০৬:১৯ পি.এম
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দায়িত্বরত পুলিশের সঙ্গে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান দুর্ব্যবহার করেছেন, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি উল্লেখ করেন, সকালে কারাগারে অসুস্থতার ভান ধরেছেন জিয়াউল আহসান, অথচ তিনি সম্পূর্ণ সুস্থ। তার এই নাটকীয়তার কারণে আদালতের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, পূর্বের তারিখেও জিয়াউল আহসান আদালতে আসতে চাচ্ছিলেন না। তাকে অনেক কষ্টে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। ওই দিন তিনি হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়ে সানগ্লাস, ইস্ত্রি করা পোশাক ও দামি জুতা পরে আদালতে হাজির হন। তার অসহযোগিতার কারণে সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দুপুর ২টায় কার্যক্রম শুরু করতে হয়েছে।
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
মো. আমিনুল ইসলাম জানান, জিয়াউল আহসান ট্রাইব্যুনালে দাবি করেছিলেন যে, তাকে আলাদা প্রিজনভ্যানে না এনে অন্য আসামিদের সঙ্গে একই ভ্যানে আদালতে আনা হবে। ওই দিন তার সহোদর বোন নাজনীন আক্তারও দায়িত্বরত পুলিশ সদস্যদের হুমকি প্রদান করেছিলেন। এছাড়া, তার সঙ্গে থাকা একজন সহকারী অবৈধভাবে এসব ঘটনার ভিডিও ধারণ ও আপলোড করেছেন।
আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসান ও তার বোনের এই ধরনের আচরণ আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা। এই আচরণ অব্যাহত থাকলে নাজনীন আক্তারের বিরুদ্ধে লিখিত আবেদন করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।
চিফ প্রসিকিউটর আরও জানান, আজ সকালে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানিয়ে জিয়াউল আহসান অসুস্থতার কথা বলেছিলেন। কখনো অসুস্থতার কথা, আবার কখনো নানা অজুহাত দেখিয়ে তিনি দায়িত্বরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছেন, এমনটি রেজিস্ট্রি অফিসকে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। পরে তাকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সব আসামিকে হাতকড়ায় আদালতে হাজির করেছে জেল কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে কোন আসামিকে কীভাবে আনা হবে, সেটি তাদের একচ্ছত্র এখতিয়ার। এছাড়া, জিয়াউল আহসানকে একই প্রিজনভ্যানে আনা হলে অপর আসামিদের ক্ষতি বা কোনো দুর্ঘটনা ঘটার পরিকল্পনা থাকতে পারে, এমন বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এই কারণেই তাকে হাতকড়ায় আনা হয়েছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি একটি গভীর ষড়যন্ত্র চলছে এবং এর মূল মাস্টারমাইন্ড জিয়াউল আহসান। আজও তার নাটকীয়তার কারণে আদালতের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে। এই পরিস্থিতিতে কোনো আসামি অসুস্থতা, নিরাপত্তা ঝুঁকি কিংবা অসহযোগিতার কারণে আদালতে হাজির হতে না পারলে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনার জন্য আমরা ট্রাইব্যুনালের কাছে আদেশ চেয়েছি।
আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?
আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব আইনে অডিও-ভিডিও বা ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে। যদি কোনো আসামি অসুস্থ থাকে, আদালতে আসতে অস্বীকৃতি জানায়, অসহযোগিতামূলক আচরণ করে অথবা নিরাপত্তার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব না হয়, তাহলে ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম চালানো যেতে পারে। শুধু জিয়াউল আহসান নয়, যেকোনো আসামি আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি করলে বা কোনো অজুহাতে হাজির হতে না চাইলে তিনি যেখানে থাকবেন, সেখান থেকেই ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালানোর আবেদন করা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ আদেশ দেবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন। তাদের পক্ষে আজ শুনানির দিন ধার্য ছিল। গ্রেপ্তার ১১ আসামির পক্ষে সময় চাওয়ায় আগামী ২৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। তবে শেখ হাসিনাসহ পলাতক সাত আসামির অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন