প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রংপুরের পীরগঞ্জে করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার মেশিন স্থাপন করে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বছরের পর বছর ধরে নদীর বিভিন্ন স্থান থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে নদীভাঙন, বসতবাড়ি, ফসলি জমি, সড়ক ও বিভিন্ন স্থাপনা হুমকির সম্মুখীন হয়েছে। বিশেষ করে নদীর তীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে যে, অবৈধ বালু ব্যবসার সঙ্গে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় অনেকেই প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হলেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এমনকি ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন স্থানে বালু উত্তোলন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরেজমিনে করতোয়া নদী এলাকা পরিদর্শন করে দেখা গেছে, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের দুধিয়া বাড়ীতে আমিনুল ইসলাম, ভিটাপাড়া এলাকায় সাজ্জাদ মিয়া, জয়ন্তীপুর নির্মাণাধীন সেতুর পাশে করতোয়ার ঘাটে নবাবগঞ্জ উপজেলার সাইফুল মেম্বার, মিজানুর রহমানসহ তিনটি পয়েন্ট, রামনাথপুর ইউনিয়নের বাসপুকুরিয়া এলাকায় এমদাদুল, একই এলাকা ঘেঁষে মাসুদ মিয়া, শালপাড়া ঘাট হারুন মেম্বার, ধর্মদাসপুরের বানুর ঘাট এবং চতরা ইউনিয়নের হোসেনপুর কুলানন্দপুর ঘাটসহ বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এসব পয়েন্টে ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু তোলা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসী জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে করতোয়া নদীর বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন চলছে। এর ফলে নদীর স্বাভাবিক গতিপথ ও তীরের মাটি দুর্বল হয়ে পড়ছে। কোথাও কোথাও দেখা দিচ্ছে ভাঙন। এতে বসতবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। পাশাপাশি স্কুল, ব্রিজ, বাঁধসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির মধ্যে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নদী থেকে উত্তোলন করা বালু ফসলি জমি ও বিভিন্ন সড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। পরে ট্রাক্টর ও ডাম্প ট্রাকের মাধ্যমে দিনরাত এসব বালু পরিবহন করা হয়। বালুবাহী যানবাহনের বেপরোয়া চলাচল, বিকট শব্দ ও ধুলাবালুতে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের বাসিন্দারা। এতে শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিভিন্ন অবৈধ বালু উত্তোলন পয়েন্টে মাঝে মাঝে প্রশাসনের অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকটি বালুবাহী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এসব অভিযানের পরও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। অভিযান শেষ হলেই আবার আগের মতো কার্যক্রম শুরু হয় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, শুধু বালুবাহী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, অবৈধ বালু উত্তোলনের মূল উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় করতোয়া নদীর তীরবর্তী জনপদ, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
তাহলে করতোয়া নদীর সব অবৈধ বালু উত্তোলন পয়েন্ট বন্ধ, ড্রেজার মেশিন জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আজাদুল ইসলাম আজাদ
পীরগঞ্জ রংপুর
তারিখ ১০/১১/২৬
মোবাইল ০১৭৫৭৮১৮৮৯৬
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন