ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
রয়টার্সের প্রতিবেদন

ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আটক ও বাংলাদেশে বিতাড়নের মুখে মুসলিমরা


ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আটক ও বাংলাদেশে বিতাড়নের মুখে মুসলিমরা

গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে সবজি কিনতে বের হন ৩৮ বছর বয়সি সাহিদা ফকির। তিনি যাওয়ার সময় ছোট ছেলেকে জানিয়েছিলেন, তিনি কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু সেই যাত্রা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, স্বামী ও দুই সন্তানকে ছেড়ে তিনি বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে বসবাস করছেন।

সাহিদা ফকির জানান, সাদা পোশাক পরিহিত পুলিশ কর্মকর্তারা তাকে আটক করে মোবাইল ফোনটি কেড়ে নেন, যেখানে তার পরিচয়পত্রের কপি সংরক্ষিত ছিল। এরপর তাকে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের নথিপত্র অনুযায়ী, ওই কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্য ছিলেন। এ বিষয়ে মুম্বাই পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশের সাতক্ষীরায় বসে বার্তা সংস্থা রয়টার্সকে সাহিদা ফকির বলেন, পেছন থেকে কেউ একজন আমার হাত চেপে ধরে গাড়িতে উঠতে নির্দেশ দেয়।

আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?

রয়টার্স এমন ১০টি পরিবারের সাক্ষাৎকার নিয়েছে, যাদের স্বজনরা ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ, আটক বা বিতাড়নের শিকার হয়েছেন। ভুক্তভোগী সবার কাছেই ভারতীয় পরিচয়পত্র বা পারিবারিক নথিপত্র ছিল এবং তাদের বাবা-মা ও ভাইবোনদের নাম এখনো ভোটার তালিকায় বহাল রয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া কাউকে বিদেশি হিসেবে প্রমাণ না করলেও, ভারতে চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াটি অবৈধ অভিবাসী শনাক্ত ও বিতাড়ন অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে।

ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এই ভোটার তালিকা সংশোধনে দেশজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। তথ্য-উপাত্ত বলছে, এই বাদ পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং বিজেপির বিরুদ্ধে নিজেদের সুবিধামতো ভোটার তালিকা সাজানোর অভিযোগ উঠেছে। তবে দলটি বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

এই প্রক্রিয়ার সবচেয়ে বড় প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সবার ইনস্টিটিউট’-এর তথ্যমতে, নিবিড় পর্যালোচনার পর বাদ পড়া ২৭ লাখ নামের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম, অথচ রাজ্যের মোট জনসংখ্যায় মুসলিমদের হার মাত্র ২৭ শতাংশ। ওই নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে বিজেপি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, ক্ষমতাসীনদের প্রতি জনগণের অসন্তোষের বিষয়টি অস্বীকার করার উপায় নেই, তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি বড় ভূমিকা রেখেছে।

ভোটার তালিকা ও বিতাড়ন

আরও পড়ুন: সৌদি বাহিনীর চিফ অব স্টাফ ফাহদ আল-সালমানকে অব্যাহতি

গত ৫ নভেম্বর উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় এক নির্বাচনি সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং দেশ থেকে বের করে দেওয়ার বিষয়টিকে সরাসরি একসূত্রে গেঁথেছেন। তিনি বলেন, বিজেপির সংকল্প হলো আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেব এবং এরপর একে একে খুঁজে বের করে দেশ থেকে তাড়িয়ে দেব।

মূলত বাংলাভাষী মুসলিমদের ওপর চালানো এই ধরপাকড়ের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানে ভারত ভাগের সময় তৈরি সীমান্ত এই অঞ্চলটিকে দুই ভাগে বিভক্ত করে। সেই সময় এবং পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় লাখ লাখ মানুষ সীমান্ত অতিক্রম করে, যার ফলে বহু পরিবার সীমান্তের দুই পাড়েই ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এ কারণেই রাজ্যটিতে নাগরিকত্ব ও অভিবাসন বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো সাড়া দেয়নি।

আদালতে আইনি লড়াই

সাহিদা ফকির জানান, রাত ১টার দিকে কাঁটাতারবিহীন ও অরক্ষিত একটি সীমান্ত এলাকা দিয়ে তাকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া হয়। কাদামাখা শরীরে কয়েক ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাকে কাঁদতে দেখে নিজের বাড়িতে আশ্রয় দেন।

আরও পড়ুন: রূপপুরের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

অন্যদিকে মুম্বাই পুলিশ আদালতকে জানিয়েছে, সাহিদা ফকিরকে আসাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আদালতের নথি অনুযায়ী, ওই অভিযানে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে আরও ১৪৮ জনের সঙ্গে সাহিদা ফকিরকে ফেরত পাঠানো হয়।

সাহিদা ফকির আক্ষেপ করে বলেন, আমি এক মুহূর্তের জন্যও ভাবিনি যে তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার বাড়ি, আমার দাদা-দাদি এবং আমার পুরো বংশের শিকড় ভারতেই প্রোথিত।

বর্তমানে সাহিদার স্বামী জুম্মান স্ত্রীকে ফিরিয়ে আনতে আদালতে আইনি লড়াই চালাচ্ছেন। আগস্ট মাসে সুপ্রিম কোর্টে করা এক আবেদনে তার পরিবার যুক্তি দেখিয়েছে যে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকত্ব নির্ধারণের মাপকাঠি হতে পারে না এবং প্রশাসনের কোনো যাচাইহীন দাবির ভিত্তিতে কাউকে দেশছাড়া করা যায় না।

রয়টার্সের পর্যালোচনা করা পারিবারিক নথিপত্রে দেখা গেছে, সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের নিবন্ধিত ভোটার ছিলেন। এমনকি সর্বশেষ সংশোধনীতে বাড়তি নথিপত্র ছাড়াই ভোটার থাকার মানদণ্ড হিসেবে ধরা ২০০২-০৩ সালের তালিকাতেও তাদের নাম ছিল। রয়টার্সের দেখা ভোটার আইডি কার্ড অনুযায়ী, সাহিদা নিজেও অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিভক্ত ইউরোপ, ন্যাটো ভাঙনের পথে?

তবে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, তদন্তের সময় সাহিদা একটি বাংলাদেশি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের কোনো বৈধ বা বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে ব্যর্থ হন। সাহিদা এই দাবি অস্বীকার করে বলেন, কর্মকর্তারা তার ফোন কেড়ে নিয়েছিলেন এবং ফোনে থাকা নথিপত্র দেখানোর কোনো সুযোগই তাকে দেননি। উল্লেখ্য, ভারতের আইনে নাগরিকদের সব সময় সঙ্গে পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক নয়।

‘তুমি একজন বাংলাদেশি’

কলকাতা হাইকোর্টে দায়ের করা আরেকটি আবেদনে বাসনপত্রের ফেরিওয়ালা নাসিরুদ্দিন শেখ ও আরও চারজন জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও তাদের আটক করা হয়েছিল।

নাসিরুদ্দিন শেখ জানান, বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকেসহ আরও ২২ জনকে আটক করে। সংশোধিত ভোটার তালিকায় নাম পাওয়ায় ১৪ দিন পর ১৯ জনকে ছেড়ে দেওয়া হলেও, তালিকায় নাম না থাকায় শেখ ও বাকি তিনজনকে ৩২ দিন আটকে রাখা হয়। শেখ বলেন, এক পুলিশ কর্মকর্তা আমাকে বলেছিলেন, ভোটার তালিকায় তোমার নাম নেই। তুমি একজন বাংলাদেশি।

আরও পড়ুন: রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে তাকে মুক্তি দেওয়া হয়। শেখ জানান, তাদের যে আটক কেন্দ্রে রাখা হয়েছিল সেখানে ৬০ জনের বেশি মানুষের থাকার মতো একটি বড় হলরুম ছিল। আটকের আগে সবার স্বাস্থ্য পরীক্ষা ও বায়োমেট্রিক নিবন্ধন করা হয়। তিনি বলেন, এটি সব দিক থেকেই একটি জেলখানা ছিল, আমরা বাইরে যেতে পারতাম না।

পুলিশ ও সরকারি কৌঁসুলিরা কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটক শিবির বা ডিটেনশন ক্যাম্প নেই। তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য তৈরি একটি অস্থায়ী আটক কেন্দ্রে রয়টার্সের প্রতিবেদকরা ভেতরে কাপড় ঝুলতে এবং জানালা দিয়ে মানুষজনকে উঁকি দিতে দেখেছেন। কড়া নিরাপত্তাবেষ্টিত ওই চত্বরে একটি অ্যাম্বুলেন্স ও পুলিশের একটি ঢাকা ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ওই কেন্দ্রের বিপরীত দিকে বসবাসকারী মৌসুমী রায় জানান, দুই মাস আগে তিনি সেখানে বেশ কিছু মানুষকে নিয়ে আসতে দেখেছেন এবং বাইরে তাদের স্বজনদের কান্নাকাটি করতে দেখেছেন।

মানবাধিকার কর্মী কিরীটী রায় এ বিষয়ে বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা জমে আছে এবং মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় আছে। ট্রাইব্যুনালগুলোর কাজের গতি খুবই ধীর। যা ঘটছে তাতে আমরা পুরোপুরি হতাশ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার ১০টি বৈধ উপায়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় এসআরবির সঙ্গে মাদক কারবারিদের গুলি বিনিময়, উদ্ধার অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


খুলনায় এসআরবির সঙ্গে মাদক কারবারিদের গুলি বিনিময়, উদ্ধার অস্ত্র

খুলনার দৌলতপুর এলাকায় এসআরবির সদস্যদের সঙ্গে সন্দেহভাজন মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় এসআরবি সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। পরে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এটি ঘটে সোমবার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ এলাকায়। এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল সেখানে অভিযান পরিচালনা করছিল।

এসআরবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছিলেন। অভিযানের সময় সন্দেহভাজন মাদক কারবারি ও অস্ত্রধারীরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসআরবি সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়ে। একপর্যায়ে, রাতের অন্ধকারে পালিয়ে যায় সন্দেহভাজন ব্যক্তিরা।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এসআরবি।

অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে আগুনে পুড়ে গেল ৩০টি জেলেদের ঝুপড়ি ঘর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


চট্টগ্রামে আগুনে পুড়ে গেল ৩০টি জেলেদের ঝুপড়ি ঘর

চট্টগ্রামে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় জেলেদের ৩০টি ঝুপড়ি ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নগরীর দক্ষিণ কাট্টলী রাসমণি ঘাট এলাকায়।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর, বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা দুই ঘণ্টা পর বিকালে পৌনে ৩টার দিকে আগুন নিভাতে সক্ষম হন। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, ফায়ারকর্মীদের দ্রুত পদক্ষেপের ফলে এক ঘণ্টার মধ্যে আগুনের নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। পরে তারা সম্পূর্ণভাবে আগুন নিভাতে সক্ষম হন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ফলে জেলেদের থাকার ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগে আটক বোয়ালমারী ছাত্রলীগের তিন নেতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


ঢাকায় রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগে আটক বোয়ালমারী ছাত্রলীগের তিন নেতা

রাজধানী ঢাকায় আটক হয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন পদধারী নেতা, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বাসায় হামলার প্রস্তুতি নেওয়ার।

রবিবার (১৫ নভেম্বর) রাতে ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের আটক করেন। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল অভিযোগ করেছেন যে আটক তিন নেতাকে মারধর করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আলামিন ইসলাম অন্তর এবং উপদপ্তর সম্পাদক ইরতেজা আহসান জুবায়ের। প্রান্ত সিদ্দিকী বোয়ালমারী পৌরসভার ছোলনা গোরস্থানসংলগ্ন আবু বক্কারের ছেলে। আলামিন ইসলাম অন্তর শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের বাসিন্দা। ইরতেজা আহসান জুবায়ের আধারকোঠা এলাকার প্রয়াত হান্নান মৃধার ছেলে।

আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। একপর্যায়ে আটক ব্যক্তিদের একজনকে বলতে শোনা যায় যে তাঁরা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বাসায় হামলার উদ্দেশ্যে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিডিওতে দাবি করা হয় যে তাঁরা নিজেদের পরিচয় গোপন রাখতে ঢাকা দক্ষিণ মহানগর যুবদল নেতা নয়নের পরিচয় ব্যবহার করার চেষ্টা করেন।

জিজ্ঞাসাবাদের মুখে তাঁরা নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করেন বলে ভিডিওতে দেখা যায়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল অভিযোগ করেছেন যে আটক তিন নেতাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, "দিন তো আর এভাবে যাবে না। তাঁরা মবের শিকার হয়েছেন। বাড়িতে ঘুমাতে পারেন না, তাই হয়তো ঢাকায় গিয়েছিলেন। তাঁরা যদি কোনো অন্যায় করেন, তাহলে আইন আছে, প্রশাসন আছে। মব করে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা প্রান্তসহ তিনজনকে পুলিশে দিয়েছেন। জানতে পেরেছি, তাঁদের অনেক মারধর করা হয়েছে।"

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রান্ত সিদ্দিকী ঢাকার জিগাতলায় স্বপ্ন শোরুমের পাশে একটি বাসায় এবং জুবায়ের ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় বসবাস করেন। আলামিন ইসলাম অন্তরও ঢাকায় অবস্থান করছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

সোমবার বিকেলে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম জানিয়েছেন, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাঁরা গোপনে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। তাঁদের বিরুদ্ধে পুরোনো রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হয়েছে। বোয়ালমারী থানায় তাঁদের নামে মামলা রয়েছে বলেও জানা গেছে।

তবে রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি জানান, "এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নয়, তবে তারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী। ঢাকায় এসে গোপন বৈঠকের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে হারিয়ে টেবিলের শীর্ষে নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


বাংলাদেশকে হারিয়ে টেবিলের শীর্ষে নেদারল্যান্ডস

সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত আইসিসি ওমেনস এমার্জিং ন্যাশনস ট্রফির ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে পরাজিত হয়েছে নেদারল্যান্ডসের কাছে।

আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। ওপেনার দিলারা আক্তার ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন।

এছাড়া নিগার সুলতানা ২২ বলে ২০, স্বর্ণা আক্তার ১৩ বলে ১৯ এবং শারমিন আক্তার ২২ বলে ১৯ রান সংগ্রহ করেন।

নেদারল্যান্ডসের পক্ষে হিদার সিগার্স ২১ রানে ৪ উইকেট তুলে নেন। হান্নাহ ল্যানহিয়া ২ উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস স্টেরে কালিসের ৫০ বলে ৬৮ রানের ইনিংসের উপর ভর করে ৫ উইকেট ও ২ বল হাতে রেখেই জয়লাভ করে।

ডাচদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ২০ রান করেন ফেবে মোল্কেনবোর। এছাড়া বাবেতে ডি লিড ১৭ ও ফ্রেডেরিক ওভারডিক ১২ রান সংগ্রহ করেন।

বাংলাদেশের পক্ষে রাবেয়া ২টি উইকেট শিকার করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%