মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৫ পি.এম
কুষ্টিয়া শহরের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ১৬ বছর বয়সী স্কুলছাত্রী জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত তরুণ ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ইমন শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমন পলাতক ছিল এবং তাকে ধরার জন্য পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে ইমনের মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় নিয়ে আসা হচ্ছে।
এর আগে, গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের পাশে নিজ বাসার সামনে জাকিয়াকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে ইমন। একপর্যায়ে মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারী তার ছুরিটি ফেলে রেখেই পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে সে।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে সে কিছুদিনের জন্য বিরক্ত করা বন্ধ রাখলেও চরম আক্রোশ থেকে সোমবার এই বর্বরোচিত হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। এরপর টানা অভিযান চালিয়ে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রংপুরের পীরগঞ্জে করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার মেশিন স্থাপন করে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বছরের পর বছর ধরে নদীর বিভিন্ন স্থান থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে নদীভাঙন, বসতবাড়ি, ফসলি জমি, সড়ক ও বিভিন্ন স্থাপনা হুমকির সম্মুখীন হয়েছে। বিশেষ করে নদীর তীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে যে, অবৈধ বালু ব্যবসার সঙ্গে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় অনেকেই প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হলেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এমনকি ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন স্থানে বালু উত্তোলন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরেজমিনে করতোয়া নদী এলাকা পরিদর্শন করে দেখা গেছে, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের দুধিয়া বাড়ীতে আমিনুল ইসলাম, ভিটাপাড়া এলাকায় সাজ্জাদ মিয়া, জয়ন্তীপুর নির্মাণাধীন সেতুর পাশে করতোয়ার ঘাটে নবাবগঞ্জ উপজেলার সাইফুল মেম্বার, মিজানুর রহমানসহ তিনটি পয়েন্ট, রামনাথপুর ইউনিয়নের বাসপুকুরিয়া এলাকায় এমদাদুল, একই এলাকা ঘেঁষে মাসুদ মিয়া, শালপাড়া ঘাট হারুন মেম্বার, ধর্মদাসপুরের বানুর ঘাট এবং চতরা ইউনিয়নের হোসেনপুর কুলানন্দপুর ঘাটসহ বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এসব পয়েন্টে ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু তোলা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসী জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে করতোয়া নদীর বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন চলছে। এর ফলে নদীর স্বাভাবিক গতিপথ ও তীরের মাটি দুর্বল হয়ে পড়ছে। কোথাও কোথাও দেখা দিচ্ছে ভাঙন। এতে বসতবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। পাশাপাশি স্কুল, ব্রিজ, বাঁধসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির মধ্যে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নদী থেকে উত্তোলন করা বালু ফসলি জমি ও বিভিন্ন সড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। পরে ট্রাক্টর ও ডাম্প ট্রাকের মাধ্যমে দিনরাত এসব বালু পরিবহন করা হয়। বালুবাহী যানবাহনের বেপরোয়া চলাচল, বিকট শব্দ ও ধুলাবালুতে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের বাসিন্দারা। এতে শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিভিন্ন অবৈধ বালু উত্তোলন পয়েন্টে মাঝে মাঝে প্রশাসনের অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকটি বালুবাহী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এসব অভিযানের পরও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। অভিযান শেষ হলেই আবার আগের মতো কার্যক্রম শুরু হয় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, শুধু বালুবাহী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, অবৈধ বালু উত্তোলনের মূল উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় করতোয়া নদীর তীরবর্তী জনপদ, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
তাহলে করতোয়া নদীর সব অবৈধ বালু উত্তোলন পয়েন্ট বন্ধ, ড্রেজার মেশিন জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আজাদুল ইসলাম আজাদ
পীরগঞ্জ রংপুর
তারিখ ১০/১১/২৬
মোবাইল ০১৭৫৭৮১৮৮৯৬
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ ডাক বিভাগ সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি সুখবর ঘোষণা করেছে। বিভিন্ন কার্যালয়ে মোট ১৬৯ জন জনবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের এই পদগুলোর জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়সের সীমা ১৮ বছর হতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
নিয়োগপ্রাপ্তদের জন্য জাতীয় বেতন স্কেলের আওতায় বেতন প্রদান করা হবে। বেতন স্কেল পদভেদে নির্ধারিত হবে এবং সর্বোচ্চ ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে।
১. পদের নাম : জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট
পদসংখ্যা : ৭
বেতন স্কেল ও গ্রেড : (গ্রেড-১১) ২৫,০০০-৬০,৫০০ টাকা।
২. পদের নাম : ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি
পদসংখ্যা : ৩১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১২) ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।
৩. পদের নাম : উপজেলা পোস্টমাস্টার
পদসংখ্যা : ২২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৪. পদের নাম : সহকারী (ডাক অধিদপ্তর)
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৫. পদের নাম : সহকারী পরিদর্শক
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৬. পদের নাম : সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)
পদসংখ্যা : ১৭
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৭. পদের নাম : উচ্চমান সহকারী
পদসংখ্যা : ৮
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৮. পদের নাম : টেকনিশিয়ান
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৯. পদের নাম : মেকানিক
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
১০. পদের নাম : মনোটাইপ কাস্টার অপারেটর
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
১১. পদের নাম : মেশিনম্যান (অফসেট প্রিন্টিং/লেটার প্রিন্টিং)
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
১২. পদের নাম : অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৫) ২২,৮০০-৫৫,২০০ টাকা।
১৩. পদের নাম : ড্রাফটসম্যান
পদসংখ্যা : ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৫) ২২,৮০০-৫৫,২০০ টাকা।
১৪. পদের নাম : জুনিয়র প্রুফ রিডার
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৫) ২২,৮০০-৫৫,২০০ টাকা।
১৫. পদের নাম : ড্রাইভার (হালকা)
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৬. পদের নাম : কার্পেন্টার
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৭. পদের নাম : মেশিনিস্ট
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৮. পদের নাম : সহকারী মেশিনম্যান
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৯. পদের নাম : সহকারী গ্রেনিং মেশিনম্যান
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২০. পদের নাম : পোস্টাল অপারেটর
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২১. পদের নাম : সহকারী প্লেট মেকার
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২২. পদের নাম : কম্পোজিটর
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২৩. পদের নাম : সহকারী ফটো কম্পোজিটর
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২৪. পদের নাম : চেকার
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৮) ২১,০০০-৫০,৯০০ টাকা।
২৫. পদের নাম : কাউন্টার
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৮) ২১,০০০-৫০,৯০০ টাকা।
২৬. পদের নাম : ওয়্যারম্যান
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৯) ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
২৭. পদের নাম : আর্মড গার্ড
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৯) ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
২৮. পদের নাম : প্যাকার
পদসংখ্যা : ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৯) ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
২৯. পদের নাম: ইনকম্যান
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৯) ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
৩০. পদের নাম : অফিস সহায়ক (পূর্বের পদবি এমএলএসএস)
পদসংখ্যা : ৩৭
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩১. পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী (পূর্বের পদবি ক্লিনার)
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩২. পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩৩. পদের নাম : সার্চ পিয়ন
পদসংখ্যা : ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩৪. পদের নাম : কুলি
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩৫. পদের নাম : নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা : ৫
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩৬. পদের নাম : পোর্টার
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ডাক বিভাগের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদন ফি
১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩ থেকে ২৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২৪ থেকে ৩৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে।
আবেদনের সময়সীমা
১০ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টায় আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আজ ইসরাইলে নতুনভাবে গঠিত পার্লামেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সংখ্যাগরিষ্ঠতা হারানোর প্রান্তে দাঁড়িয়ে আছেন, ঠিক সেই মুহূর্তেই নতুন সংসদ তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের চেষ্টা অব্যাহত রেখেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় ১২০ সদস্যের নতুন পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তবে, নতুন সংসদে নেতানিয়াহুর ডানপন্থী জোট কিংবা আইজেনকোটের বিরোধী পক্ষ—কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়নি। এর আগে প্রেসিডেন্ট হারজোগ আইজেনকোটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব প্রদান করেন, যার ফলে তাকে ২৮ দিনের মধ্যে কোয়ালিশন বা জোট সরকার গঠনের কাজ সম্পন্ন করতে হবে। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
এদিকে, পার্লামেন্ট অধিবেশন শুরুর পূর্বে আইজেনকোটের দল গুরুত্বপূর্ণ পদগুলোতে লোক নিয়োগের ক্ষেত্রে অগ্রগতির খবর জানিয়েছে। আইজেনকোট নিজেই জানিয়েছেন যে, তার রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী নেসেট বা পার্লামেন্টের স্পিকার হিসেবে তার দলের নেতা মাতান কাহানাকে নিয়োগ দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।
সূত্র: আল-জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এলজিইডিকে ক্যাডারভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং ক্যাডারভুক্তির কার্যক্রম অনেকটা এগিয়ে গেছে।
প্রতিমন্ত্রী বলেন, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, মুখ্য সচিবের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়া গেছে। ইতিমধ্যে প্রি-একনেক সভায় ক্যাডারভুক্তির প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদনও হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, ক্যাডারভুক্তকরণের বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিইডি সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ, পররাষ্ট্র, ভ্যাট বা অন্য ক্যাডারে চলে না যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রকৌশলীদের মেধা ও যোগ্যতা দিয়ে পড়াশোনা ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণ অব্যাহত রাখতে হবে।
নবীন প্রকৌশলীদের মধ্যে নারীদের সংখ্যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। নবীন প্রকৌশলীদের নিজের দায়িত্বের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এলজিইডির মাধ্যমে সারা দেশে বর্তমানে ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। তিনি সতর্ক করেন যে, কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ হাসিল না করতে পারে।
তিনি জানান, ৯০ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ পাইপলাইনে রয়েছে। আগামী তিন বা চার বছরব্যাপী মাঠ পর্যায়ে বাস্তবায়নে এই অর্থ ব্যয় হবে। এই অর্থ ব্যয়ে প্রকৌশলীদের আরো দায়িত্বশীল হতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের অর্থে নির্মিত অবকাঠামোগুলো যেন টেকসই হয় এবং মানুষের প্রকৃত উপকারে আসে। নির্মাণকাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। ঠিকাদারদের সাথে পেশাদার সম্পর্ক বজায় রেখে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা না দেখিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবনিযুক্ত প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।
তিনি নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে আপনারা যোগ্যতা প্রমাণ করে দেশের অন্যতম বৃহৎ এই সংস্থায় যোগ দিয়েছেন।
এলজিইডির মাধ্যমে সরাসরি মানুষের কল্যাণে কাজ করা এবং জনসেবা করার প্রচুর সুযোগ রয়েছে। বর্তমান সরকার তারুণ্যের শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সঙ্গতি রেখে মিতব্যয়ী মনোভাব নিয়ে মাঠপর্যায়ের উন্নয়ন কাজ পরিচালনা করতে হবে।’
এলজিইডি আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ