০৪:৫৬ পি.এম
দুই বছর বিরতির পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবারও বাংলাদেশের সিনেমা স্থান করে নিয়েছে। নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ উৎসবের ৩২তম আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। যদিও সিনেমাটি নির্বাচিত হয়েছে, তবে উৎসবের তালিকায় বাংলাদেশের পরিবর্তে এটি ফ্রান্সের সিনেমা হিসেবে উল্লেখ করা হয়েছে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসর আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে। আট দিনব্যাপী এ আয়োজন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ১৫টি সিনেমার সঙ্গে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রতিদ্বন্দ্বিতা করবে। এটি এই বিভাগে নির্বাচিত একমাত্র বাংলা ভাষার সিনেমা।
২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার অংশগ্রহণ বন্ধ হয়ে যায়। টানা দুই বছর ধরে উৎসবের তালিকায় বাংলাদেশের কোনো চলচ্চিত্র স্থান পায়নি। এমনকি উৎসবের বিভিন্ন সেশন ও কর্মশালায়ও বাংলাদেশের অতিথিদের দেখা যায়নি। ওই সময় রাজনৈতিক পরিস্থিতি ও ভিসা জটিলতার কথা উল্লেখ করেছিলেন উৎসবের তৎকালীন চেয়ারম্যান গৌতম ঘোষ।
আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা
এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবে নিয়মিতভাবে বাংলাদেশের সিনেমা অংশগ্রহণ করেছে। ২০২১ সালে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘নোনা জলের কাব্য’ এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার পেয়েছিল। ২০২২ সালে মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়। ২০২৩ সালে বাংলাদেশ থেকে তিনটি সিনেমা প্রদর্শিত হয়েছিল উৎসবে।
এবার রুবাইয়াত হোসেনের সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র আবার কলকাতার দর্শকদের সামনে আসছে। তবে সিনেমাটি ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকদের সঙ্গে যৌথভাবে নির্মিত হওয়ায় উৎসবের তালিকায় এটি ফ্রান্সের সিনেমা হিসেবে পরিচিতি লাভ করেছে।
কলকাতা উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় নির্মাতা রুবাইয়াত হোসেন উচ্ছ্বাস প্রকাশ করেছেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "কলকাতা তার হৃদয়ের খুব কাছের শহর। ১৯৪৭ সালের দেশভাগে সেখানে তাদের দাদার বাড়ি হারিয়ে যায়। এ ছাড়া তাদের সুফি তরিকার সাধকদের সঙ্গেও শহরটির সম্পর্ক রয়েছে। ছোটবেলা থেকেই কলকাতাকে তিনি পবিত্র শহর হিসেবে দেখেছেন।"
আরও পড়ুন: জিটিএ ৬-এ বাজছে রূপা বিশ্বাসের বাংলা গান
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন