প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের শ্রীপুরের চক গ্রামের মেডিকেল মোড়ে মাছ বিক্রি করেন জসিম উদ্দিন। দেশি প্রজাতির একটি বকের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। প্রতিদিন মানুষ জসিমের মাছের দোকানে ভিড় করেন বকের সঙ্গে গড়ে ওঠা এই সম্পর্ক দেখতে। মাছের লোভে নয়, বরং জসিমের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বের টানে বকটি প্রতিদিন ফিরে আসে।
রাতে বকটি জসিমের মাছের দোকানের ভেতরেই অবস্থান করে। ভোর হলেই অজানা গন্তব্যের উদ্দেশে পাড়ি দেয়। সারাদিন বকের ঝাঁকের সঙ্গে খাল-বিল, খোলা মাঠ ও জলাশয়ে ঘুরে বেড়ায়। সূর্যাস্তের সময় অন্য বকেরা যখন নিরাপদ আশ্রয়ে ফিরে যায়, তখন বকটি জসিমের কোলে বসে নিরাপদ আশ্রয় খুঁজে পায়। মানুষের সঙ্গে পাখির এই বন্ধুত্বের দৃশ্য প্রতিদিন দেখা যায়।
সন্ধ্যা হলেই বকটিকে ঘিরে জসিমের ব্যস্ততা বাড়ে। বকটি ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি নিজের হাতে মাছ খাওয়ান। কখনো বকটি তার কোলে বসে থাকে, কখনো মাছ বিক্রির টেবিলে। আবার জসিম দোকান থেকে একটু দূরে গেলেই বকটি তার বসার কাঠের পিঁড়িতে দাঁড়িয়ে থাকে। দোকানে অপরিচিত কেউ এলে কখনো তেড়ে যায়, ভয়ও দেখায়। কিন্তু জসিম ফিরে এলেই বকটি শান্ত হয়ে যায়।
এভাবে ছয় মাস ধরে গড়ে উঠেছে মানুষ ও পাখির মধ্যে একটি অদ্ভুত মায়ার সম্পর্ক। যে পাখিটিকে একদিন জসিম কুড়িয়ে পেয়েছিলেন, সেই পাখিই এখন প্রতিদিন নিজের ইচ্ছায় তার কাছে ফিরে আসে। এখানে নেই কোনো খাঁচা, নেই শিকল; আছে শুধু ভালোবাসার টান।
মাছ বিক্রেতা জসিম উদ্দিনের (৩০) বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে। তার বাবার নাম মানিক মিয়া।
বকের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে জসিম জানান, ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসের দিকে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে নিচে পড়ে যায় বকের ছানাটি। তখন ছানাটির বয়স ছিল প্রায় ১০ দিন। সেখান থেকে ছানাটিকে কুড়িয়ে আনেন তিনি। তবে ছোট্ট ছানাটিকে বাঁচাতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন জসিম।
পরে তিনি বকটির বিশেষ যত্ন নিতে শুরু করেন। দৈনন্দিন কাজের পাশাপাশি পরম যত্নে ছানাটিকে বড় করে তোলেন। একসময় উড়তেও শিখে যায় বকটি। ইচ্ছা করলে পাখিটিকে খাঁচায় বন্দী করে রাখতে পারতেন তিনি। কিন্তু তা করেননি। ধীরে ধীরে নিজের ডানা মেলে আকাশে উড়তে শুরু করে বকটি।
এখন সকালে উড়ে চলে যায় অজানা গন্তব্যে। নিজের মতো করে সারাদিন ঘুরে বেড়ায়। কিন্তু সন্ধ্যা নামলেই, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ফিরে আসে জসিমের কাছে। উড়ে এসে বসে পড়ে তার কোলে। জসিমও তাকে পরম মমতায় মাছ খেতে দেন। রাতে দোকান বন্ধ করার পর দোকানের ভেতরেই অবস্থান করে বকটি। সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গে আবার উড়ে যায় নিজের মতো করে।
সম্প্রতি জসিমের দোকানে গিয়ে কথা বলতে বলতে পাখিটির নিরাপত্তা নিয়ে অন্যদের সতর্কবার্তার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। অনেকে তাকে বলেন, বকটি একদিন তার চোখের ক্ষতি করতে পারে কিংবা কোনো বিপদ ঘটাতে পারে। তাই পাখিটিকে দূরে রাখতে বলেন কেউ কেউ। তবে এসব কথায় দমে যান না জসিম।
জসিম বলেন, "অনেকে বলে, বকটি একদিন আমার ক্ষতি করবে। আমি তাদের কথায় কান দিই না। সে যেহেতু আমাকে ভালোবেসে প্রতিদিন সন্ধ্যায় আসে, আমিও তাকে ভালোবাসি। আমি তো তাকে বন্দী করিনি। কোনো দিন বন্দী করবও না। সে নিজের মতো সকালে উড়ে যায়, আবার সন্ধ্যায় আমাকে আপন মনে করে আশ্রয়ের জন্য ফিরে আসে। আমি তাকে কেন বন্দী করব?"
তিনি আরও বলেন, "ও যদি কোনো দিন চলে যায়, আর না আসে, তাহলে আমার হয়তো অনেক দুঃখ লাগবে। কিন্তু এটা ভেবে শান্তি পাব যে, ও নিজের জায়গায় ভালো আছে। আমি তাকে কোনো দিন বিরক্ত করি না, করবও না। আমার কাছে প্রত্যেক প্রাণীই গুরুত্বপূর্ণ, তাদের স্বাধীনতাও গুরুত্বপূর্ণ।"
জসিমের এই পাখিপ্রেমের কথা এলাকায় ছড়িয়ে পড়েছে। অনেকেই দূরদূরান্ত থেকে তার দোকানে এসে বকটিকে দেখেন। কেউ কেউ বকটি কিনে নিয়ে যেতে চান, অনেকে দামও বলেন। কিন্তু জসিম জানান, ছোটবেলা থেকেই বকটিকে পরিবারের সদস্যের মতো লালন-পালন করেছেন তিনি। এখন পাখিটির প্রতি তার গভীর মায়া জন্মেছে। প্রতিদিন নিজের হাতে মাছ খাওয়ান। অনেকে এসে বকটি বিক্রি করে দিতে বলেন, অনেক টাকার প্রস্তাবও দেন। কিন্তু কোনো কিছুর বিনিময়েই বকটি বিক্রি করতে রাজি নন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন