ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাঙামাটিতে সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোলাগুলি


রাঙামাটিতে সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, শনিবার সকাল থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা চলতে থাকে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালাচ্ছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। তবে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনার সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। তবে ঘণ্টা খানেক ধরে কোন গুলির শব্দ পাওয়া যায়নি। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।’

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডোপ টেস্টে শেভচেঙ্কোকে 'মিথ্যেবাদী' বললেন মিখাইলো মুদ্রিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


ডোপ টেস্টে শেভচেঙ্কোকে

নিষিদ্ধ মাদক মেলডোনিয়াম গ্রহণের অভিযোগে ইউক্রেনের ফুটবল কিংবদন্তি আন্দ্রি শেভচেঙ্কোর ডোপ টেস্টে পজিটিভ হওয়ার ঘটনায় সরাসরি মিথ্যাচারের অভিযোগ তুলেছেন মিখাইলো মুদ্রিক। চলমান বিরোধের মাঝে ইউক্রেন ফুটবল অ্যাসোসিয়েশনের (ইউএএফ) সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে এই বিতর্কটি।

চেলসি থেকে ধারে টটেনহ্যাম হটস্পারে খেলছেন ইউক্রেনের এই উইঙ্গার। ২০২৪ সালের নভেম্বরে নিষিদ্ধ পদার্থ মেলডোনিয়ামের উপস্থিতি ধরা পড়ার পর ২০২৬ সালের জুলাই পর্যন্ত নিষিদ্ধ ছিলেন তিনি। মুদ্রিকের বক্তব্য, জাতীয় দলের দায়িত্ব পালনকালে ইউএএফের সরবরাহ করা কোনো পণ্যের মাধ্যমে তাঁর শরীরে নিষিদ্ধ পদার্থটি প্রবেশ করতে পারে।

বুধবার এক সাক্ষাৎকারে ইউক্রেন ফুটবল অ্যাসোসিয়েশনকে নিজের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার জন্য দায়ী করেন মুদ্রিক। এর জবাবে ইউএএফ সভাপতি শেভচেঙ্কো অভিযোগ করেন, মুদ্রিকের প্রতিনিধিরা বারবার ফেডারেশনের এক কর্মীকে তাঁর ব্যর্থ ডোপ পরীক্ষার দায় নিতে ‘মিথ্যাভাবে’ অনুরোধ করেছিলেন। সাবেক চেলসি ও এসি মিলান স্ট্রাইকার মুদ্রিকের বক্তব্যকে ভিত্তিহীন অপবাদ বলেও অভিহিত করেন এবং মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

শুক্রবার এক বিবৃতিতে শেভচেঙ্কোর অভিযোগ সরাসরি অস্বীকার করেন মুদ্রিক। তিনি বলেন, এমন দাবি ‘মিথ্যা’; তিনি কিংবা তাঁর প্রতিনিধিরা কখনোই কোনো কর্মীকে দায় নিতে বলেননি।

মুদ্রিকের দাবি, ডোপ পরীক্ষায় নিষিদ্ধ পদার্থ কীভাবে তাঁর শরীরে প্রবেশ করেছিল, তা জানতে তাঁর দল বারবার ইউএএফের সহযোগিতা চেয়েছিল। আইনজীবীরা ফেডারেশনকে পাঠানো একাধিক চিঠিতে প্রকৃত, যাচাইযোগ্য ও নির্ভরযোগ্য তথ্য চেয়েছিলেন। তাঁর ভাষ্য, গণমাধ্যমে ফাঁস হওয়া একটি চিঠিতেও আইনজীবীদের সেই অবস্থান স্পষ্ট হয়েছে।

এছাড়া, ইউএএফের বিরুদ্ধে তদন্তে বিভ্রান্তি তৈরির চেষ্টার অভিযোগও তুলেছেন মুদ্রিক। তাঁর দাবি, শুনানিতে ফেডারেশনের কর্মকর্তারা বলেছিলেন, তিনি ইউএএফের সরবরাহ করা সাপ্লিমেন্ট ব্যবহার করতেন না। শেভচেঙ্কোও তাঁর বক্তব্যে একই দাবি পুনরাবৃত্তি করেছেন।

তবে মুদ্রিকের দাবি, জাতীয় দলের ক্যাম্পে ইউএএফের পণ্য ব্যবহার করার প্রমাণ হিসেবে তাঁর কাছে হোয়াটসঅ্যাপ বার্তা রয়েছে। এসব বার্তা দিয়ে ফেডারেশনের বক্তব্য ভুল প্রমাণ করা সম্ভব বলেও দাবি করেছেন তিনি।

মুদ্রিক আরও অভিযোগ করেন, তাঁর আইনজীবীদের বিভিন্ন অনুরোধের জবাব দিতে ইউএএফ বারবার অযথা দেরি করেছে এবং গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সরবরাহ করেনি।

তবে মুদ্রিকের অভিযোগ কিংবা তাঁর উল্লেখ করা হোয়াটসঅ্যাপ বার্তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়েছে—এমন তথ্য প্রতিবেদনে নেই। ফলে ডোপিং বিতর্কে ঠিক কীভাবে মেলডোনিয়াম তাঁর শরীরে প্রবেশ করেছিল, তা এখনো অমীমাংসিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক সুজন মিয়ার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক সুজন মিয়ার মৃত্যু

বগুড়া, ২১ নভেম্বর, ২০২৬ : জেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু ঘটে গতকাল শুক্রবার রাতে।

গতকাল রাত ১১টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত যুবক সুজন মিয়া জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আব্দুল আলিমের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুনট থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বলতলী যাওয়ার পথে গোপীনাথপুর মোড়ে একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সারওয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সুজনকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগ নিষিদ্ধে সরকার ও বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


আ. লীগ নিষিদ্ধে সরকার ও বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, তাহলে সরকার ও বিরোধীদল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত গ্রহণ করবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তার ভাইদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম দুটির উদ্বোধন করেন।

মীর শাহে আলম বলেন, "পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশে তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না।"

তিনি উল্লেখ করেন, ২৪ জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তার স্মৃতি ধরে রাখা, মানুষের হৃদয়ে অম্লান রাখা এবং জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটির নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়াম দুটি উদ্বোধন করা হলো।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মীর শাহে আলম বলেন, "বাংলাদেশকে নতুন করে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র যারা করছে, তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, দীর্ঘ আন্দোলনের পর এ দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। এই বাংলাদেশ আর কারও তাবেদারি করবে না। দেশের জনগণ, স্বাধীনতা ও লাল-সবুজের পতাকার পক্ষে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সবকিছু করা হবে।"

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রতিমন্ত্রী বলেন, "গত জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে আপনারা লক্ষ্য করেছেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের দুই-একটি জায়গায় পেট্রল বোমা মেরে, থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। তারা ভেবেছে, এভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো শহীদদের আত্মত্যাগকে বিসর্জন দিয়ে নতুন করে কিছু একটা করতে পারবে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না।"

তিনি আরও বলেন, "বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এ কারণে আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। মানবিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করা হয়েছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।"

থানা ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে মীর শাহে আলম বলেন, "কোনো জেলার মানুষ যদি মনে করে তাদের সেখানে থানার প্রয়োজন নেই, তাহলে সরকার সেখানে থানা রাখবে না। একইভাবে কোনো জেলার মানুষ যদি মনে করে সেখানে সরকারি অফিস, আদালত ও উন্নয়ন প্রয়োজন নেই, তাহলে সরকার সেগুলোও করবে না। জনগণ কি চায়, তার ওপরই এসব নির্ভর করবে।"

আওয়ামী লীগের নিষিদ্ধের যৌক্তিকতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, "সারা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অগ্নিসংযোগ, গাড়িতে আগুন, বিভিন্ন স্থানে বোমা হামলা, হত্যাযজ্ঞ ও গুমের মাধ্যমে দলটি অতীতে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা আবারও নিজেদের সন্ত্রাসী চরিত্র প্রমাণ করেছে। আন্তর্জাতিক পর্যায়েও সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে।"

তিনি আরো বলেন, "বিগত অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক ছিল বলে প্রমাণিত হয়েছে। এখন নতুন করে বিষয়টি ভাবার সময় এসেছে। সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলছে, সেখানে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হলে বর্তমান সরকার ও বিরোধীদল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে।"

রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "এ অঞ্চলের মানুষের জন্য আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রয়োজন। জনবহুল রাষ্ট্র হিসেবে সব এলাকার মানুষের সমান অধিকার রয়েছে। কোনো এলাকায় আন্তর্জাতিক মানের খেলার আয়োজন যেমন গৌরবের, তেমনি সেই এলাকার দর্শকদেরও আন্তর্জাতিক খেলা উপভোগ করার অধিকার রয়েছে।"

তিনি জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারের জন্য ইতোমধ্যে ৫৪ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ ছাড়া স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের উপযোগী করতে আরো যেসব উন্নয়ন প্রয়োজন, সেগুলোও করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, "দুর্গাপূজার সময় প্রধানমন্ত্রী রংপুর সফরে এসে দেশের সব অঞ্চলের সমউন্নয়নের কথা বলেছেন। এরই ধারাবাহিকতায় রংপুর সিটি করপোরেশনের সংস্কার ও অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।"

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন এ অঞ্চলের আরো ব্যাপক উন্নয়নের জন্য নতুন কর্মসূচি বা ডিপিপি প্রণয়ন করে জমা দিলে সেগুলো বাস্তবায়নের জন্য অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, "বৃহত্তর রংপুর অঞ্চলের সব জেলার উন্নয়নের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শুধু রংপুর জেলার উন্নয়নের জন্য সাড়ে ৫০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এ ছাড়া গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার জন্য পৃথকভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।"

উত্তরাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন, দ্বিতীয় যমুনা সেতু কোথায় নির্মাণ করা হলে রংপুর বিভাগের মানুষ ও এ অঞ্চলের বাসিন্দারা বেশি সুবিধা পাবেন, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ জন্য দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাই করতে সেতু মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইন জুয়া চক্রের তদন্তে পুলিশের নাটকীয়তা ও গ্রেফতারের কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


অনলাইন জুয়া চক্রের তদন্তে পুলিশের নাটকীয়তা ও গ্রেফতারের কাণ্ড

পুলিশকে মোটা অংকের টাকা প্রদান করে অপরাধী নিজেই গ্রেফতার হন। তদন্তের নাটক এবং জামিন মঞ্জুরের ক্ষেত্রে কাজ করেন তদন্তকারী কর্মকর্তা। সময় সংবাদের অনুসন্ধানে প্রকাশ পেয়েছে যশোর জেলা পুলিশের অনলাইন জুয়া চক্র নিয়ে এমন তুঘলকি কাণ্ড।

অপরাধ বিশেষজ্ঞদের মতে, যখন রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন অপরাধ দমন করা সম্ভব হয় না।

এক হাতে প্রতিরোধ, অন্য হাতে রক্ষা

পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন। একদিকে তিনি গ্রেফতার দেখিয়ে জুয়া চক্রের ৪ সদস্যকে আদালতে তুলছেন, অন্যদিকে তাদের জামিন ও রিমান্ড ঠেকানোর জন্য আইনজীবীও ঠিক করছেন নিজেই। সময় সংবাদে আসা একাধিক অডিওতে এই বিষয়ের প্রমাণ পাওয়া গেছে।

শুধু জামিনই নয়, গ্রেফতার হতে মামুনকে লাখ লাখ টাকা প্রদান করে জুয়া চক্রের সদস্যরা। তবে কেনো? আর কিসের নির্দেশে মামুন কাজ করছেন? অনুসন্ধানে মাঠে নামে সময় সংবাদ।

মামুনের নাটকীয় গ্রেফতারের অন্যতম আসামি তুষার ও তাপসকে ধরতে ওইদিনই যশোরে অভিযান চালায় ঢাকার ডিবি সাইবার দক্ষিণ।

মামলায় উল্লেখ করা হয়েছে, সেদিন রাতে দেশের অনলাইন জুয়া চক্রের অন্যতম হোতা সাগর সিকদার মাদারীপুর থেকে ডিবির হাতে গ্রেফতার হন। তবে ভিপিএন ও প্রক্সি সাইটের নিয়ন্ত্রণ ডিভাইস ছিলো যশোরে তুষার ও তাপসের কাছে। তাই যশোর জেলা পুলিশকে অবহিত করে ডিবি যশোরের উদ্দেশ্যে রওনা করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%