প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রেজাউল করিম মানিক
রংপুর, ২৪ নভেম্বর ২০২৬ : উত্তরের পাঁচ জেলা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধার কৃষকরা সার কার্ডের মাধ্যমে সার পেয়ে অনেকটাই স্বস্তির অনুভূতি প্রকাশ করেছেন। তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
বাসস প্রতিনিধির সাথে কথা বলার সময় কৃষকরা জানান, চাষাবাদের জন্য সার অত্যন্ত অপরিহার্য। তবে, সার পেতে তাদের দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হতে হয়েছে। বর্তমানে সার কার্ড হাতে পাওয়ার ফলে সেই ভোগান্তি অনেকটাই কমে গেছে।
রংপুর বিভাগীয় কৃষি অফিসের তথ্য অনুযায়ী, রংপুর কৃষি অঞ্চলের পাঁচটি জেলায় নিবন্ধনকৃত কৃষকের সংখ্যা ১২ লাখ ৮৮ হাজার ৫১৫ জন। এর মধ্যে ৬ লাখ ৫৫ হাজার ১২৩ জন ইতোমধ্যে সার কার্ড পেয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, লালমনিরহাটের পাঁচটি উপজেলায় সার কার্ডের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। এতে কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি ও দুশ্চিন্তার অবসান ঘটেছে।
গত ১ নভেম্বর থেকে উত্তরের এই পাঁচ জেলার তিন শতাধিক ইউনিয়নে সার কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, যার মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে সহজেই নির্ধারিত পরিমাণ সার পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। এই উদ্যোগের ফলে স্থানীয় কৃষক মহলে স্বস্তি এসেছে।
লালমনিরহাট কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ জেলার কৃষকদের মধ্যে সরকারি বরাদ্দকৃত সারের সুষম বণ্টন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সিন্ডিকেট বা যে-কোনো ধরনের অনিয়ম রোধ করতেই এই যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লালমনিরহাট জেলায় বর্তমানে মোট ২ লাখ ৩৯ হাজার ১৪৩ জন নিবন্ধিত কৃষক রয়েছেন। ইতোমধ্যে ৯৫ হাজার কৃষককে ‘সার কার্ড’ প্রদান করা হয়েছে এবং বাকি কৃষকদের জন্য দ্রুত কার্ড বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।
সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, সার কার্ড চালুর পর থেকে ডিলারদের দোকানে আগের মতো সারের জন্য দীর্ঘ লাইন বা বিশৃঙ্খলা নেই। কৃষকরা দোকানে গিয়ে শুধু কার্ড প্রদর্শন করেই নিজেদের নির্ধারিত কোটার সার স্বাচ্ছন্দ্যে নিতে পারছেন।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট গ্রামের কৃষক মো. আজগর আলী বাসস’কে বলেন, ‘আগে সার তুলতে গিয়ে আমাদের নানা ঝামেলা পোহাতে হতো। এখন সার কার্ড থাকায় খুব সহজেই নির্দিষ্ট পরিমাণ সার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।’
একই ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামের কৃষক সুশীল চন্দ্র রায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আগে সার সংগ্রহ করতে গিয়ে অনেক সময় ভোগান্তির শিকার হতে হতো। এখন ‘সার কার্ড’ থাকায় হয়রানি বন্ধ হয়েছে। সার পাওয়াও সহজ হয়েছে। কৃষি বিভাগের এই উদ্যোগে আমরা উপকৃত হচ্ছি।’
শুধু কৃষকরাই নন, সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররাও এই নতুন ব্যবস্থায় খুশি। কমলাবাড়ি চন্দনপাটের বিএডিসি ডিলার মেসার্স সজীব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বাচ্চু মিয়া বলেন, সার কার্ডের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করায় কৃষকদের অত্যন্ত সুশৃঙ্খলভাবে সার সরবরাহ করা সম্ভব হচ্ছে। প্রকৃত কৃষক সহজেই শনাক্ত করা যাচ্ছে এবং সারের সঠিক হিসাব, সংরক্ষণ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা অনেক সহজ হয়েছে।
আদিতমারী উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল জব্বার বলেন, জেলায় সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের কাছে সরকারি বরাদ্দকৃত সার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সার কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকের প্রাপ্যতা শতভাগ নিশ্চিত এবং অনিয়ম পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হবে।
তিনি বলেন, কৃষকবান্ধব এ উদ্যোগের ফলে সামগ্রিক কৃষি উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে। পুরো কার্যক্রমটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা সর্বদা মাঠে উপস্থিত থেকে তদারকি করছেন। এছাড়া উপজেলা কৃষি অফিস থেকেও নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া গ্রামের কৃষক আফছার আলী জানান, তিনি ৪ বিঘা জমি রবি ফসল চাষের জন্য প্রস্তুত করেছেন। সার কার্ড থাকায় সার পেতে কোনো সমস্যা হয়নি। এজন্য তিনি অত্যন্ত খুশি।
গংগাচড়ার চর ইচলির কৃষক সাদ্দাম হোসেন ও রাবু মিয়াসহ অনেক কৃষক সার কার্ড নিয়ে তাদের স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন, ভুট্টার জন্য জমি তৈরি করতে কোনো সমস্যা হয়নি। এবার সহজেই সার পেয়েছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু বকর সাইফুল ইসলাম বলেন, সরকার সার বিতরণে যাতে কৃষকরা ভোগান্তিতে না পড়েন এ জন্য সার কার্ডের ব্যবস্থা করেছে। এই কার্ডের মাধ্যমে সুষ্ঠুভাবে সার পাওয়ায় জেলার কৃষকরা অত্যন্ত খুশি। আমরা এখন ঝামেলা মুক্ত রয়েছি। এ অঞ্চলে পর্যাপ্ত সার মজুত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন