ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রংপুরে আকভান-এর হানায় কাটা আমন নিয়ে কৃষকরা দুশ্চিন্তায়


রংপুরে আকভান-এর হানায় কাটা আমন নিয়ে কৃষকরা দুশ্চিন্তায়

রংপুর, ২২ নভেম্বর ২০২৬ : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বিপদে পড়েছেন জেলার আট উপজেলার আমন চাষিরা। কৃষকেরা ধান কেটে জমিতে শুকাতে রেখেছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হালকা বৃষ্টির কারণে ধান ভিজে গেছে। এর ফলে ধান শুকানো, মাড়াই ও ঘরে তোলা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। যদি বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে ধান পচে যাওয়ার কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

স্থানীয় আমন চাষিরা জানান, অগ্রহায়ণ মাস হচ্ছে আমন ধান কাটার মৌসুম। এই সময়ে রংপুরের বিভিন্ন এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ পুরোদমে চলছে। অনেক কৃষক জমি থেকে ধান কেটে খোলা জায়গায় শুকাতে দিয়েছেন। কেউ কেউ ধান কেটে জমিতেই স্তূপ করে রেখেছেন। হালকা বৃষ্টি শুরু হওয়ায় কাটা ধান ভিজে গেছে। ফলে ধান শুকানো ও নিরাপদে ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ধুলগাড়ী গ্রামের কৃষক মোস্তাফিজার রহমান বলেন, ‘এবার দুই একর জমিতে আমন ধান আবাদ করেছি। ধান পেকে যাওয়ায় কয়েক দিন আগে কেটে জমিতে রেখেছি। ভেবেছিলাম রোদে শুকিয়ে মাড়াই করে ঘরে তুলে নেব। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হওয়ায় ধান ভিজে গেছে। এখন ধান কীভাবে তুলব, সেটাই বুঝতে পারছি না। জমিতে পড়ে থাকা ধান আবার রোদে শুকাতে হবে। বৃষ্টি যদি আরও কয়েক দিন চলে, তাহলে ধান শুকানো ও মাড়াই করা কঠিন হয়ে যাবে। এত কষ্ট করে ফসল ফলিয়েছি, এখন ঘরে তোলার সময় এসে এমন বিপদে পড়েছি।’

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

কুমারগাড়ী গ্রামের কৃষক ফজলুর রহমান বলেন, পাকা ধান কেটে শুকানোর জন্য জমিতে রেখেছিলাম। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান ভিজে গেছে। ধান শুকানোর জন্য রোদ দরকার। এখন বৃষ্টি হওয়ায় ধান শুকানো যাচ্ছে না। আবার ভেজা ধান মাড়াই করাও সম্ভব হচ্ছে না। ধান নিয়ে আমরা খুব বিপদে আছি। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে খরচ বাড়বে, সেই সঙ্গে ধান নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রোববার রাত পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে আমন ধান কাটার মৌসুমে কৃষকদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

কৃষি বিভাগ জানায়, জেলায় চলতি মৌসুমে ৯৫ হাজার ৫৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে।

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি হচ্ছে। এ সময় অনেক কৃষক আমন ধান কেটে জমিতে রেখেছেন। বৃষ্টির কারণে কাটা ধান ভিজে গেলে তা নিয়ে কৃষকদের কিছুটা সমস্যা হতে পারে। ধান শুকানোর জন্য রোদ প্রয়োজন। তাই বৃষ্টি থেমে গেলে ধান দ্রুত রোদে শুকিয়ে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক সিফাত জাহান বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রংপুরের বিভিন্ন উপজেলায় যে বৃষ্টিপাত হয়েছে তাতে কেটে রাখা আমন ধানের কিছুটা ক্ষতি হবে। তবে তাড়াতাড়ি রোদ উঠলে ক্ষতির পরিমাণ কমবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যার উদ্বোধন

পটুয়াখালী, ২২ নভেম্বর, ২০২৬ : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যার চালু করা হয়েছে।

আজ সকালে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম. জহুরুল হক, বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান এবং পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। সৃজনী স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুসও বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান মন্তব্য করেন, বরিশাল বিভাগে সৃজনী বিদ্যানিকেতনের একটি পরিচিতি রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিষ্ঠানটি বিভাগে গ্রেড নম্বর-১ পর্যায়ে উন্নীত হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ম্যানেজিং কমিটিকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানান তিনি।

উপাচার্য বলেন, বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ ও নির্ভুল করতে অটোমেশন সফটওয়্যারের প্রয়োজনীয়তা অপরিহার্য।

তিনি উল্লেখ করেন, এই সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি, উপস্থিতি, পরীক্ষার ফল প্রকাশ, বেতন ও ফি আদায় এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা আবশ্যক। শিক্ষকরা দ্রুত নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি অভিভাবকেরা ঘরে বসেই সন্তানদের পড়াশোনার অগ্রগতি ও উপস্থিতির তথ্য জানতে পারবেন।

সফটওয়্যারটি তৈরি ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কাছে প্রযুক্তির সুফল পৌঁছে দিতে শিক্ষক ও অভিভাবক উভয়ের সহযোগিতা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য কমিশন ৪ দিনে ২৫টি অভিযোগের শুনানি, ২০টি নিষ্পত্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


তথ্য কমিশন ৪ দিনে ২৫টি অভিযোগের শুনানি, ২০টি নিষ্পত্তি

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : তথ্য কমিশন পুনর্গঠনের পর চার দিনের মধ্যে ২৫টি অভিযোগের শুনানি সম্পন্ন হয়েছে এবং ২০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া, পাঁচটির পরবর্তী শুনানির তারিখও নির্ধারণ করা হয়েছে।

এদিকে, আজ তথ্য অধিকার আইনের আওতায় সাতটি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে পাঁচটি অভিযোগ নিষ্পত্তি করা হয়। দুইটির পরবর্তী শুনানির তারিখও নির্ধারণ করা হয়েছে।

শুনানিতে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

আজকের অভিযোগগুলোর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি ও ভর্তি ফি, বিভিন্ন অর্থবছরে নলকূপ স্থাপন এবং উপকারভোগীদের তালিকা, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফলের নথি, ইউনিয়ন পরিষদের সভার কার্যবিবরণী, নোটিশ, গৃহীত সিদ্ধান্ত সংক্রান্ত তথ্য না পাওয়ার বিষয় উঠে এসেছে। এছাড়া, বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন ও সিদ্ধান্ত সংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগও করা হয়েছে আবেদনকারীদের পক্ষ থেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিজের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইলো ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


আইসিজের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইলো ঢাকা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যা বিষয়ক ঐতিহাসিক রায়ের প্রেক্ষাপটে বাংলাদেশ থাইল্যান্ডের কাছে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অব্যাহত সমর্থন চেয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি আজ ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ অনুরোধ জানান।

হুমায়ুন কবির ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় গত ১৯ নভেম্বর আইসিজের দেওয়া রায়ের কথা উল্লেখ করে বলেন, রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত এ বিষয়ে তার দেশের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করে এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের আয়োজন করা প্রয়োজন।

উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাবকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত চিরাসাওয়াদি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে থাইল্যান্ড প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া রোগীদের প্রতি দেশটির সহায়তার প্রশংসা করেন। এ সময় যেসব বাংলাদেশি রোগীকে বারবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার প্রয়োজন হয়, তাদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সহজ করতে তিনি থাই সরকারের প্রতি অনুরোধ জানান।

জবাবে থাইল্যান্ডের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, যেসব রোগীর এ সুবিধা প্রয়োজন, তাদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে।

এছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যোগ দেওয়ার আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থনের জন্য হুমায়ুন কবির থাইল্যান্ডকে ধন্যবাদ জানান।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দেশের সমস্ত বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রথম শ্রেণির শিক্ষার্থী নির্বাচন অনলাইনে ডিজিটাল লটারি মাধ্যমে ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ১৯ নভেম্বর জারি করা এক নির্দেশনায় জানায়, ঢাকা মহানগরীসহ সারাদেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে http://gsa.teletalk.com.bd ঠিকানায় গ্রহণ করা হবে। আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরিশোধ করতে হবে।

প্রার্থীরা প্রাপ্যতা সাপেক্ষে প্রতিটি আবেদনে সর্বাধিক পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবেন। তবে, ডাবল শিফটের কোনো প্রতিষ্ঠানের উভয় শিফট পছন্দ করলে তা দুটি পছন্দক্রম হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করার সুযোগ থাকবে না।

অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি লিখিত পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটির ব্যবস্থাপনায় সম্পন্ন করতে হবে।

এ ক্ষেত্রে ২০২৭ সালের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি বিভিন্ন কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার তারিখ ও সময় বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

মাউশি জানিয়েছে, প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনলাইনে অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। একই সঙ্গে পুরো ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ভর্তি আবেদন পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের ( www.dshe.gov.bd ) সেকেন্ডারি সার্কুলার/অর্ডার বিভাগ এবং টেলিটকের ( www.teletalk.com.bd ) ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ভর্তি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%