মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৪ পি.এম
সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিও বিশ্লেষণ করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।
ডিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ছড়িয়ে পড়া অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি একাধিক অনলাইন টুলের মাধ্যমে অডিওগুলো পরীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি আরও উল্লেখ করেছে যে, আমির হামজার নামে প্রচারিত অডিওগুলোর সত্যতা নিশ্চিত করতে প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে, আমির হামজা এবং তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই কারণে কথোপকথনগুলো কার সঙ্গে এবং কী প্রেক্ষাপটে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
দ্য ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী, ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন। তিনি পোস্টে উল্লেখ করেন যে, ফ্যাক্টচেক করে এসব তথ্যের সত্যতা পেয়েছেন।
ফাঁস হওয়া বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে (আমির হামজার কণ্ঠ) ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়। কথোপকথনে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’
অডিওতে আরও বলতে শোনা যায়, ‘একদম হুলুস্থুল করে ফেললো বিষয়টা, বিষয়টা একটু ঘুলিয়ে পাকিয়ে গেলো। আমি আপনাদেরকে এত ক্ষমা চাওয়া, মাফ চাওয়ার পরেও আপনারা বললেন যে কন্ট্রোলে আছে, কিছু হবে না আমার দ্বারা, আপনার কোনো ক্ষতি হবে না। এই যে এখন কি, কোন জায়গায় যেয়ে ঠেকবে ঠিক নাই।...আপনাদের ওপর আমার কোনো রাগ ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’
এদিকে, ৬ নভেম্বর বগুড়ার একটি ওয়াজ মাহফিলে আমির হামজা অভিযোগ করেন যে, তার বিরুদ্ধে প্রচারিত বক্তব্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি এ ঘটনার পেছনে ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। পরে, তার বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে অডিও-ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসরাইলের রাজনীতিতে একটি নতুন মোড় এসেছে। দেশের ২৬তম নেসেটের (সংসদ) শপথগ্রহণ অনুষ্ঠান এবং সরকার গঠনের প্রক্রিয়ার প্রেক্ষাপটে গ্যাডি আইজেনকোটের (Gadi Eisenkot) নেতৃত্বাধীন রাজনৈতিক জোট গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।
জোটের সিদ্ধান্ত অনুসারে, সাবেক মন্ত্রী ও আইনপ্রণেতা মতান কাহানাধিকে (Matan Kahana) নেসেট স্পিকার পদে মনোনীত করা হয়েছে। অপরদিকে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান (Avigdor Liberman) দেশটির প্রভাবশালী বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
ইসরাইলের ২৬তম নেসেটের শপথ গ্রহণের পূর্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা ও দেনদরবারের পর এই সমঝোতা সম্পন্ন হয়েছে। আইজেনকোটের চার দলের জোট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৪৮টিতে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। গত রবিবার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে গ্যাডি আইজেনকোটকে দায়িত্ব প্রদান করেন। আইজেনকোট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পান, যেখানে তার প্রতিদ্বন্দ্বী বেনিয়ামিন নেতানিয়াহু ৪৬টি সমর্থন পান। বর্তমানে আইজেনকোটের সামনে সরকার গঠনের জন্য ২৮ দিনের সময়সীমা রয়েছে, যা প্রয়োজন হলে আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
নতুন এই সমঝোতার অংশ হিসেবে নেসেটের অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোর জন্যও প্রার্থীরা চূড়ান্ত হয়েছেন। ট্যাহেল বা 'ইয়েশার' (Yashar) জোটের পক্ষ থেকে লিরান অভিশার বেন-হোরিনকে (Liran Avishar Ben-Horin) অর্থ কমিটির প্রধান এবং রয় ফোকম্যানকে নেসেট অ্যারেঞ্জমেন্টস কমিটির প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।
বিরোধী দলগুলো বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির বর্তমান স্পিকার আমির ওহানাকে সরানোর চেষ্টা করছে। তবে আমির ওহানা জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতারা আনুষ্ঠানিকভাবে দাবি জানালে তিনি উত্তরসূরি নির্বাচনের বিষয়ে এক সপ্তাহের মধ্যে বিতর্ক আহ্বান করবেন। পার্লামেন্টারি কমিটিগুলোর গঠন চূড়ান্ত করে এই সপ্তাহেই অনুমোদনের জন্য নেসেটে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দুর্নীতি দমন কমিশন (দুদক) বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে। সরকারি ফি জমা দেওয়ার পরেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, অতিরিক্ত অর্থ দাবি এবং গ্রাহক হয়রানির অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে, দুদকের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে অভিযানটি অনুষ্ঠিত হয়।
অভিযানের সময়, দুদক কর্মকর্তারা পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা বিভিন্ন নথিপত্র এবং সেবা কার্যক্রমের পর্যালোচনা করেন। সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকেও অভিযোগ শোনা হয়।
গ্রাহকদের অভিযোগ, দুপুরের খাবারের অজুহাতে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। এছাড়া উপপরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগও রয়েছে।
অন্যদিকে, অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার জানান, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানে সংগৃহীত তথ্য ও নথিপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান অভিযোগগুলো অস্বীকার করে বলেন, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও সেবা কার্যক্রম চালানো হচ্ছে। অফিসের ভেতরে অতিরিক্ত অর্থ আদায় বা গ্রাহক হয়রানির সুযোগ নেই। তবে, যদি কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের প্রমাণ পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুষ্টিয়া শহরের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ১৬ বছর বয়সী স্কুলছাত্রী জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত তরুণ ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ইমন শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমন পলাতক ছিল এবং তাকে ধরার জন্য পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে ইমনের মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় নিয়ে আসা হচ্ছে।
এর আগে, গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের পাশে নিজ বাসার সামনে জাকিয়াকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে ইমন। একপর্যায়ে মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারী তার ছুরিটি ফেলে রেখেই পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে সে।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে সে কিছুদিনের জন্য বিরক্ত করা বন্ধ রাখলেও চরম আক্রোশ থেকে সোমবার এই বর্বরোচিত হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। এরপর টানা অভিযান চালিয়ে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রংপুরের পীরগঞ্জে করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার মেশিন স্থাপন করে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বছরের পর বছর ধরে নদীর বিভিন্ন স্থান থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে নদীভাঙন, বসতবাড়ি, ফসলি জমি, সড়ক ও বিভিন্ন স্থাপনা হুমকির সম্মুখীন হয়েছে। বিশেষ করে নদীর তীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে যে, অবৈধ বালু ব্যবসার সঙ্গে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় অনেকেই প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হলেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এমনকি ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন স্থানে বালু উত্তোলন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরেজমিনে করতোয়া নদী এলাকা পরিদর্শন করে দেখা গেছে, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের দুধিয়া বাড়ীতে আমিনুল ইসলাম, ভিটাপাড়া এলাকায় সাজ্জাদ মিয়া, জয়ন্তীপুর নির্মাণাধীন সেতুর পাশে করতোয়ার ঘাটে নবাবগঞ্জ উপজেলার সাইফুল মেম্বার, মিজানুর রহমানসহ তিনটি পয়েন্ট, রামনাথপুর ইউনিয়নের বাসপুকুরিয়া এলাকায় এমদাদুল, একই এলাকা ঘেঁষে মাসুদ মিয়া, শালপাড়া ঘাট হারুন মেম্বার, ধর্মদাসপুরের বানুর ঘাট এবং চতরা ইউনিয়নের হোসেনপুর কুলানন্দপুর ঘাটসহ বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এসব পয়েন্টে ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু তোলা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসী জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে করতোয়া নদীর বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন চলছে। এর ফলে নদীর স্বাভাবিক গতিপথ ও তীরের মাটি দুর্বল হয়ে পড়ছে। কোথাও কোথাও দেখা দিচ্ছে ভাঙন। এতে বসতবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। পাশাপাশি স্কুল, ব্রিজ, বাঁধসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির মধ্যে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নদী থেকে উত্তোলন করা বালু ফসলি জমি ও বিভিন্ন সড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। পরে ট্রাক্টর ও ডাম্প ট্রাকের মাধ্যমে দিনরাত এসব বালু পরিবহন করা হয়। বালুবাহী যানবাহনের বেপরোয়া চলাচল, বিকট শব্দ ও ধুলাবালুতে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের বাসিন্দারা। এতে শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিভিন্ন অবৈধ বালু উত্তোলন পয়েন্টে মাঝে মাঝে প্রশাসনের অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকটি বালুবাহী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এসব অভিযানের পরও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। অভিযান শেষ হলেই আবার আগের মতো কার্যক্রম শুরু হয় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, শুধু বালুবাহী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, অবৈধ বালু উত্তোলনের মূল উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় করতোয়া নদীর তীরবর্তী জনপদ, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
তাহলে করতোয়া নদীর সব অবৈধ বালু উত্তোলন পয়েন্ট বন্ধ, ড্রেজার মেশিন জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আজাদুল ইসলাম আজাদ
পীরগঞ্জ রংপুর
তারিখ ১০/১১/২৬
মোবাইল ০১৭৫৭৮১৮৮৯৬
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ