প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর অবদানের বিষয়টি তুলে ধরেছেন। তিনি এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার নিউইয়র্কে বাংলাদেশের ৫৬তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই শ্রদ্ধা জানান। আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইরিন খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত অভিযানের কথা স্মরণ করেন এবং স্বাধীনতাসংগ্রামে তাদের সম্মিলিত প্রচেষ্টাকে বিশেষভাবে উল্লেখ করেন। তিনি এই যৌথ প্রচেষ্টাকে মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘকালীন অবদান সম্পর্কে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত বাংলাদেশি শান্তিরক্ষীদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, "অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশি শান্তিরক্ষীরা ঝুঁকিতে থাকা জনগণের সুরক্ষা দিচ্ছেন।" একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, তারা দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
আইরিন খান দেশের অভ্যন্তরে দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা প্রদান এবং অবকাঠামোগত উন্নয়নে সশস্ত্র বাহিনীর অবদানের কথাও তুলে ধরেন।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রেখেছেন। পাশাপাশি শান্তি, মানবিক কার্যক্রম ও আন্তর্জাতিক সংহতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত, সামরিক উপদেষ্টা, সামরিক প্রতিনিধি এবং অন্যান্য কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন