সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১২:৪৮ পি.এম
ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে অবস্থান করেছেন আওয়ামী লীগের চার শীর্ষ নেতা, যারা দেশটিতে পালিয়ে রয়েছেন। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, তারা রোববার (২২ নভেম্বর) উত্তর ২৪ পরগনার বনগাঁয় পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে প্রায় দুই ঘণ্টা কাটান।
তবে সেখানে আলোচনা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। গণমাধ্যমটি উল্লেখ করেছে যে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনার আগে আওয়ামী লীগের এই বৈঠকটি একটি মহড়ার মতো।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের নেতারা। তাদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য আওয়ামী লীগের নেতারা শুধুমাত্র একটি সীমান্তপথের ওপর নির্ভর করতে চান না। বিকল্প পথের সম্ভাবনাও তারা খতিয়ে দেখছেন। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও তাদের পর্যবেক্ষণের পরিকল্পনায় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার তাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন তারা আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাতায়াতের পথ ও সীমান্তবর্তী এলাকা পরিদর্শনের পরিকল্পনা করেছেন। এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতেই নেতারা সীমান্তে গিয়েছিলেন কিনা, সে সম্পর্কে আলোচনা চলছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের একাংশে আলোচনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইমিগ্রেশন সেন্টারে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে একই সময়ে পেট্রাপোল এলাকায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে মিছিল করে হিন্দু সুরক্ষা সমিতি। এতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। মিছিল থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি দাবি করা হয়।
এ সময় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার মন্তব্য করেন, কলকাতা থেকে যশোর রোড হয়ে বনগাঁ ও পেট্রাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। একই দিনে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শন এবং বিজেপি নেতার এমন মন্তব্য ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক আলোচনা আরও বাড়িয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কার মধ্যে সংঘাত এড়াতে ভারত ও চীনের শীর্ষ সামরিক কর্মকর্তারা টানা প্রায় ১০ দিন আলোচনা করেছেন। শীতের মৌসুম শুরু হওয়ার আগে সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং দুই দেশের সেনাদের মধ্যে সম্ভাব্য মুখোমুখি অবস্থান এড়ানো ছিল এই বৈঠকের প্রধান উদ্দেশ্য।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর থেকে প্রায় ১০ দিন ধরে এই আলোচনা চলেছে। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন সেনাবাহিনীর তৃতীয় কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়া। চীনের পক্ষ থেকেও শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের সামরিক প্রতিনিধিদের পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এই আলোচনায় অংশগ্রহণ করেছেন।
গত মাসে অরুণাচল সীমান্তে ভারত ও চীনের মধ্যে নতুন উত্তেজনার বিষয়টি প্রকাশ্যে আসে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে জানান, চীন তাদের প্রচলিত টহলদারির নিয়ম পরিবর্তন করায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
টাকসিং ও আসাফিলাসহ অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকায় টহলদারি এবং নিজেদের দাবিকৃত এলাকা নিয়ে দুই দেশের মধ্যে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে সাম্প্রতিক এই আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
এর আগে ৬ ও ৭ সেপ্টেম্বর অরুণাচল প্রদেশের কিবিথু এলাকার ওয়াচা-দামাই সীমান্ত বৈঠককেন্দ্রে পূর্বাঞ্চলীয় সীমান্ত নিয়ে প্রথম কোর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রের মতে, সীমান্তে টহল দেওয়ার সময় ভুল বোঝাবুঝি এড়ানো, দুই বাহিনীর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং শীতের মৌসুমে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা আলোচনা বিষয়গুলোর মধ্যে গুরুত্ব পেয়েছে।
ভারতের অবস্থান হলো, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অত্যন্ত জরুরি। চীনের টহলদারির নিয়ম পরিবর্তনের কারণে সীমান্তে যে পরিস্থিতির অবনতি হয়েছে, সে বিষয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। তবে চীনের পক্ষ থেকে বৈঠকে কী অবস্থান জানানো হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, আলোচনা ইতিবাচক হয়েছে। তবে এই ইতিবাচক ফল মাঠপর্যায়ে সীমান্ত পরিস্থিতির কতটা উন্নতি ঘটাতে পারে, তা নিয়ে দুই দেশের সামরিক ও কূটনৈতিক মহল পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, সম্প্রতি ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারত সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং যৌথ বক্তব্য প্রকাশ করা হয়। কূটনৈতিক পর্যায়ে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ চললেও অরুণাচল সীমান্তের পরিস্থিতি যে এখনো দুই দেশের জন্য বড় উদ্বেগের বিষয়, সাম্প্রতিক এই সামরিক বৈঠক তারই ইঙ্গিত দিচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি এবং প্রথম মুসলিম নারী সিনেটর হিসেবে আবের কাওয়াস নির্বাচিত হয়েছেন। তিনি ৩৪ বছর বয়সী একজন রাজনীতিক, যিনি গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন।
নির্বাচনে জয়ী হওয়ার পর নিউইয়র্কের একটি বারে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) কয়েকশ নেতাকর্মী ও সমর্থকের সামনে আবের কাওয়াস উচ্ছ্বাসিত কণ্ঠে বলেন, "আপনারা সবাই নিউইয়র্ক সিনেটের ইতিহাসে প্রথম ফিলিস্তিনিকে নির্বাচিত করেছেন।"
এ সময় সমর্থকদের কণ্ঠে ‘আবের! আবের! আবের!’ স্লোগানে পুরো আয়োজনস্থল মুখর হয়ে ওঠে। তার পরনে ছিল সোনালি ও লাল রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সূচিকর্ম ‘তাতরিজ’ করা একটি ব্লেজার।
কাওয়াস নিউইয়র্ক অঙ্গরাজ্যের ১২ নম্বর সিনেট নির্বাচনি এলাকা থেকে জয়ী হয়েছেন। উত্তর-পশ্চিম কুইন্সের এই এলাকায় নিউইয়র্ক শহরের অন্যতম বৃহৎ আরব জনগোষ্ঠী বসবাস করে। এখানকার প্রায় অর্ধেক বাসিন্দার জন্ম যুক্তরাষ্ট্রের বাইরে।
রিপাবলিকান প্রার্থী হান খোন তোকে তিনি ৭৪ দশমিক ৫ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
জয়ের পর সমর্থকদের সঙ্গে উদযাপনের সময় ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানও ওঠে। এ সময় কাওয়াসের প্রচার দলের ডিএসএ সংগঠক স্তাইলিয়ানস কারোলিদিস জানান, কাওয়াস শুরুতে মোটেও নির্বাচনে প্রার্থী হতে চাননি। তাকে রাজি করাতে ডিএসএ নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে অনুরোধ করতে হয়েছে।
নিউইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানি অঙ্গরাজ্যের আইনসভায় দায়িত্ব পালন করার সময় কাওয়াসের সঙ্গে কাজ করেছেন। ফলে মামদানির কাছে কাওয়াসের সাংগঠনিক দক্ষতার বিষয়ে আগে থেকেই ধারণা ছিল।
কাওয়াস জানান, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে নিজের অবস্থানের সঙ্গে আপস না করে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে শুরুতে তার সংশয় ছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন তাকে নির্বাচনে আসতে উৎসাহিত করে।
তিনি বলেন, "আমার মনে হয়েছিল, ফিলিস্তিনপন্থি অবস্থানই নির্বাচনে অংশ নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।"
কাওয়াসের বিজয় ফিলিস্তিনপন্থি ও গণতান্ত্রিক সমাজতন্ত্রী প্রার্থীদের সাফল্যের ধারার অংশ হিসেবে দেখা হচ্ছে। একই নির্বাচনে মিশিগান থেকে সিনেটর-নির্বাচিত হয়েছেন আবদুল এল-সায়েদ এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মেয়র-নির্বাচিত হয়েছেন নিত্যা রমন।
ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের নীতিবিষয়ক প্রকল্পের নির্বাহী পরিচালক মার্গারেট ডিরিউস বলেন, "এই মধ্যবর্তী নির্বাচন দেখিয়েছে, ফিলিস্তিনিদের অধিকারসহ মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়াও একটি নির্বাচনে জয়ী হওয়ার মতো রাজনৈতিক কর্মসূচি হতে পারে।"
শৈশবের সংগ্রাম থেকেই রাজনীতিতে আসা
কাওয়াসের বাবা-মা দুজনই ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। ১৯৪৮ সালে তার বাবা এবং ১৯৬৭ সালে মা নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হন। পরবর্তীতে জর্ডানে প্রতিবেশী হিসেবে বেড়ে ওঠা দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করে ১৯৯০-এর দশকে শিশুপুত্রকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা। পরবর্তী সময়ে তাদের সংসারে আরও তিন কন্যাসন্তানের জন্ম হয়। চার সন্তানের মধ্যে তৃতীয় আবের।
পরিবারের মধ্যমণি হয়ে বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে হাসতে হাসতে কাওয়াস বলেন, "এ কারণেই হয়তো রাজনীতিবিদের মতো অনেক কৌশল আমার জানা আছে।"
তবে তার শৈশব খুব একটা সহজ ছিল না। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তার বাবা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের (আইসিই) হাতে আটক হন। ৯/১১-পরবর্তী সময়ে নিউইয়র্কের মুসলিম পরিবারগুলোর জন্য এ ধরনের ঘটনা নিয়মিত হয়ে উঠেছিল বলে জানান তার মা মানাল আবু সামাহা।
বাবা আটক থাকায় পরিবারের সদস্যদের সপ্তাহান্তে কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করতে হতো। এতে আর্থিক ও পারিবারিক সংকটে পড়ে পরিবারটি।
কাওয়াসের মা বলেন, "ইচ্ছা থাকুক বা না থাকুক, আমাকে কাজ করতে হয়েছে। একই সঙ্গে পরিবারের পুরুষ ও নারী, বাবা ও মা—সব দায়িত্বই পালন করতে হয়েছে।"
কৈশোরে পরিবারের সমস্যার কথা তুলে ধরতে তিনি নিউইয়র্কের অ্যালবানিতে আইনপ্রণেতাদের কাছে গিয়েছিলেন। তার বড় ভাইয়ের মতো কাগজপত্রহীন শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু সে সময় আইনপ্রণেতারা তার কথায় তেমন আগ্রহ দেখাননি বলে স্মৃতিচারণ করেন তিনি।
কাওয়াসের মতে, সেই অভিজ্ঞতাই তাকে অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত হতে এবং পরবর্তী সময়ে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, "ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে ফেলার বিষয় নয়, বরং মানুষের বাস্তব ও তাৎক্ষণিক প্রয়োজনগুলো পূরণ করাই গুরুত্বপূর্ণ। সম্ভবত এটাই আমাকে নির্বাচনে আসার প্রাথমিক অনুপ্রেরণা দিয়েছে।"
মামদানি ও ডিএসএর সমর্থনে ঐতিহাসিক জয়
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ডিএসএর সমর্থন নিয়ে নির্বাচনি প্রচার চালান কাওয়াস। তার প্রচার শিবিরের দাবি, এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন, ফোন করেছেন এবং প্রচারে অংশ নিয়েছেন।
তাদের প্রচারের অন্যতম বিষয় ছিল সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা ও গণপরিবহন। পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতি এবং দেশটির মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিও ছিল প্রচারের গুরুত্বপূর্ণ অংশ।
কাওয়াস জানান, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে—মামদানিকে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে এ অবস্থানই ভোটারদের আস্থা অর্জনে সহায়তা করেছে। মামদানির অভিজ্ঞতা দেখে তিনিও রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে আপস করার ভয় কাটিয়ে ওঠেন।
কমিউনিটি সংগঠক ডরিন মোহাম্মদ বলেন, "আমি আবের কাওয়াসকে ভোট দিয়েছি, কারণ ফিলিস্তিনের মুক্তির প্রশ্নটি যুক্তরাষ্ট্র ও নিউইয়র্কের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযুদ্ধ এবং মৌলিক প্রয়োজন থেকে আলাদা নয়। ফিলিস্তিনের পক্ষে আবেরের স্পষ্ট অবস্থানই আমাদের সর্বত্র আরও বেশি প্রয়োজন।"
তবে ফিলিস্তিনের পক্ষে কাওয়াসের অবস্থান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী সামি সুলায়মান বলেন, নির্বাচনি রাজনীতির প্রতি অনেকেরই যথার্থ সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্রের ইসরাইলকে সব ধরনের সহায়তা বন্ধ করতে এই নতুন রাজনৈতিক শক্তি কাজে লাগানো যাবে কি না, সেটিই হবে প্রকৃত পরীক্ষা।
কাওয়াসও স্বীকার করেছেন, এ ক্ষেত্রে আইনসভার নেতৃত্বের রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "প্রকৃত চ্যালেঞ্জ হবে নেতৃত্বের রাজনৈতিক সদিচ্ছা। আইনসভায় আমরা (ডিএসএ) এখনও সংখ্যালঘু।"
প্রথম লক্ষ্য ইসরাইলি বসতি নিয়ে বিল পাস
সিনেটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর কাওয়াসের প্রথম অগ্রাধিকার হলো ‘নট অন আওয়ার ডাইম!’ (আমাদের অর্থে নয়) বিলটি নতুন করে উত্থাপন ও পাসের উদ্যোগ নেওয়া।
২০২৩ সালে তৎকালীন আইনপ্রণেতা জোহরান মামদানির সঙ্গে মিলে বিলটি তৈরি করেছিলেন তিনি। এর লক্ষ্য হলো, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের কর্মকাণ্ডে নিউইয়র্কের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন বন্ধ করা।
এর আগে বিলটি প্রত্যাখ্যাত হলেও এখন তা আবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে উত্থাপন করা হয়েছে।
কাওয়াস মনে করেন, মানুষের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে পরিবর্তন সম্ভব। এ প্রসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনব্যবস্থা বা অ্যাপার্টহাইডের অবসানে আন্দোলনকারীদের ভূমিকার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, "মানুষের শক্তি যখন আপনার পেছনে থাকে, সেটিই আপনার সবচেয়ে বড় শক্তি। আর আপনাকে জবাবদিহি করতে হবে সেই মানুষের কাছেই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শেরপুরে রাইস কুকারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃর্শে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নকলা পৌরসভার ৮নং ওয়ার্ডে কায়দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা বেগম (৩৫) ছিলেন স্থানীয় কৃষক নুরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ভাত রান্নার উদ্দেশ্যে রাইস কুকারের সুইচ দিতে যান ফজিলা বেগম। এ সময় তিনি ভুলবশত সুইচের তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ গণমাধ্যমকে জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেই সঙ্গে নকলা থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুলাই বিপ্লবের সময় ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন এনসিপির নেতাকর্মীরা। এ ঘটনায় থানার সামনে শতাধিক নেতাকর্মী জড়ো হন। তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে আহত হন এক পুলিশ সদস্য।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতারের পর এ ঘটনা ঘটে।
গ্রেফতার হওয়া ছায়েব আলী এক সময় মোগড়া ইউনিয়নের জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি এনসিপির মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আখাউড়া থানায় দায়ের করা একটি মামলায় ৮১ নম্বর এজাহারভুক্ত আসামি ছায়েব আলী। তাকে গ্রেফতারের পর থানায় নেয়ার পথে তার সমর্থকরা প্রথমে পুলিশের ওপর হামলা করে। পরে দ্বিতীয় দফায় উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা আখাউড়া থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় থানার এলাকায় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এদিকে ছায়েব আলীকে আটকের খবর ছড়িয়ে পড়লে এনসিপির শতাধিক নেতাকর্মী থানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি আবুল মনসুর মিশন জানান, ছায়েব আলী এক সময় জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। বর্তমানে তিনি এনসিপির সঙ্গে যুক্ত আছেন। তবে আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ