ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাউখালী উপজেলা পরিষদের পুরাতন ভবন যেন ময়লার ভাগাড়


কাউখালী উপজেলা পরিষদের পুরাতন ভবন যেন ময়লার ভাগাড়

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুরাতন ভবনটি বর্তমানে ময়লা-আবর্জনা ও গবাদিপশুর মলমূত্রে ভরে গেছে, যা কার্যত একটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সরকারি গুরুত্বপূর্ণ একাধিক দপ্তর এই ভবনে পরিচালিত হলেও, এর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণে কার্যকর উদ্যোগের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা।

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের নতুন ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমবায় ও আইসিটি বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অন্যদিকে, পুরাতন ভবনে রয়েছে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়, খাদ্য কর্মকর্তার কার্যালয়, বিআরডিবি কার্যালয়, বন কর্মকর্তার কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়।

জনগুরুত্বপূর্ণ এসব সরকারি দপ্তরে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন সেবা নিতে আসেন। তবে ভবনের সামনের অংশ, সিঁড়ির নিচে, সিঁড়ির বাঁকে এবং বারান্দাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। গরু-ছাগল ও ঘোড়ার মলমূত্র পড়ে থাকার কারণে পুরো এলাকা অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। সামনের ড্রেনে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে থাকায় পানি জমে মশার জন্ম হচ্ছে। অন্যদিকে, দুর্গন্ধের কারণে অনেক সেবাগ্রহীতাকে নাক-মুখ চেপে চলাচল করতে হচ্ছে। ভবনের পরিবেশ দেখে অনেকের কাছে এটিকে পরিত্যক্ত স্থাপনা বলেও মনে হচ্ছে।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিদিন এত মানুষ সরকারি সেবা নিতে এলেও ভবনের প্রবেশপথে ময়লা ও পশুর মলমূত্র মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। সরকারি দপ্তরের এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। এক সেবাগ্রহীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভবনের অবস্থা দেখে মনে হয়, উপজেলা পরিষদের যেন কোনো অভিভাবক নেই।’

এদিকে, দেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের পুরাতন ভবনে এ ধরনের অপরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি করেছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিক্ষা অফিসে যাওয়ার জন্য ভবনের নিচ দিয়ে প্রবেশ করতে গিয়ে আমি অবাক হয়েছি। পরিবেশ দেখে মনে হয়, এখানে কোনো কর্মকর্তা-কর্মচারী আছেন কি না।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এই আসনের সংসদ সদস্য। তিনি ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মসূচির উপদেষ্টা। অথচ তাঁর নিজের সংসদীয় এলাকার উপজেলা পরিষদের একটি সরকারি ভবনের এমন অবস্থা আমাদের জন্য লজ্জাজনক। প্রতিবছর এ উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রমে হাজার হাজার টাকা ব্যয় করা হলেও ময়লা-আবর্জনায় ভরা ভবনটি দেখার যেন কেউ নেই।’

আরও পড়ুন: বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে ভারত: নিপুণ রায়

অন্যদিকে, উপজেলা খাদ্য কর্মকর্তা মোসাম্মৎ তামান্না ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওহিদুর রহমান জানিয়েছেন, গরু ও ঘোড়া নিয়মিত ভবনের বারান্দায় প্রবেশ করে এবং সেখানে মলমূত্র ত্যাগ করে। ফলে বারবার অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়। মলমূত্রের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না এবং দুর্গন্ধে নাক আটকাতে হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলায় যোগদানের শুরুতে জানানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি জেলায় মিটিংয়ে থাকায় ফোন রিসিভ করেননি। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা দ্রুত পুরাতন ভবন ও এর আশপাশের ময়লা-আবর্জনা অপসারণ, গবাদিপশুর অবাধ বিচরণ বন্ধ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সরকারি এই ভবনে একটি স্বাস্থ্যসম্মত ও সেবাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন, চারটি ফ্লাইট দিয়ে শুরু: বিমানমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধের প্রতিবাদে মেটার অফিসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধের প্রতিবাদে মেটার অফিসে হামলা

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলের নেতাদের অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে কংগ্রেসের যুব সংগঠনের কর্মীরা মেটার অফিসে হামলা চালিয়েছেন। এই ঘটনার পর পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দলের পক্ষ থেকে আরও বিক্ষোভের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদ, মুম্বাই এবং গুরগাঁওয়ে মেটার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা। হায়দরাবাদে তারা অফিসে প্রবেশ করে ভাঙচুর চালান। মুম্বাইয়ে, দেয়ালে মেটাবিরোধী স্লোগান লেখার পাশাপাশি নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।

কংগ্রেসের দাবি, তাদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে হবে। দলটি হুঁশিয়ারি দিয়েছে, যদি অ্যাকাউন্টগুলো পুনরায় চালু না করা হয়, তাহলে দেশের বিভিন্ন স্থানে মেটার অফিসে বিক্ষোভ অব্যাহত থাকবে। ইতোমধ্যে, দলটি জানিয়েছে যে দুটি অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইন অনুযায়ী ৫৪ লাখের বেশি পোস্ট ও অ্যাকাউন্ট সীমিত করেছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, এসব পদক্ষেপের অধিকাংশই স্থানীয় আইন মেনে নেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার স্বপ্নপূরণে কোটি টাকার প্রকল্পের বেহাল দশা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


খালেদা জিয়ার স্বপ্নপূরণে কোটি টাকার প্রকল্পের বেহাল দশা

চারদলীয় জোট সরকারের সময় ঝিনাইদহে শিক্ষার উন্নয়ন, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এক’শ কোটি টাকার ব্যয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। চারদলীয় জোট সরকারের অধীনে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন। তবে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন এবং রাজনৈতিক বঞ্চনার কারণে এসব প্রকল্প কার্যকর হয়নি। কিছু প্রকল্প চালু হলেও জনবলের অভাবে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আবার কিছু প্রকল্প সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর ৯ মাস অতিবাহিত হলেও এসব প্রকল্পের পুনরায় চালুর জন্য কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণে আমলাতান্ত্রিক বাধা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত এমপি মসিউর রহমানের উদ্যোগে প্রায় ৬ কোটি টাকার ট্রমা হাসপাতাল প্রকল্পটি ১৩ বছর ধরে ঝুলে থাকার পরে বাতিল হয়ে গেছে। ২০০৮ সালে গ্যাস পাইপলাইন স্থাপন করা হলেও ১৮ বছর পরেও বাসাবাড়ি বা শিল্পকারখানায় গ্যাস সরবরাহ করা হয়নি। খাবার স্যালাইন ফ্যাক্টরি এবং সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (CCU) প্রকল্পও বাতিল হয়েছে।

এদিকে শৈলকুপার দুধসর ও কাঁচেরকোল, মহেশপুরের ভৈরবা, সদরের দক্ষিণ কাষ্টসাগরা এবং কালীগঞ্জ পৌরসভার ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো নির্মাণের ৮ বছর পরও তালাবদ্ধ অবস্থায় রয়েছে। দামি যন্ত্রপাতি ও ভবন থাকা সত্ত্বেও জনবলের অভাবে সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হাটগোপালপুর ২৫ শয্যার হাসপাতালের জমি অধিগ্রহণ করা হলেও কাজ অগ্রগতি হয়নি। ম্যাটস, চক্ষু হাসপাতাল, সরকারি শিশু হাসপাতাল, চাকলাপাড়ার আইএইচটি ও নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রগুলো জনবল সংকটে ভুগছে; সিভিল সার্জন অফিসে ১৫৫ পদের নিয়োগ আটকে রয়েছে।

শিক্ষা ও যোগাযোগ খাতেও স্থবিরতা দেখা দিয়েছে। সরকারি কেসি কলেজের জিয়া ছাত্রাবাস ১৬ বছর ধরে পরিত্যক্ত থাকায় শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগছেন। বৃহত্তর যশোর প্রকল্পের আওতায় জেলার গ্রামীণ সড়কের কাজ একনেকে পাস না হওয়ায় শুরু হয়নি।

সচেতন নাগরিক সিরাজুল হক মন্তব্য করেন, জেলার আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী উচ্চপর্যায়ে রয়েছেন; বাতিল হওয়া প্রকল্প ও স্থাপনাগুলো সচল করার জন্য তাদের উদ্যোগ গ্রহণ করা জরুরি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান জানান, প্রতিষ্ঠানগুলো চালু, জনবল নিয়োগ এবং যন্ত্রপাতি সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে এসব প্রতিষ্ঠান দ্রুত কার্যকর হবে বলে তিনি আশাবাদী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটখিলে সরকারি জায়গার মাটি লুটের অভিযোগে যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


চাটখিলে সরকারি জায়গার মাটি লুটের অভিযোগে যুবক আটক

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে গভীর রাতে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ একজন যুবককে আটক করেছে। আটক হওয়া ব্যক্তির নাম আসিফ (৩০)। তিনি পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বারইপাড়া গ্রামের মৃত মহসিনের পুত্র।

পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ওই স্থানে চার লেন সড়কের নির্মাণকাজ চলমান থাকায়, এর ঠিকাদার বাদী হয়ে আসিফের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ছাত্রদলের নেতারা জানিয়েছেন, আসিফ এক সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে গত ১০-১২ বছর ধরে তিনি দলে নিষ্ক্রিয়। প্রশাসন যদি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, তবে ছাত্রদল তাতে সহায়তা করবে। এদিকে, আসিফকে আটক করার পর ইউনিয়ন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা এলাকায় আনন্দ মিছিল করেছে।

গত শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আসিফের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি এক্সেভেটর (ভেকু মেশিন) দিয়ে মাটি কেটে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, গভীর রাতে ভেকু মেশিন ব্যবহার করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের মাঠ থেকে মাটি কেটে ট্রাকে ভর্তি করে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে সেখানে একটি বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। চার লেন সড়কের কাজ চলমান থাকায়, রাতের আঁধারে সরকারি মাটি কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

পাঁচগাঁও ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমান বলেন, "রাত আড়াইটার দিকে এভাবে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়া অত্যন্ত নিন্দনীয় কাজ। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়ায় আমরা সন্তুষ্ট। তবে এর পেছনে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা উচিত।"

এ বিষয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মোরশেদ আলম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় এক ব্যক্তি ফোন করে তাকে জানান যে, আসিফ নামের এক ব্যক্তি ভেকু মেশিন দিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিষদের মাঠ থেকে মাটি কেটে পুকুরের মতো গর্ত তৈরি করা হয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, "সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসিফকে আটক করেছে। এ ঘটনায় ফোর লেন সড়ক নির্মাণকাজের ঠিকাদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল রাতে আসামিকে আটক করা হয়েছে এবং আজ (রবিবার) তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালীতে জমি বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, ঘাতক আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


মহেশখালীতে জমি বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, ঘাতক আটক

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের কারণে ছোট ভাই নেছার উল্লাহর হাতে বড় ভাই হাজী মহিবুল্লাহ সরকার খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক নেছার উল্লাহকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই সৎভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রোববার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে নেছার উল্লাহ লাঠি দিয়ে হাজী মহিবুল্লাহ সরকারকে আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে হাজী মহিবুল্লাহর মৃত্যু ঘটে।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নেছার উল্লাহকে আটক করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, "ঘটনার সঙ্গে জড়িত ঘাতক নেছার উল্লাহকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%