মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫৭ পি.এম
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর অবদানের বিষয়টি তুলে ধরেছেন। তিনি এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার নিউইয়র্কে বাংলাদেশের ৫৬তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই শ্রদ্ধা জানান। আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইরিন খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত অভিযানের কথা স্মরণ করেন এবং স্বাধীনতাসংগ্রামে তাদের সম্মিলিত প্রচেষ্টাকে বিশেষভাবে উল্লেখ করেন। তিনি এই যৌথ প্রচেষ্টাকে মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘকালীন অবদান সম্পর্কে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত বাংলাদেশি শান্তিরক্ষীদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, "অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশি শান্তিরক্ষীরা ঝুঁকিতে থাকা জনগণের সুরক্ষা দিচ্ছেন।" একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, তারা দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
আইরিন খান দেশের অভ্যন্তরে দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা প্রদান এবং অবকাঠামোগত উন্নয়নে সশস্ত্র বাহিনীর অবদানের কথাও তুলে ধরেন।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রেখেছেন। পাশাপাশি শান্তি, মানবিক কার্যক্রম ও আন্তর্জাতিক সংহতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত, সামরিক উপদেষ্টা, সামরিক প্রতিনিধি এবং অন্যান্য কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যে ফ্লুর সংক্রমণের মাত্রা ‘অতি উচ্চ’ পর্যায়ে পৌঁছেছে। দক্ষিণ ক্যারোলাইনাতেও ফ্লুর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সেখানে গত পাঁচ বছরের গড়ের তুলনায় ফ্লুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রে অন্তত ৩৭ লাখ মানুষ ফ্লুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের ভর্তি হয়েছেন ৫০ হাজার এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০০ জন। বিশেষভাবে শিশু, ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বাদের জন্য ফ্লু অধিক ঝুঁকিপূর্ণ।
বিশেষজ্ঞদের পরামর্শ হলো, ছয় মাসের বেশি বয়সী সকলকে ফ্লুর টিকা গ্রহণ করা উচিত। শিশুদের জন্য নিয়মিত হাত ধোয়া, কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা এবং অসুস্থ হলে অন্যদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুদের জন্য উপযোগী জ্বরের ওষুধ দেওয়া এবং পর্যাপ্ত পানি পান করানো অত্যন্ত জরুরি।
যদি শিশুর বয়স এক বছরের কম হয় কিংবা হাঁপানি, ক্যানসার ও ফুসফুসের রোগের মতো জটিলতা থাকে, তাহলে অসুস্থতার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বিশেষজ্ঞরা নির্দেশনা দিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোরের হত্যার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ প্রদান করেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানির সময় বেলা আড়াইটার দিকে তাকে এজলাসে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে রিমান্ডে চাওয়ার কারণ উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে আদালত তার এ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৭ নভেম্বর এই মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলায় সাঈদ খোকন এজাহার নামীয় ২৯ নম্বর আসামি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রেজাউল করিম মানিক
রংপুর, ২৪ নভেম্বর ২০২৬ : উত্তরের পাঁচ জেলা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধার কৃষকরা সার কার্ডের মাধ্যমে সার পেয়ে অনেকটাই স্বস্তির অনুভূতি প্রকাশ করেছেন। তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
বাসস প্রতিনিধির সাথে কথা বলার সময় কৃষকরা জানান, চাষাবাদের জন্য সার অত্যন্ত অপরিহার্য। তবে, সার পেতে তাদের দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হতে হয়েছে। বর্তমানে সার কার্ড হাতে পাওয়ার ফলে সেই ভোগান্তি অনেকটাই কমে গেছে।
রংপুর বিভাগীয় কৃষি অফিসের তথ্য অনুযায়ী, রংপুর কৃষি অঞ্চলের পাঁচটি জেলায় নিবন্ধনকৃত কৃষকের সংখ্যা ১২ লাখ ৮৮ হাজার ৫১৫ জন। এর মধ্যে ৬ লাখ ৫৫ হাজার ১২৩ জন ইতোমধ্যে সার কার্ড পেয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, লালমনিরহাটের পাঁচটি উপজেলায় সার কার্ডের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। এতে কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি ও দুশ্চিন্তার অবসান ঘটেছে।
গত ১ নভেম্বর থেকে উত্তরের এই পাঁচ জেলার তিন শতাধিক ইউনিয়নে সার কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, যার মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে সহজেই নির্ধারিত পরিমাণ সার পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। এই উদ্যোগের ফলে স্থানীয় কৃষক মহলে স্বস্তি এসেছে।
লালমনিরহাট কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ জেলার কৃষকদের মধ্যে সরকারি বরাদ্দকৃত সারের সুষম বণ্টন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সিন্ডিকেট বা যে-কোনো ধরনের অনিয়ম রোধ করতেই এই যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লালমনিরহাট জেলায় বর্তমানে মোট ২ লাখ ৩৯ হাজার ১৪৩ জন নিবন্ধিত কৃষক রয়েছেন। ইতোমধ্যে ৯৫ হাজার কৃষককে ‘সার কার্ড’ প্রদান করা হয়েছে এবং বাকি কৃষকদের জন্য দ্রুত কার্ড বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।
সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, সার কার্ড চালুর পর থেকে ডিলারদের দোকানে আগের মতো সারের জন্য দীর্ঘ লাইন বা বিশৃঙ্খলা নেই। কৃষকরা দোকানে গিয়ে শুধু কার্ড প্রদর্শন করেই নিজেদের নির্ধারিত কোটার সার স্বাচ্ছন্দ্যে নিতে পারছেন।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট গ্রামের কৃষক মো. আজগর আলী বাসস’কে বলেন, ‘আগে সার তুলতে গিয়ে আমাদের নানা ঝামেলা পোহাতে হতো। এখন সার কার্ড থাকায় খুব সহজেই নির্দিষ্ট পরিমাণ সার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।’
একই ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামের কৃষক সুশীল চন্দ্র রায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আগে সার সংগ্রহ করতে গিয়ে অনেক সময় ভোগান্তির শিকার হতে হতো। এখন ‘সার কার্ড’ থাকায় হয়রানি বন্ধ হয়েছে। সার পাওয়াও সহজ হয়েছে। কৃষি বিভাগের এই উদ্যোগে আমরা উপকৃত হচ্ছি।’
শুধু কৃষকরাই নন, সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররাও এই নতুন ব্যবস্থায় খুশি। কমলাবাড়ি চন্দনপাটের বিএডিসি ডিলার মেসার্স সজীব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বাচ্চু মিয়া বলেন, সার কার্ডের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করায় কৃষকদের অত্যন্ত সুশৃঙ্খলভাবে সার সরবরাহ করা সম্ভব হচ্ছে। প্রকৃত কৃষক সহজেই শনাক্ত করা যাচ্ছে এবং সারের সঠিক হিসাব, সংরক্ষণ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা অনেক সহজ হয়েছে।
আদিতমারী উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল জব্বার বলেন, জেলায় সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের কাছে সরকারি বরাদ্দকৃত সার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সার কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকের প্রাপ্যতা শতভাগ নিশ্চিত এবং অনিয়ম পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হবে।
তিনি বলেন, কৃষকবান্ধব এ উদ্যোগের ফলে সামগ্রিক কৃষি উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে। পুরো কার্যক্রমটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা সর্বদা মাঠে উপস্থিত থেকে তদারকি করছেন। এছাড়া উপজেলা কৃষি অফিস থেকেও নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া গ্রামের কৃষক আফছার আলী জানান, তিনি ৪ বিঘা জমি রবি ফসল চাষের জন্য প্রস্তুত করেছেন। সার কার্ড থাকায় সার পেতে কোনো সমস্যা হয়নি। এজন্য তিনি অত্যন্ত খুশি।
গংগাচড়ার চর ইচলির কৃষক সাদ্দাম হোসেন ও রাবু মিয়াসহ অনেক কৃষক সার কার্ড নিয়ে তাদের স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন, ভুট্টার জন্য জমি তৈরি করতে কোনো সমস্যা হয়নি। এবার সহজেই সার পেয়েছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু বকর সাইফুল ইসলাম বলেন, সরকার সার বিতরণে যাতে কৃষকরা ভোগান্তিতে না পড়েন এ জন্য সার কার্ডের ব্যবস্থা করেছে। এই কার্ডের মাধ্যমে সুষ্ঠুভাবে সার পাওয়ায় জেলার কৃষকরা অত্যন্ত খুশি। আমরা এখন ঝামেলা মুক্ত রয়েছি। এ অঞ্চলে পর্যাপ্ত সার মজুত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পদক্ষেপ বা আলোচনায় যাবে না যতক্ষণ না ইরানের সাতটি শর্ত পূরণ হয়। এই অবস্থানের পুনর্ব্যক্তি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পার্লামেন্টের একটি উন্মুক্ত অধিবেশনে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্য এবং হুমকির পরেও ইরানের অবস্থান স্পষ্ট এবং অপরিবর্তিত রয়েছে।
গালিবাফ বলেন, "ইরানি জনগণকে হুমকি দেওয়া, অপমানজনক মন্তব্য করা এবং অর্থনৈতিক চাপ বাড়ানোর কথা বলা মূলত একটি স্বাধীন ও প্রতিরোধী জাতির মুখোমুখি হয়ে ওয়াশিংটনের হতাশার বহিঃপ্রকাশ।"
তিনি আরও জানান, ইরান পূর্বে যে অবস্থান ঘোষণা করেছে, সেটি থেকে সরে আসবে না। তেহরান জানায়, সাতটি শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না এবং আলোচনায় বসার পরিকল্পনা নেই।
ইরানের পার্লামেন্ট স্পিকার সতর্ক করে বলেন, "শত্রুপক্ষ যদি কোনো ভুল হিসাব করে, তার জবাব হবে কঠোর। প্রয়োজনে যুদ্ধক্ষেত্রের ভৌগোলিক পরিসর পরিবর্তন করেও এর জবাব দেওয়া হবে।"
এর আগে ইরানের কর্মকর্তারা বারবার বলেছেন, সাতটি শর্ত দেশটির বৈধ অধিকার। কোনো ধরনের চাপ বা হুমকির মুখে এসব শর্ত থেকে সরে আসার সুযোগ নেই। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও একই অবস্থানের কথা জানান। তিনি বলেন, "সাতটি শর্ত কোনো অস্বাভাবিক দাবি নয় কিংবা আলোচনায় বসার নিছক পূর্বশর্তও নয়; বরং এগুলো ইরানি জনগণের অবিচ্ছেদ্য অধিকার।"
চলমান সংঘাতের অবসান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তেহরান এসব শর্ত তুলে ধরেছে। শর্তগুলোর মধ্যে রয়েছে সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ করা, নৌ অবরোধ প্রত্যাহার করা, বিদেশে জব্দ করা ইরানের সম্পদ মুক্ত করা এবং ভবিষ্যতে নতুন করে হামলা না চালানোর নিশ্চয়তা প্রদান করা। তবে সাতটি শর্তের পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ইরান।
এদিকে, কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় দুই দিনের একটি রোডম্যাপও প্রস্তাব করেছে তেহরান। ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি দেশটির বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করে এবং বিদেশে জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করে, তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ