ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আশুলিয়ায় গার্মেন্টসে পরিদর্শন করলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান


আশুলিয়ায় গার্মেন্টসে পরিদর্শন করলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান

ঢাকার আশুলিয়ার পলাশবাড়ীতে অবস্থিত পার্ল গার্মেন্টস কোং লিমিটেড পরিদর্শন করেছেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। শ্রমিক-কর্মচারীদের মজুরি নির্ধারণ সংক্রান্ত কার্যক্রমের অংশ হিসেবে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জনাব সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)-এর নেতৃত্বে একটি পরিদর্শন দল কারখানাটিতে সরেজমিনে পরিদর্শনে যায়।

এ সময়, পরিদর্শন দলের সদস্যরা কারখানার সার্বিক পরিবেশ, উৎপাদন কার্যক্রম এবং শ্রমিক-কর্মচারীদের মজুরি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি, কারখানার বিদ্যমান কর্মপরিবেশ, শ্রমিকদের সুযোগ-সুবিধা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করা হয়।

আরও পড়ুন: গোদাগাড়ীতে বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, তদন্ত শুরু

এ ধরনের সরেজমিন পরিদর্শন ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রমকে আরও বাস্তবসম্মত ও তথ্যভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর মাধ্যমে পোশাকশিল্পের প্রকৃত অবস্থা, শ্রমিকদের মজুরি কাঠামো এবং কারখানার সক্ষমতা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা পাওয়া সম্ভব হবে।

পরিদর্শনকালে কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া হয়। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শিল্পকারখানার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএমই মেলায় বিদেশী পণ্য প্রদর্শন করতে দেয়া হবে না: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


এসএমই মেলায় বিদেশী পণ্য প্রদর্শন করতে দেয়া হবে না: বাণিজ্যমন্ত্রী

জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৩ শতাংশ। তবে ঋণ না পাওয়ার কারণে এবং অন্যান্য প্রতিবন্ধকতার কারণে এই খাত বর্তমানে সমস্যায় রয়েছে। কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্যের ফলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা বিপাকে পড়েছে। এই প্রতিবন্ধকতা দূর করার জন্য নীতিগত সিদ্ধান্তের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি শনিবার মতিঝিলে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, "প্রতিটি জায়গায় যদি বড় বড় করপোরেট প্রতিষ্ঠানকে আপনি নিয়ে আসেন, তাহলে বাদবাকি মানুষগুলো বাঁচবে কিভাবে?" তিনি আরও জানান, বাজারে প্রচলিত সুদ বর্তমানে ১৩-১৪ শতাংশ, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটি ৬-৭ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

এসএমই উদ্যোক্তাদের জন্য নতুন ব্যাংক খোলা না হলেও, ব্যাংকঋণ প্রাপ্তির প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে বিদ্যমান অর্থায়ন কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগের কথাও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, "আমরা জামানতবিহীন ঋণ দেয়ার ক্ষমতাটা আগামী দিনে বর্ধিত করব।" তিনি উল্লেখ করেন যে, এই খাতের উদ্যোক্তাদের ব্যাংকেবল করার জন্য এবং ক্রেডিট লিমিট অ্যাভেল করার প্রক্রিয়াকে সহজ করার জন্য এসএমই বোর্ডকে ওভারহল করা হচ্ছে।

অন্যদিকে, প্রবৃদ্ধির চলমান ধারা অব্যাহত থাকলে, মন্ত্রী জানান যে, বছর শেষে গত অর্থবছরের তুলনায় প্রায় ৩ বিলিয়ন ডলার বেশি রপ্তানির সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, "আমাদের সামগ্রিক রপ্তানির প্রবৃদ্ধি ছিল ৫.৮৮ শতাংশ।" গত বছরের প্রথম চার মাসের রপ্তানির সাথে এই বছরের প্রথম চার মাসের রপ্তানি ভ্যালু অ্যাডিশন ছিল ৯৮৭ মিলিয়ন, যা প্রায় ১ বিলিয়ন। তিনি আশা প্রকাশ করেন যে, যদি প্রবৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে বছর শেষে ৩ বিলিয়ন প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল রোববার (২২ নভেম্বর) থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। এই মেলায় অংশগ্রহণ করবেন প্রায় ৪০০ উদ্যোক্তা। শতভাগ দেশীয় পণ্যের এই আয়োজনে বিদেশী ও আমদানি পণ্য প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২২-২৮ নভেম্বর বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


২২-২৮ নভেম্বর বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : দ্বিপক্ষীয় সহযোগিতাকে বাণিজ্যের সীমা ছাড়িয়ে আরও বিস্তৃত করার উদ্দেশ্যে আগামী ২২ থেকে ২৮ নভেম্বর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলকে আতিথ্য প্রদান করবে তুরস্ক। এই সফরের সময় শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জনপ্রশাসন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

প্রতিনিধিদলে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা)- বাংলাদেশ কার্যালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তুরস্ক সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করা। এর ফলে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন এবং সরকারি খাতের প্রশিক্ষণের মতো বিষয়গুলোতে কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

সফরের সময় আঙ্কারায় প্রতিনিধিদলটি তুরস্কের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য এবং শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এছাড়া, তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা পরিষদ (টুবিটাক) এবং উচ্চশিক্ষা পরিষদের (ইয়োক) সঙ্গেও তাদের আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচির আওতায় প্রতিনিধিদলটি দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তর, প্রতিরক্ষা শিল্প অধিদপ্তর, প্রবাসী তুর্কি ও সংশ্লিষ্ট সম্প্রদায়বিষয়ক অধিদপ্তর এবং ধর্মবিষয়ক অধিদপ্তরের সঙ্গে বৈঠক করবে।

আঙ্কারায় আনুষ্ঠানিক বৈঠক শেষে প্রতিনিধিদলটি ইস্তাম্বুল সফর করবে এবং সেখানকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনগুলো পরিদর্শন করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় মৃতদের স্মৃতি জীবিতদের মাঝে দীর্ঘশ্বাস ফেলে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


ঢাকায় মৃতদের স্মৃতি জীবিতদের মাঝে দীর্ঘশ্বাস ফেলে

ঢাকা শহরের বাতাসে এখনও রানা প্লাজার মৃতদের গন্ধ ভাসছে। সাভারের সেই ধ্বংসস্তূপ থেকে মাঝে মাঝে, সেলাই মেশিনের শব্দের মধ্যে কেউ কেউ বলে ওঠে, ‘আমাকে বের করো, আমি এখনও বেঁচে আছি! আমার সন্তান অপেক্ষা করছে, আমাকে বাড়ি ফিরতে হবে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাশকাটা ঘরের প্রতিটি কাটা শরীর যেন এক একটি অসমাপ্ত অভিযোগ। কিছু শরীরে সড়ক দুর্ঘটনার চিহ্ন রয়েছে, কিছুতে আগুনের ক্ষত, কিছুতে নির্মমতার ইতিহাস, আবার কিছুতে ভবনধসের আঘাত। যদি লাশগুলো কথা বলতে পারতো, তাহলে হয়তো ময়নাতদন্তের টেবিলে বলে উঠতো, ‘আমাদের মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি কারও অবহেলার দীর্ঘ ছায়া?’

এই শহরের প্রতিটি বড় দুর্ঘটনা যেন নতুন করে একটি লাশকাটা ঘর খুলে দেয়। সেখানে মানুষের শরীরের ব্যবচ্ছেদ হয়, আর বাইরে দাঁড়িয়ে থাকে স্বজনদের শেষ আশার ব্যবচ্ছেদ।

পুরান ঢাকার নিমতলীর কথা মনে পড়ে। নিমতলীর আকাশে এখনও ভেসে বেড়ায় ২০১০ সালের রাসায়নিক আগুনে পুড়ে যাওয়া মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষার আর্তনাদ। সেই রাতের মৃতরা হয়তো বেঁচে থাকলে প্রশ্ন করতো, ‘আমরা তো শুধু বাঁচতে চেয়েছিলাম! একটি নিরাপদ রাত কি আমাদের প্রাপ্য ছিল না?’ আফসোস, নিমতলীর আগুন নিভে গেছে, কিন্তু সেই আগুন থেকে বেরিয়ে আসা প্রশ্নগুলো আর কখনো পুরোপুরি নিভে যায়নি। রাসায়নিকের গুদাম সরানোর প্রতিশ্রুতি এসেছিল, সময় পেরিয়েছে, আবারও আগুনের সম্মুখীন হতে হয়েছে এই শহরকে।

২০১৯ সালে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় রাসায়নিকের আগুনে প্রাণ হারিয়েছিলেন ৭১ জন। আগুনে হারানো প্রাণগুলো এখনও তাদের ঠিকানার নাম খুঁজে বেড়ায়। আগুনের মধ্যে চিৎকার করে তারা হয়তো বলেছিল, ‘আমার হাতটা ধরো! আমাকে একা ফেলে যেয়ো না। আমি এখনও বাড়ি ফিরিনি, আমার জন্য কেউ অপেক্ষা করছে!’ কিন্তু সেদিন আগুনের কাছে কারও অপেক্ষার মূল্য ছিল না। পরদিন ঢাকা মেডিকেলের মর্গে জমা হলো একের পর এক দেহ। কিছু শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হয়েছিল। স্বজনেরা এসেছিলেন প্রিয় মানুষের মুখ খুঁজতে, অথচ ফিরে গিয়েছিলেন বুকভরা শূন্যতা নিয়ে। আগুন নিভে গেছে, পোড়া ভবনের জায়গায় নতুন জীবন শুরু হয়েছে, শুধু যাঁদের শরীর ছাই হয়ে গিয়েছিল, তাঁদের জন্য পৃথিবীর আর কোনো নতুন সকাল আসেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাটহাজারীতে আ. লীগ নেতাকর্মীদের ঘরে হামলা, ৫ আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


হাটহাজারীতে আ. লীগ নেতাকর্মীদের ঘরে হামলা, ৫ আটক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাঁচটি ঘরে হামলা, ভাঙচুর ও দুটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।

তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেছেন, আটককৃত পাঁচজন তাদের পরিবারের সদস্য। অপরদিকে, পুলিশ জানিয়েছে, বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ফলে দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মাদার্শা গ্রামের নবাব চান্দের নতুন বাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ওই বাড়ির বাসিন্দারা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

হামলার শিকার ব্যক্তিরা দাবি করেছেন, স্থানীয় বিএনপির নেতৃত্বে বহিরাগতরা এ হামলা চালিয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সন্ধ্যার দিকে একটি মিছিল নিয়ে এসে একদল লোক বাড়িটিতে অতর্কিত হামলা চালায়। হামলার সময় কয়েকটি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সেলিম উদ্দিন, তাজ উদ্দিন নবাব, আকবর হোসেন, শেখ বাবর, আরিফ ও আরমান আহমেদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত সেলিম উদ্দিন জানিয়েছেন, ঘটনার সময় তারা বাড়িতে উপস্থিত ছিলেন না; বরং শিশু, কমবয়সী পুরুষ, নারী ও বৃদ্ধরা বাড়িতে ছিলেন। তিনি দাবি করেছেন যে, গত এক মাস ধরে হামলার চেষ্টা চলছিল। তার ভাষ্য অনুযায়ী, মাগরিবের নামাজের পরপর মিছিল নিয়ে প্রায় দুইশ লোক এসে হামলা চালায়, যাদের বেশির ভাগই বহিরাগত। তারা পাঁচটি ঘরে ভাঙচুর চালিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং দুটি ঘরে আগুন দেয়।

সেলিম অভিযোগ করেছেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল এবং হামলার পর উল্টো বাড়ির পাঁচ বাসিন্দাকে ধরে নিয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘরগুলোর আলমারি খোলা, টেলিভিশন ও জানালা-দরজা ভাঙা এবং কাপড়চোপড়সহ নানা জিনিস মাটিতে ছড়ানো অবস্থায় রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে বিএনপি নেতা ও দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বাদশাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থানীয় এক নেতা বলেছেন, বাড়িটিতে ‘আওয়ামী সন্ত্রাসীরা’ আশ্রয় নিয়েছিল। খবর পেয়ে দলের লোকজন সেখানে গেলে তাদের ওপর হামলা হয় এবং বিএনপির লোকজনও আহত হয়েছেন। হামলার অভিযোগে বিএনপির পক্ষ থেকে হাটহাজারী থানায় একটি মামলা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিও দেখে ঘটনাটি যাচাই করতে পুলিশের একটি দল সেখানে গেছে। স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের লোকজনের সংঘর্ষে দুই পক্ষের মোট পাঁচজন আহত হয়েছেন।

ভাঙচুরের সময় পুলিশ উপস্থিত ছিল, এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ নিয়ে থানায় এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%