শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১০ পি.এম
প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মৌলিক সমস্যাগুলোর সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও। তিনি উল্লেখ করেন, দেশে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে এবং কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তিনি প্রশ্ন করেন, "এ কোন বাংলাদেশ, আমরা কোন জাতি?" তিনি সতর্ক করেন, নিজেদের হাতেই নিজেদের ধ্বংস করা হচ্ছে এবং এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে ছাত্রসমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীরা পরিবর্তনের দাবি নিয়ে রাজপথে নেমেছে। তবে দুর্ভাগ্যজনকভাবে সব সময় সেই প্রত্যাশা পূরণ হয়নি।
ঢাকা কলেজের ঐতিহ্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এটি বাংলাদেশ, এ অঞ্চল ও সমগ্র উপমহাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। তিনি উল্লেখ করেন, এ কলেজ থেকে বহু সৃজনশীল ও মেধাবী মানুষ তৈরি হয়েছেন। শিক্ষার্থীরা বরাবরই রাজনৈতিকভাবে সচেতন ছিলেন এবং দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। তবে কলেজের শিক্ষার্থীদের আবাসন, হোস্টেল, সমৃদ্ধ লাইব্রেরি ও আধুনিক গবেষণাগারের সংকটের কথা শুনে তিনি হতাশা প্রকাশ করেন।
শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, শিক্ষার্থীরা স্নাতক শেষ করে কর্মজীবনে প্রবেশ করলেও পর্যাপ্ত কর্মসংস্থান পাচ্ছে না। তিনি বলেন, "এ পরিস্থিতি পরিবর্তনে শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে।" শিক্ষা যেন শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও বাস্তব জীবনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এ দেশের জন্য পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন এবং নতুন প্রজন্মের অনেক তরুণও দেশের পরিবর্তনের স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগের ভিত্তিতে এমন একটি মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে পরবর্তী প্রজন্ম মর্যাদা নিয়ে বাঁচতে পারবে এবং নিজেদের সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে।
শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে প্রেসিডেন্ট বলেন, তাঁদের কাজ শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনেও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা, গবেষণা, জ্ঞান অনুসন্ধান ও সৃজনশীল চিন্তার বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
নতুন প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, তরুণেরা অনেক বেশি সৃজনশীল, সাহসী ও উদ্যোগী। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের হাত ধরেই বাংলাদেশ একটি বাসযোগ্য, মানবিক ও গণতান্ত্রিক সমাজ হিসেবে গড়ে উঠবে।
উল্লেখ্য, ১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত ঢাকা কলেজ দেশের অন্যতম প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার ১৮৫ বছর পূর্ণ করে শুক্রবার প্রতিষ্ঠানটি ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে কলেজে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে সাগরের উত্তাল পরিস্থিতির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক ও শিক্ষার্থী সেন্টমার্টিনে আটকা পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরের উত্তাল অবস্থার জন্য নৌপথে পর্যটকবাহী জাহাজের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের সেন্টমার্টিনে অবস্থান করতে হবে।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম এ বিষয়ে বলেন, “আমরা এখানে ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে আটকা পড়েছিলাম। এতে শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে।” তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্যের পক্ষ থেকে তাঁদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের মনোবল বাড়িয়েছে। ভ্রমণ বাতিল হওয়ার কারণে শিক্ষার্থীরা সাময়িক আর্থিক সংকটে পড়েছেন, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, “বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই আমি কক্সবাজার সার্কেলের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছি।” তিনি জানান, পুলিশ সুপার তাঁকে আশ্বস্ত করেছেন যে, সাগরের ঢেউ কমে গেলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া, অনাকাঙ্ক্ষিতভাবে অতিরিক্ত দুই দিন অবস্থান করতে হওয়ায় শিক্ষার্থীদের আর্থিক বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “আমি বিভাগের শিক্ষক ড. মানিকুল ইসলামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।” সাগরের ঢেউয়ের পরিস্থিতি অনুকূলে না থাকলে শিক্ষার্থীদের আগামীকালও সেখানে অবস্থান করতে হতে পারে। তবে উত্তাল সাগরে যেন শিক্ষার্থীরা যাতায়াত না করেন, সে বিষয়ে বিভাগের শিক্ষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন এবং বাজার মূলধন উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই সময়ে পূর্ববর্তী সপ্তাহের তুলনায় গড় দৈনিক লেনদেন ২১ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে গেছে। সপ্তাহজুড়ে তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজার মূলধন ৩ হাজার ৪৫২ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।
ডিএসইর ১৯ নভেম্বর প্রকাশিত সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহ শেষে ডিএসইতে তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজার মূলধন ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকায় পৌঁছেছে। আগের সপ্তাহ শেষে এর পরিমাণ ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। ফলে, এক সপ্তাহে বাজার মূলধন শূন্য দশমিক ৫২ শতাংশ বেড়ে গেছে।
গত সপ্তাহে ডিএসইতে গড় দৈনিক লেনদেনের পরিমাণ ৮০৮ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকায় পৌঁছেছে। আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ৬৬৫ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে গড় দৈনিক লেনদেন ১৪২ কোটি ৯৮ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।
পাঁচ কার্যদিবসে, ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪ হাজার ৪৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা হয়েছে। আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকা। এ সময়ে মোট ১০ লাখ ৫৪ হাজার ৬৭৩টি হাওলা সম্পন্ন হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৯ লাখ ৮৪ হাজার ৫৯৮টি।
সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে পৌঁছেছে। আগের সপ্তাহ শেষে এই সূচক ছিল ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্ট। ফলে, এক সপ্তাহে সূচকটি ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়েছে।
এছাড়া, ডিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ বেড়ে ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১৬ দশমিক ৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ১ হাজার ৭৪ দশমিক ০৮ পয়েন্টে পৌঁছেছে।
অন্যদিকে, ডিএসইর এসএমই সূচক ডিএসইএমইএক্স ১৯ দশমিক ২৯ পয়েন্ট বা ২ দশমিক ০৫ শতাংশ কমে ৯২২ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ১২২ কোটি ২৩ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ১০৭ কোটি ৩৭ লাখ ৭০ হাজার শেয়ার। ফলে, শেয়ার লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, গড় দৈনিক শেয়ার লেনদেনের পরিমাণ ১৩ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ২৪ কোটি ৪৪ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে।
বাজারে গত সপ্তাহে ১৫৩টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। বিপরীতে, ১৫৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং ৪০টির দাম অপরিবর্তিত ছিল। এ সময়ে ৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়নি।
লেনদেনের খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৪ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকা, এসএমই মার্কেটে ২০ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকা এবং অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) ১ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া, সরকারি সিকিউরিটিজে লেনদেন হয়েছে ১০ লাখ টাকা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার মুসল্লির উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রায় ১৫ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
দোয়ার পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু বগুড়ার কৃতীসন্তান নন, তিনি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।" তার ৬২তম জন্মদিনে মহান আল্লাহর দরবারে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য দোয়া করা হয়েছে। তিনি যেন সুস্থ থেকে দেশ ও জাতির কল্যাণে, মানুষের ভাগ্যোন্নয়নে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারেন, মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা করা হয়েছে। তিনি আরও বলেন, "তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।"
দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে জিয়া পরিবারের সকল সদস্যের জন্যও দোয়া করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে এত বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে এই বিশেষ দোয়া ও মোনাজাত ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এর আগে মোকামতলা ও শিবগঞ্জে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে নিমগাছের চারা ও মগ প্রদান করেন প্রতিমন্ত্রী। এছাড়া ৬২তম জন্মদিন উপলক্ষে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ দুই উপজেলার সকল শিক্ষার্থীকে উপহার দেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের শ্রীপুরের চক গ্রামের মেডিকেল মোড়ে মাছ বিক্রি করেন জসিম উদ্দিন। দেশি প্রজাতির একটি বকের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। প্রতিদিন মানুষ জসিমের মাছের দোকানে ভিড় করেন বকের সঙ্গে গড়ে ওঠা এই সম্পর্ক দেখতে। মাছের লোভে নয়, বরং জসিমের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বের টানে বকটি প্রতিদিন ফিরে আসে।
রাতে বকটি জসিমের মাছের দোকানের ভেতরেই অবস্থান করে। ভোর হলেই অজানা গন্তব্যের উদ্দেশে পাড়ি দেয়। সারাদিন বকের ঝাঁকের সঙ্গে খাল-বিল, খোলা মাঠ ও জলাশয়ে ঘুরে বেড়ায়। সূর্যাস্তের সময় অন্য বকেরা যখন নিরাপদ আশ্রয়ে ফিরে যায়, তখন বকটি জসিমের কোলে বসে নিরাপদ আশ্রয় খুঁজে পায়। মানুষের সঙ্গে পাখির এই বন্ধুত্বের দৃশ্য প্রতিদিন দেখা যায়।
সন্ধ্যা হলেই বকটিকে ঘিরে জসিমের ব্যস্ততা বাড়ে। বকটি ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি নিজের হাতে মাছ খাওয়ান। কখনো বকটি তার কোলে বসে থাকে, কখনো মাছ বিক্রির টেবিলে। আবার জসিম দোকান থেকে একটু দূরে গেলেই বকটি তার বসার কাঠের পিঁড়িতে দাঁড়িয়ে থাকে। দোকানে অপরিচিত কেউ এলে কখনো তেড়ে যায়, ভয়ও দেখায়। কিন্তু জসিম ফিরে এলেই বকটি শান্ত হয়ে যায়।
এভাবে ছয় মাস ধরে গড়ে উঠেছে মানুষ ও পাখির মধ্যে একটি অদ্ভুত মায়ার সম্পর্ক। যে পাখিটিকে একদিন জসিম কুড়িয়ে পেয়েছিলেন, সেই পাখিই এখন প্রতিদিন নিজের ইচ্ছায় তার কাছে ফিরে আসে। এখানে নেই কোনো খাঁচা, নেই শিকল; আছে শুধু ভালোবাসার টান।
মাছ বিক্রেতা জসিম উদ্দিনের (৩০) বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে। তার বাবার নাম মানিক মিয়া।
বকের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে জসিম জানান, ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসের দিকে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে নিচে পড়ে যায় বকের ছানাটি। তখন ছানাটির বয়স ছিল প্রায় ১০ দিন। সেখান থেকে ছানাটিকে কুড়িয়ে আনেন তিনি। তবে ছোট্ট ছানাটিকে বাঁচাতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন জসিম।
পরে তিনি বকটির বিশেষ যত্ন নিতে শুরু করেন। দৈনন্দিন কাজের পাশাপাশি পরম যত্নে ছানাটিকে বড় করে তোলেন। একসময় উড়তেও শিখে যায় বকটি। ইচ্ছা করলে পাখিটিকে খাঁচায় বন্দী করে রাখতে পারতেন তিনি। কিন্তু তা করেননি। ধীরে ধীরে নিজের ডানা মেলে আকাশে উড়তে শুরু করে বকটি।
এখন সকালে উড়ে চলে যায় অজানা গন্তব্যে। নিজের মতো করে সারাদিন ঘুরে বেড়ায়। কিন্তু সন্ধ্যা নামলেই, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ফিরে আসে জসিমের কাছে। উড়ে এসে বসে পড়ে তার কোলে। জসিমও তাকে পরম মমতায় মাছ খেতে দেন। রাতে দোকান বন্ধ করার পর দোকানের ভেতরেই অবস্থান করে বকটি। সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গে আবার উড়ে যায় নিজের মতো করে।
সম্প্রতি জসিমের দোকানে গিয়ে কথা বলতে বলতে পাখিটির নিরাপত্তা নিয়ে অন্যদের সতর্কবার্তার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। অনেকে তাকে বলেন, বকটি একদিন তার চোখের ক্ষতি করতে পারে কিংবা কোনো বিপদ ঘটাতে পারে। তাই পাখিটিকে দূরে রাখতে বলেন কেউ কেউ। তবে এসব কথায় দমে যান না জসিম।
জসিম বলেন, "অনেকে বলে, বকটি একদিন আমার ক্ষতি করবে। আমি তাদের কথায় কান দিই না। সে যেহেতু আমাকে ভালোবেসে প্রতিদিন সন্ধ্যায় আসে, আমিও তাকে ভালোবাসি। আমি তো তাকে বন্দী করিনি। কোনো দিন বন্দী করবও না। সে নিজের মতো সকালে উড়ে যায়, আবার সন্ধ্যায় আমাকে আপন মনে করে আশ্রয়ের জন্য ফিরে আসে। আমি তাকে কেন বন্দী করব?"
তিনি আরও বলেন, "ও যদি কোনো দিন চলে যায়, আর না আসে, তাহলে আমার হয়তো অনেক দুঃখ লাগবে। কিন্তু এটা ভেবে শান্তি পাব যে, ও নিজের জায়গায় ভালো আছে। আমি তাকে কোনো দিন বিরক্ত করি না, করবও না। আমার কাছে প্রত্যেক প্রাণীই গুরুত্বপূর্ণ, তাদের স্বাধীনতাও গুরুত্বপূর্ণ।"
জসিমের এই পাখিপ্রেমের কথা এলাকায় ছড়িয়ে পড়েছে। অনেকেই দূরদূরান্ত থেকে তার দোকানে এসে বকটিকে দেখেন। কেউ কেউ বকটি কিনে নিয়ে যেতে চান, অনেকে দামও বলেন। কিন্তু জসিম জানান, ছোটবেলা থেকেই বকটিকে পরিবারের সদস্যের মতো লালন-পালন করেছেন তিনি। এখন পাখিটির প্রতি তার গভীর মায়া জন্মেছে। প্রতিদিন নিজের হাতে মাছ খাওয়ান। অনেকে এসে বকটি বিক্রি করে দিতে বলেন, অনেক টাকার প্রস্তাবও দেন। কিন্তু কোনো কিছুর বিনিময়েই বকটি বিক্রি করতে রাজি নন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ