ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং
না.গঞ্জে মাদ্রাসায় আগুন

নারায়ণগঞ্জে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত ৭৭ জন, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে


নারায়ণগঞ্জে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত ৭৭ জন, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার ঘটনায় ৭৭ জন শিক্ষার্থীসহ ভর্তি হয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, কারণ ধোঁয়ায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে চারজন রোগী ভর্তি আছেন, এর মধ্যে একজন লাইফ সাপোর্টে রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা পার হওয়ার আগে তাদের ঝুঁকিমুক্ত বলা যাবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন এসব তথ্য জানান। তিনি বলেন, ঘটনার পর থেকে ধীরে ধীরে ৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। বাকি রোগীদের শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটে ব্যর্থতা, ব্যাংক ও কলেজে আগুন লাগানোর অভিযোগ

পাপন আরও বলেন, গুরুতর রোগীদের অক্সিজেন স্যাচুরেশন ধরে রাখতে সমস্যা হচ্ছে। কিছু রোগীর কাশির সঙ্গে রক্ত আসছে এবং শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

তিনি উল্লেখ করেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। ক্রিটিক্যাল কেয়ারে থাকা চারজন রোগীর মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে, তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে তাদের চিকিৎসা চলছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, একজন সংকটাপন্ন রোগীর জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে আরও কাউকে ছাড় দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, কিছু রোগী আতঙ্কিত হয়ে (প্যানিক অ্যাটাক) অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থার ভিত্তিতে তাদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড় দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে যারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাদেরও ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন: ধর্মঘটের পোস্টার সাঁটানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ও ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম, ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রসস্ট্যাটের নথি ফাঁস

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত: তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত: তথ্য প্রকাশ

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর প্রায় পাঁচ বছরের মধ্যে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস’ এবং ইউক্রেনের হ্যাকার সংগঠন ‘সাইলেন্ট ক্রো’ এই তথ্য সংগ্রহ করেছে। পরে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদসহ তথ্যভান্ডারটি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়া হয়।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যু সনদে যুদ্ধের কারণে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। সরকারি মৃত্যুর কারণসংক্রান্ত কোড এবং যুদ্ধ ও সামরিক অভিযানের লিখিত বিবরণ দ্বারা এসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই পরিসংখ্যান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যাপক প্রাণহানির চিত্র তুলে ধরেছে। অথচ যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নতুন করে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ১ নভেম্বর দুই হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের তথ্যভান্ডারে সাইবার হামলার ঘটনা জানায়। পরে সপ্তাহান্তে এসব তথ্য প্রকাশ করা হয়। রসস্ট্যাট সাইবার হামলার বিষয়টি স্বীকার করেছে, তবে সংবেদনশীল কোনো তথ্য চুরি হওয়ার দাবি অস্বীকার করেছে।

ফাঁস হওয়া তথ্যভান্ডারটি যুদ্ধের ময়দানে রাশিয়ার প্রাণহানির একটি বিস্তারিত চিত্র উপস্থাপন করেছে। এতদিন রুশ সরকার এই ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখার চেষ্টা করেছে। যুদ্ধের প্রথম কয়েক মাস পর থেকে দেশটি আনুষ্ঠানিকভাবে সেনা নিহতের কোনো হিসাব প্রকাশ করেনি। মস্কো সামরিক হতাহতের তথ্যকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচনা করে।

তবে দ্য গার্ডিয়ান পুরো তথ্যভান্ডারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবুও এতে উল্লেখ করা প্রাণহানির সংখ্যা অন্যান্য আন্তর্জাতিক হিসাবের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।

গত সেপ্টেম্বরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এক হিসাবে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম ‘মিডিয়াজোনা’ সরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তা এবং কবরের ছবি বিশ্লেষণ করে ইউক্রেনে নিহত প্রায় ২ লাখ ৮৬ হাজার রুশ সেনার নাম শনাক্ত করেছে। সংবাদমাধ্যমটির ধারণা, প্রকৃত নিহতের সংখ্যা ৫ লাখের কাছাকাছি।

জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান ইয়ানিস ক্লুগে বলেন, ফাঁস হওয়া তথ্যগুলো বিশ্বাসযোগ্য এবং এতে অনেক বিস্তারিত তথ্য রয়েছে।

তিনি আরও বলেন, রাশিয়ার সেনা নিহতের সংখ্যা নিয়ে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা।

তবে ফাঁস হওয়া হিসাবেও প্রকৃত নিহতের সংখ্যা কম দেখানো হয়ে থাকতে পারে। কারণ, অনেক সেনা এখনো নিখোঁজ রয়েছেন এবং অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ক্লুগে জানান, সেনা নিহত হওয়ার পর সরকারি নথিতে তা অন্তর্ভুক্ত করতে বেশ সময় লাগে। সাধারণত এ প্রক্রিয়ায় প্রায় ছয় মাস সময় প্রয়োজন হয়।

তার মতে, বর্তমানে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার প্রকৃত সংখ্যা ৪ লাখের চেয়ে ৫ লাখের কাছাকাছি হওয়ার সম্ভাবনাই বেশি।

ফাঁস হওয়া তথ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যুদ্ধের ক্ষয়ক্ষতি রাশিয়ার সব অঞ্চলে সমানভাবে পড়েনি। দেশটির দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে বেশি সেনা নিহত হয়েছেন। অর্থাৎ যুদ্ধের সবচেয়ে বড় মানবিক মূল্য দিতে হচ্ছে রাশিয়ার পিছিয়ে থাকা অঞ্চলগুলোর মানুষকে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মিডিয়া আপনাকে হিরোইন বা জিরোইন বানাতে পারে’— পরীমনির আচরণে হতাশা হিরো আলমের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


‘মিডিয়া আপনাকে হিরোইন বা জিরোইন বানাতে পারে’— পরীমনির আচরণে হতাশা হিরো আলমের

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের প্রতি চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ এবং গালিগালাজের ঘটনা নিয়ে আলোচনা থামছে না। শোবিজ অঙ্গনসহ চারপাশে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

এখন এই ঘটনার প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করে দুঃখ প্রকাশ করেছেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেও পরিচিত। তিনি পরীমনিকে গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শও দিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার উদ্বোধনী বা সমাপনী আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে হিরো আলম বলেন, "আজকে যদি মিডিয়া না থাকতো, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।"

পরীমনির আচরণে হতাশা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, "আমাদের মাঝে যারা সেলিব্রিটি ও মিডিয়াপারসন আছেন, তাদের সবারই গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি আপা সাংবাদিক ভাইকে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।"

পরীমনিকে অনুরোধ জানিয়ে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, "আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে! তাই আপনার কাছে অনুরোধ, এই ঘটনা নিয়ে দেশজুড়ে যে তোলপাড় চলছে, তার অবসান ঘটান এবং আর কোনো কাদা ছোড়াছুড়ি না করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিন।"

উল্লেখ্য, পরীমনি এবং সাংবাদিকদের মধ্যে এই অনভিপ্রেত ঘটনাটি নিয়ে বর্তমানে বিনোদন অঙ্গনে ব্যাপক তোলপাড় চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় রীতিতে নয়, যে আইনে বিয়ে সেরেছেন আসাদ ও পারশা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


ধর্মীয় রীতিতে নয়, যে আইনে বিয়ে সেরেছেন আসাদ ও পারশা

সামাজিক মাধ্যমে স্বামীর মুখ ঢেকে বিয়ের ছবি প্রকাশ করে দেশের শোবিজ ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিলেন তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। ভক্তদের মধ্যে গায়িকার বর সম্পর্কে জানার আগ্রহের কোনো কমতি ছিল না। তবে সব রহস্যের সমাধান করে বিতর্কিত ব্লগার আসাদ নূর সামনে এসে পারশার সঙ্গে বিয়ের বিষয়টি স্বীকার করেন।

তিনি জানান, ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ভারতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’ (Special Marriage Act, 1954)-এর আওতায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে আসাদ নূর একটি ভিডিও বার্তায় নিজের ইউটিউব ও ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়টি স্বীকার করেন।

স্বঘোষিত নাস্তিক হিসেবে পরিচিত এই ব্লগার জানান, তাদের বিয়েতে প্রচলিত ধর্মীয় আনুষ্ঠানিকতা বা বিধিবিধান অনুসরণ করা হয়নি। বরং ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় তাদের বিবাহবন্ধন সম্পন্ন হয়েছে।

বিয়ের খবরটি এতদিন গোপন রাখার এবং নানা রহস্য তৈরি করার পেছনের কারণও তিনি ব্যাখ্যা করেন। আসাদ নূরের মতে, সমাজের কিছু গতানুগতিক ট্যাবু ভাঙতে এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখতেই তারা পরিকল্পিতভাবে এই রহস্য তৈরি করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা একে অপরকে ফলো করার মতো ছোটোখাটো ক্লুগুলোও ছিল সেই সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ।

এ ছাড়া লাইভে নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস এবং পারশাকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো আপত্তিকর এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছবি ও ট্রলের বিষয়েও তিনি কঠোর মন্তব্য করেছেন।

তিনি স্পষ্টভাবে জানান, পারশার পরিবার ও তার সংগীত ক্যারিয়ারের প্রতি পূর্ণ সম্মান রেখেই তারা দুজন একসঙ্গে পথ চলার এই বড় সিদ্ধান্ত নিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যবর্তী নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


মধ্যবর্তী নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের জয়ের পর তাদের অভিনন্দন জানিয়ে ফল মেনে নেওয়ার কথা বললেও, এক সপ্তাহের মধ্যে তিনি নিজের অবস্থান পরিবর্তন করেছেন।

স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি পোস্টে লেখেন, ‘এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে কি কেউ সত্যিই বিশ্বাস করে? জরিপগুলো এত ভুল হলো কীভাবে?’

নির্বাচনের পূর্বে বিভিন্ন জনমত জরিপে ডেমোক্র্যাটদের ভালো ফলের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। এসব জরিপে উল্লেখ করা হয়েছিল, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি সিনেটেও জয়ের সম্ভাবনা রয়েছে দলের। নির্বাচনের ফলও শেষ পর্যন্ত ডেমোক্র্যাটদের পক্ষে গেছে।

২০১৬, ২০২০ ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে রিপাবলিকানদের সমর্থন কম দেখানো হয়েছে বলে অভিযোগ করে আসছিল দলটি। কিন্তু এবারের নির্বাচনে জরিপের ফল উল্টোভাবে রিপাবলিকানদের জন্য প্রতিকূলতা সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা পিউ রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর ও সিনেটের ২৭টি আসনের মধ্যে ২৩টিতে নির্বাচনের পূর্বের জরিপে ডেমোক্র্যাটদের জয়ের ব্যবধান অন্তত ২ শতাংশ কম দেখানো হয়েছিল।

ট্রাম্প আরও অভিযোগ করেন, আগাম ভোটের কিছু ফল এত বেশি ছিল যে রিপাবলিকানদের পক্ষে জয় পাওয়া অসম্ভব হয়ে পড়ে। তবে নির্বাচনে কারচুপি বা কোনো ধরনের অনিয়মের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। গত কয়েকদিন ধরে ভোটার উপস্থিতির তথ্য নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন গ্রাফ শেয়ার করেছেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট, উভয় কক্ষেই বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কয়েকটি এলাকায়ও জয় লাভ করেছে দলটি। নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের এটি প্রথম সরাসরি প্রশ্ন।

এর আগে গত রোববার (৮ নভেম্বর) সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের ফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের অভিনন্দন জানানো নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাদের সঙ্গে কাজ করতেও তিনি আগ্রহী।

নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় নিশ্চিত হওয়ার পর সিবিএস নিউজের সঙ্গে ফোনালাপে তাদের অভিনন্দন জানান ট্রাম্প। পরে ফক্স নিউজকে বলেন, দলটি ‘ভালো করেছে’। গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসকেও তিনি জানান, নির্বাচনের ফল তিনি নিঃসন্দেহে মেনে নিয়েছেন।

তবে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন। ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করেছেন ডেমোক্র্যাটদের সিনেট নেতা চাক শুমার। তিনি বলেন, ট্রাম্প আবারও নির্বাচন অস্বীকারের অবস্থানে ফিরবেন, সেটাই প্রত্যাশিত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে শুমার লেখেন, ট্রাম্প যতই অভিযোগ করুন না কেন, সত্য বদলানো যাবে না। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ দুই বছরে তাকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ডেমোক্র্যাট কংগ্রেসের মুখোমুখি হতে হবে। কারণ ট্রাম্প নজিরবিহীনভাবে ব্যর্থ হয়েছেন।

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর রিপাবলিকান দলের নেতারাও ক্রমেই ট্রাম্পের কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছেন। এমনকি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করা রক্ষণশীল ভাষ্যকার মেগিন কেলিও তার নির্বাচনে কারচুপির অভিযোগের জবাবে এক্সে লিখেছেন, ‘এবার থামুন।’

তথ্যসূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%