০৫:০০ পি.এম
খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে ফের কালি লেপন করা হয়েছে। এর আগে একই প্রতিকৃতিতে কালি লাগানোর পর নতুন করে আঁকা হয়েছিল। ১৬ দিন পর আবারও এই প্রতিকৃতিটি বিকৃতির শিকার হয়েছে।
রবিবার সকালে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। তবে এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ এখনও সক্ষম হয়নি।
সরেজমিনে দেখা যায়, যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে জুলাই গণ–অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প, সুন্দরবনের গ্রাফিতির পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়সহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি রয়েছে। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিটি এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির মাঝখানে অবস্থিত। কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল কালিতে ঢেকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফতুল্লায় পুলিশের কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা, পালিয়ে বাঁচলেন এএসআই
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সম্ভবত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। দুপুর ১২টার দিকে বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগেরবারের ঘটনার সময় প্রতিকৃতিতে কালি লাগানোর কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ নিজেদের মতো করে বিষয়টি তদন্ত করছে। আগের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ৬ নভেম্বর রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখে কালি লাগানো এবং পাশে দুটি পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পোস্টার দুটিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনাম ছিল। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন