প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসরাইলে নতুন সরকার গঠনের জন্য বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আগামী সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে সরকার গঠনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করার পরিকল্পনা করছেন। এ তথ্য ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালার একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি চলতি সপ্তাহের শেষ নাগাদ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং কট্টরপন্থি অর্থোডক্স দলগুলোর সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা সম্পন্ন করতে চায়।
যদিও এসব আলোচনা ব্যর্থ হলে আইজেনকোট সরকার গঠনের উদ্যোগ থেকে সরে আসবেন না। তিনি আরব দলগুলোর বাইরের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনা করছেন। এ জন্য তিনি প্রেসিডেন্টের কাছে সরকার গঠনের সময়সীমা বাড়ানোর আবেদনও করবেন না বলে ওয়ালার জানিয়েছে।
গত ৮ নভেম্বর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেয়া হয় এবং এজন্য তাকে ২৮ দিনের সময়সীমা দেয়া হয়েছে প্রেসিডেন্ট হারজগের পক্ষ থেকে। এই সময়সীমা আগামী ৬ ডিসেম্বর শেষ হবে। প্রয়োজনে আরও ১৪ দিনের সময় বাড়ানোর সুযোগ রয়েছে।
তবে ইসরাইলের মৌলিক আইন অনুযায়ী, সরকার গঠনের বিষয়টি প্রেসিডেন্টকে জানালে নতুন সরকার দায়িত্ব নিতে পারে না। প্রস্তাবিত মন্ত্রিসভা, সরকারের কর্মসূচি এবং মন্ত্রীদের দায়িত্ব বণ্টনের বিষয়গুলো নেসেটে উপস্থাপন করতে হবে। এরপর সাত দিনের মধ্যে পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হতে হবে।
নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ আইজেনকোট। ওয়ালার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। লিকুদ ও কট্টরপন্থি অর্থোডক্স দলগুলোর সঙ্গে আলোচনা সফল না হলেও তিনি বিকল্প পথে এগোতে চান।
এদিকে, সরকার গঠনের আলোচনা বিলম্বিত হওয়ার পেছনে তার দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্রের অবস্থানও ভূমিকা রাখছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চান, লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা আগে যাচাই করা হোক।
অন্যদিকে, ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান সরকার গঠনের জোটে কট্টরপন্থি অর্থোডক্স দলগুলোকে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখতে চান।
ওয়ালার ভাষ্য অনুযায়ী, আইজেনকোটের শিবির চলতি সপ্তাহের শেষ নাগাদ দুই পথেই আলোচনা শেষ করতে চায়। এরপর আগামী সপ্তাহের শুরুতে প্রেসিডেন্টকে সরকার গঠনে সফল হওয়ার বিষয়টি জানানো হতে পারে। অপ্রয়োজনীয়ভাবে আলোচনা দীর্ঘায়িত করা কিংবা সময় বাড়ানোর আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছে আইজেনকোটের পরিবর্তনপন্থি জোট।
লিকুদ ও অর্থোডক্স দলগুলোর সঙ্গে আলোচনা ব্যর্থ হলে আইজেনকোট পরিবর্তনপন্থি জোটের দলগুলোকে নিয়ে সংখ্যালঘু সরকার গঠন করতে চান। এ ক্ষেত্রে নেসেটে আস্থা ভোটে আরব দলগুলোর আইনপ্রণেতাদের বাইরের সমর্থনের ওপর নির্ভর করবেন তিনি।
আইজেনকোটের জোটে রয়েছে তার ইয়াশার পার্টি, বেনেটের টুগেদার পার্টি, লিবারম্যানের ইসরায়েল বেইতেনু এবং ইয়ার গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি। ১২০ আসনের নেসেটে এই চার দলের আসনসংখ্যা ৪৮।
অন্যদিকে, ফিলিস্তিনি আরব দল জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট বা রা'আমের আসনসংখ্যা ১৯। দল দুটির আইনপ্রণেতারা আইজেনকোটের সরকারকে সমর্থন দিলে নেসেটে তার পক্ষে ৬৭ সদস্যের সমর্থন পাওয়া সম্ভব।
নির্বাচনী প্রচারে আরব দলগুলোর ওপর নির্ভর না করার প্রতিশ্রুতি দেন আইজেনকোট। তবে ওয়ালার প্রতিবেদনে বলা হয়েছে, আরব দলগুলো সরকারে সরাসরি অংশ না নিলে এবং মন্ত্রিসভার সদস্য না হলে তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা হয়েছে বলে মনে করবেন।
প্রতিবেদনে বলা হয়, আরব আইনপ্রণেতারা যদি সরকার গঠনের পক্ষে ভোট দেন, তাহলে সেটাকে তাদের নিজস্ব সিদ্ধান্ত হিসেবে তুলে ধরবেন আইজেনকট।
জয়েন্ট লিস্ট ইতিমধ্যে নেতানিয়াহুর সরকার পরিবর্তনে সহযোগিতার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে রা'আম নেতা মনসুর আব্বাস দলের সদস্যদের আশ্বস্ত করে বলেছেন, মতপার্থক্য দূর করে একটি স্থিতিশীল সরকার গঠন সম্ভব।
আরব দলগুলোর মূল লক্ষ্য নেতানিয়াহুকে আবারও সরকার গঠন থেকে বিরত রাখা। পাশাপাশি নতুন নির্বাচন ঠেকাতেও তারা আগ্রহী। কারণ নতুন নির্বাচন হলে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হতে পারে।
জোটের দলগুলোর মধ্যে মতপার্থক্য
গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট হারজগ সরকার গঠনের দায়িত্ব দেয়ার পর থেকেই জোটের শরিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন আইজেনকোট। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অগ্রগতির ঘোষণা আসেনি।
তার চার দলের জোটের আসনসংখ্যা ৪৮। সরকার গঠনের জন্য নেসেটে প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে ১৩টি কম থাকায় অন্য দলগুলোর সমর্থন ছাড়া সরকার গঠন সম্ভব নয়।
এদিকে, জোটের শরিকদের মধ্যে কাদের সরকারে অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়েও মতপার্থক্য রয়েছে। বেনেট নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে। লিবারম্যান চাইছেন কট্টরপন্থি অর্থোডক্স দলগুলোকে জোটে যুক্ত করতে।
অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সরকারে নেতানিয়াহুর অংশগ্রহণের বিরোধিতা করছেন। তিনি আরব দলগুলোর বাইরের সমর্থন নিয়ে সরকার গঠনের পক্ষে।
আইজেনকোটের নেতৃত্বাধীন সরকার নেসেটে আস্থা ভোটে জয়ী হলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্য দিয়ে নেতানিয়াহুর অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন