০৬:২১ পি.এম
রাজধানীর মিরপুরের রূপনগরে মিছিলের প্রস্তুতি চলাকালীন সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ক এবং সৈনিক লীগের এক সাবেক সাংগঠনিক সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের রূপনগর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) এবং মো. জাহিদ (২৬)।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে রূপনগর থানাধীন রূপনগর টিনশেডের ৮ নম্বর রোডের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা, সেই সময় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা রূপনগর থানাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
গ্রেফতার হওয়া শাকিল হাসান আলিফের স্থায়ী ঠিকানা বরিশালের বাকেরগঞ্জ থানার আফাল কাটি এলাকায়। অন্যদিকে, নাহিদ ইসলামের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার পশ্চিম আঙ্গারিয়া এলাকায়। গোলাম রাব্বি ও জাহিদও রূপনগর টিনশেড এলাকায় বসবাস করেন।
এই বিষয়ে রূপনগর থানার অফিসার ইনচার্জ এবি সিদ্দিক গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোর ৫টা ২০ মিনিটে রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন