্তির ওপর ভরসা রেখেছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসের দায় বনাম গণতান্ত্রিক ভবিষ্যৎ: বাংলাদেশের রাজনীতিতে সন্ধিক্ষণের টানাপোড়েন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


ইতিহাসের দায় বনাম গণতান্ত্রিক ভবিষ্যৎ: বাংলাদেশের রাজনীতিতে সন্ধিক্ষণের টানাপোড়েন

বাংলাদেশের রাজনীতি বর্তমানে একটি গভীর সন্ধিক্ষণে অবস্থান করছে। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম, ১৯৭৫ সালের বাকশাল, পরবর্তী দশকের বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন এবং সাম্প্রতিক সময়ের গণ-অভ্যুত্থান—এই সব ঘটনাগুলো রাষ্ট্র ও সমাজব্যবস্থায় একটি তীব্র আদর্শিক ও বাস্তববাদী টানাপড়েন সৃষ্টি করেছে। একদিকে ঐতিহাসিক অবদান এবং পুরোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা, অন্যদিকে গণতন্ত্র, সার্বভৌমত্ব, নাগরিক অধিকার ও সহিংসতামুক্ত সমাজ গড়ার আকাঙ্ক্ষা রয়েছে।

রাজনীতির মাঠে একটি বড় বিতর্ক হলো—কোনো দলের ঐতিহাসিক ভূমিকা কি বর্তমান বা ভবিষ্যতের যেকোনো রাজনৈতিক সংকট থেকে স্থায়ী সুরক্ষা প্রদান করতে পারে? সম্প্রতি প্রচারিত একটি টকশো ক্লিপে রুমিন ফারহানা মন্তব্য করেছেন যে, বাংলাদেশ ভূখণ্ড এবং 'বাংলাদেশি' পরিচয়ের পেছনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার বাস্তবতা, তা ভালো লাগুক বা না লাগুক, পরিবর্তিত হবে না। তাই তার কন্যার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সন্দিহান হওয়াকে তিনি 'হাস্যকর' বলে অভিহিত করেছেন।

অন্যদিকে, সমালোচক ও ক্ষুব্ধ অংশের যুক্তি হলো, ইতিহাসে কেবল প্রতিষ্ঠাকালীন ভূমিকা বা প্রাচীনত্বের ভিত্তিতে কোনো দল চিরকাল প্রাসঙ্গিক থাকতে পারে না। ১৯৪৭ সালের দেশভাগের পর কংগ্রেস কিংবা ১৯৭১ সালের স্বাধীনতার পর মুসলিম লীগের মতো দলগুলো যেমন সময়ের বিবর্তনে প্রাসঙ্গিকতা হারিয়েছে, তেমনি সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর পুরোনো রাজনৈতিক সমীকরণও নতুন প্রশ্নের মুখোমুখি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে এ নিয়ে বরাবরই আলোচনা হয় যে, বড় কোনো গণ-অভ্যুত্থানের পর কোনো দল বা আদর্শকে কেবল ঘোষণা বা নিষেধাজ্ঞার মাধ্যমে ইতিহাস থেকে মুছে ফেলা যায় কি না, নাকি তা রাজনৈতিক বাস্তবতা ও জনসমর্থনের পরিবর্তনের মধ্য দিয়ে নির্ধারিত হয়।

গণতন্ত্র, একদলীয় শাসন ও সার্বভৌমত্ব

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, ১৯৭৫ সালের বাকশাল এবং পরবর্তীতে দীর্ঘ সময়ের শাসনব্যবস্থায় নির্বাচনি ব্যবস্থা ও গণতান্ত্রিক চর্চার সংকট নিয়ে তীব্র সমালোচনা রয়েছে। এক পক্ষ মনে করে, একদলীয় বা কর্তৃত্ববাদী প্রবণতা গণতন্ত্র ও রাষ্ট্রের সার্বভৌমত্বের পরিপন্থি। তাই গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে কর্তৃত্ববাদী বা ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটানো জরুরি।

আবার অন্য একটি দৃষ্টিভঙ্গি অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব, পররাষ্ট্রনীতি এবং অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আকাঙ্ক্ষা আজ সাধারণ মানুষের প্রধান দাবি হয়ে উঠেছে। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, টেকসই গণতন্ত্রের জন্য কেবল একটি নির্দিষ্ট পক্ষের অনুপস্থিতিই যথেষ্ট নয়—বরং প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহিমূলক নির্বাচন ব্যবস্থা এবং বিরোধী মতের সহনশীলতা নিশ্চিত করাটাই দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার মূল চাবিকাঠি।

রাষ্ট্রীয় বয়কট বনাম নাগরিক অধিকার ও আইনের শাসন

রাজনৈতিক ক্ষোভের জায়গা থেকে একটি মত এমনও রয়েছে যে, প্রাণহানি না ঘটিয়ে রাষ্ট্রীয় পদক্ষেপ বা বয়কটের মাধ্যমে একটি গোষ্ঠীকে শিক্ষা, চিকিৎসা, চাকরি, ব্যবসা বা পাসপোর্টের মতো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে দূরে রেখে দুর্বল করে দেওয়া উচিত। অতীতে ঐতিহাসিক প্রেক্ষাপটে কোনো জনগোষ্ঠীর রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ না করার ফলে পিছিয়ে পড়ার উদাহরণ তুলে ধরা হয়।

তবে আধুনিক রাষ্ট্রচিন্তা ও আইনের শাসনের দৃষ্টিতে এই পন্থা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। শিক্ষা, চিকিৎসা বা নাগরিক পরিচয়ের মতো মৌলিক বিষয়গুলোকে রাজনৈতিক পরিচয়ের সাথে যুক্ত করলে তা সমাজে দীর্ঘস্থায়ী বিভাজন, প্রতিশোধস্পৃহা এবং আইনের শাসনের দুর্বলতা তৈরি করতে পারে। বিশ্লেষকরা সতর্ক করেন যে, মানবাধিকার লঙ্ঘন বা যেকোনো অপরাধের বিচার ও জবাবদিহিতা আবেগ বা রাষ্ট্রীয় বয়কটের বদলে স্বচ্ছ আইনি কাঠামোর মাধ্যমে হওয়া উচিত।

সহিংসতা ও জানমালের নিরাপত্তা

রাজনৈতিক মতাদর্শ বা ক্ষোভ যাই হোক না কেন, ঘরবাড়ি পোড়ানো, ভাঙচুর কিংবা মানুষ খুনের মতো সহিংসতা যেকোনো পরিস্থিতিতেই অগ্রহণযোগ্য। একটি প্রাণ বা মানুষের জানমালের নিরাপত্তা কোনো বস্তুগত ক্ষতির সাথে তুলনীয় নয়। রাজনৈতিক পালাবদল বা অস্থিরতার সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হলে তার প্রভাব পুরো সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতার ওপর পড়ে।

সব মিলিয়ে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইতিহাসের স্মৃতি, গণতন্ত্রের পুনর্গঠন, আইনের শাসন এবং সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নগুলো একে অপরের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। ভবিষ্যতের স্থিতিশীল পথ নির্ধারণে এই বিষয়গুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

লেখক : চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলা, মারধর ও গুলি ছোড়ার অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন আয়োজন করেছেন দলের নেতাকর্মীরা। অভিযুক্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে এ সময় থানাঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

বুধবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে এনসিপি, জাতীয় যুবশক্তি এবং জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন এনসিপি মাদারীপুর জেলা শাখার প্রচার সম্পাদক ইকতিয়ার আহম্মেদ, যুগ্ম সদস্যসচিব লায়ন আহমেদ আলমগীর, জাতীয় যুবশক্তি মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক রিশাদ রাব্বি, মাদারীপুর সদর উপজেলা এনসিপির আহ্বায়ক শাহারিয়ার মনির এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির মাহামুদ।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে শিবচর উপজেলার মুন্সীর বাজারের কাছে ঢাকা-নাওডোবা জাতীয় মহাসড়কের পাশে ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২১ নভেম্বর শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

লিখিত অভিযোগে রোমান উল্লেখ করেন, শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরী, চাচাতো ভাই তাপু চৌধুরী এবং শিবচর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইদুর ব্যাপারীসহ ২৫ থেকে ৩০ জন তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, তাপু চৌধুরী পিস্তল দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে তিনি সরে যাওয়ায় গুলি তাঁর শরীরে লাগেনি। পরে হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ২১ নভেম্বর মাদারীপুর জেলা এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হামলার বিচার ও দ্রুত মামলা গ্রহণের দাবি জানিয়েছিল দলটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কোরআনে যে শান্তি পেয়েছি, আর কোথাও পাইনি’: শেহেরিয়ার মুনাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


‘কোরআনে যে শান্তি পেয়েছি, আর কোথাও পাইনি’: শেহেরিয়ার মুনাওয়ার

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার। তিনি পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তবে, পর্দার বাইরের জীবনে তাঁর রয়েছে এক ভিন্ন অধ্যায়। জীবনের কঠিন সময়গুলোতে পবিত্র কোরআন পাঠ এবং তা নিয়ে ভাবনার মাধ্যমে মানসিক প্রশান্তি খুঁজে পেয়েছেন এই অভিনেতা। সম্প্রতি, নিজের আধ্যাত্মিক যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

নিজের উপলব্ধির কথা জানিয়ে শেহেরিয়ার বলেন, “পবিত্র কোরআনে যে শান্তি আমি খুঁজে পেয়েছি, তা আর কোথাও পাইনি। জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস জুগিয়েছে পবিত্র কোরআন। কঠিন সময়ে এটি আমাকে সমর্থন দিয়েছে।”

অভিনেতার এই বক্তব্যে উঠে এসেছে বিনোদনজগতের চাকচিক্যের আড়ালে থাকা তাঁর ব্যক্তিগত ও আত্মিক জীবনের এক ভিন্ন দিক। শেহেরিয়ার জানান, জীবনের নানা ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় ধর্মীয় বিশ্বাসের কাছে ফিরে যাওয়া তাঁকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছে। একই সঙ্গে, কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পেয়েছেন স্বচ্ছতা ও স্থিরতা।

পবিত্র ধর্মগ্রন্থের সঙ্গে নিজের সংযোগের কথা প্রকাশ্যে জানিয়ে শেহেরিয়ার আরও বুঝিয়েছেন, আত্মিক প্রশান্তি মানুষের মানসিক শক্তির অন্যতম উৎস হতে পারে। জীবনের প্রতিকূল সময়ে কোরআন তাঁকে যে সাহস ও স্থিরতা দিয়েছে, সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন অভিনেতা। তাঁর এই উপলব্ধি কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া অনেক মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%