ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর


প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দেশের সমস্ত বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রথম শ্রেণির শিক্ষার্থী নির্বাচন অনলাইনে ডিজিটাল লটারি মাধ্যমে ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ১৯ নভেম্বর জারি করা এক নির্দেশনায় জানায়, ঢাকা মহানগরীসহ সারাদেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে http://gsa.teletalk.com.bd ঠিকানায় গ্রহণ করা হবে। আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: বিমান বাহিনী মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিল

প্রার্থীরা প্রাপ্যতা সাপেক্ষে প্রতিটি আবেদনে সর্বাধিক পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবেন। তবে, ডাবল শিফটের কোনো প্রতিষ্ঠানের উভয় শিফট পছন্দ করলে তা দুটি পছন্দক্রম হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করার সুযোগ থাকবে না।

অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি লিখিত পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটির ব্যবস্থাপনায় সম্পন্ন করতে হবে।

এ ক্ষেত্রে ২০২৭ সালের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি বিভিন্ন কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার তারিখ ও সময় বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আরও পড়ুন: ফরিদপুরে আগুনে বাবার মৃত্যু, পারিবারিক বিরোধের অভিযোগ

মাউশি জানিয়েছে, প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনলাইনে অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। একই সঙ্গে পুরো ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ভর্তি আবেদন পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের ( www.dshe.gov.bd ) সেকেন্ডারি সার্কুলার/অর্ডার বিভাগ এবং টেলিটকের ( www.teletalk.com.bd ) ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ভর্তি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো শুরু হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


প্রথমবারের মতো শুরু হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআইএ) উদ্যোগে ‘টিম ওয়ার্ক বিল্ডস বিজনেস’ স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো ‘বিসিআইএ ফুটবল কাপ ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই ফুটবল টুর্নামেন্ট আগামী ২৭ নভেম্বর রাজধানীর (পূর্বাচলে) বেরাইদ এথলেট হাবে শুরু হবে। এতে দেশের ১২টি স্বনামধন্য সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

এ উপলক্ষে আজ রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য ঘোষণা করা হয়, ম্যাচের ড্র সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও বিসিআইএ পরিচালক আব্দুল হাকিম সুমন প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিআইএ সভাপতি ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম এবং সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট রাশিদ মাইমুনুল ইসলাম, মহাসচিব এরফান উদ্দিন ও পরিচালক হামজা সাকিফ তাবানী।

সংবাদ সম্মেলনে বিসিআইএ সভাপতি মইনুল ইসলাম বলেন, "করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খেলাধুলার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।" তিনি আরও বলেন, "এ ধরনের উদ্যোগ শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দলগত কাজের মনোভাব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।"

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি প্রতিষ্ঠান হলো— বিসিএল সিরামিকস, আলী সিরামিকস, ব্রিজ কেমি, ডিবিএল সিরামিকস, এক্সিলেন্ট সিরামিক, খাদিম সিরামিকস, মীর সিরামিকস, মিরপুর সিরামিকস, প্যারাগন সিরামিকস, আরএকে সিরামিকস, স্টিলা সিরামিকস ও শেলটেক সিরামিকস।

টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে ভিড্রেস ইন্ডিয়া সিরামিকস। গোল্ড স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে চীনের কেডা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, ফোশান হে হে গ্লেজ টেকনোলজি, চায়না গ্লেজ বাংলাদেশ এবং সিরামিন এফজেড এলএলসি।

এছাড়া সহযোগী পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন, ফোশান ডংহাই টেকনোলজি, এফসিআরআই ইম্পোর্ট ও এক্সপোর্ট, প্রাইম সিয়াম ইন্টারন্যাশনাল এবং গিমপেক্স প্রাইভেট লিমিটেড।

এ ছাড়া ব্যাংকিং পার্টনার শাহজালাল ইসলামী ব্যাংক এবং ফাইন্যান্স পার্টনার হিসেবে যুক্ত হয়েছে আইপিডিসি।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে দেশের সিরামিক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে গ্রেফতার দুই ছাত্র কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে গ্রেফতার দুই ছাত্র কারাগারে

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ঢাকা কলেজের ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া শিক্ষার্থী আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের ভেতরে বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি স্থানে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। হলের ছাত্ররা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পরে ঢাকা কলেজের সাধারণ ছাত্ররা তিন শিক্ষার্থীকে আটক করে। এরপর উত্তেজিত ছাত্ররা তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যান। সংবাদ পেয়ে নিউমার্কেট থানা পুলিশ এসে উত্তেজিত সাধারণ ছাত্রদের হাত থেকে তাদের উদ্ধার করে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

এ ঘটনায় ঢাকা কলেজের কর্মকর্তা মো. আবু জায়েদ নিউমার্কেট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকসামে আ. লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


লাকসামে আ. লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

কুমিল্লার লাকসাম থানা পুলিশ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতে পাঠানো হয়।

এর আগে, শনিবার (২১ নভেম্বর) রাতে লাকসাম পৌরশহর এবং উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—লাকসাম (পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য নরপাটি জামতলী খান বাড়ির ৫২ বছর বয়সী ওসমান খান, মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং উত্তরপাড়া মুন্সী বাড়ির ২৬ বছর বয়সী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রি খিলি বাড়ির ৪০ বছর বয়সী শাহ আলম, উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের ৩৫ বছর বয়সী সাইফুল ইসলাম এবং কান্দিরপাড় ইউনিয়নের সালেপুর গ্রামের ২৩ বছর বয়সী হাবিবুর রহমান।

লাকসাম থানার পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী ২০১৩) অনুযায়ী পৃথক দুটি মামলা রয়েছে, এবং অপর তিনজনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী বলেন, ‘গ্রেপ্তার পাঁচজনকে বিভিন্ন মামলায় কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


কুমিল্লায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল, জ্বালানি তেল পরিমাপে কম দেয়া এবং ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত মূল্যে পরীক্ষা করানোর কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার (২২ নভেম্বর) চান্দিনা উপজেলার বাগুর বাজার ও বেলাশ্বর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

অভিযানে মেসার্স আরএনআর সিএনজি ফিলিং স্টেশনকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং মাতৃভূমি মিষ্টি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, আরএনআর সিএনজি ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করে আসছিল। একই সঙ্গে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অভিযোগও ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। প্রতি পাঁচ লিটার জ্বালানি তেলে ১৫০ মিলিলিটার কম দেয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্যাস সিলিন্ডার রিফিলের ডিভাইসসহ সংশ্লিষ্টদের হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ও ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

এছাড়া মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ২০ হাজার টাকা এবং মাতৃভূমি মিষ্টি কারখানাকে অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা পুলিশের একটি দল, গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়। অন্যথায় আরও কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে সতর্ক করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%