মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৫ পি.এম
বিশ্বভ্রমণে বেরিয়ে মুসলিমদের আতিথেয়তা, উদারতা ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক চীনা দম্পতি। মোইয়ুয়ান সং এবং লুওসি জু, যাঁরা চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দা, প্রায় দুই বছর আগে চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বের হন।
এই দম্পতি আট বছরের বিবাহিত জীবনে ভ্রমণের শুরুতে ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন। সেখানে স্থানীয় মুসলিমদের সরলতা ও আতিথেয়তা দেখে তাঁরা অভিভূত হন এবং ইসলাম ধর্মের প্রতি প্রথমবারের মতো আগ্রহী হয়ে ওঠেন।
এরপর, এই দম্পতি তুরস্ক সফরে যান। তুরস্কের আন্টালিয়া শহরের ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে তাঁদের পরিচয় হয় অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আইসেল ও আবদুর রহমান আকগোচের সঙ্গে। আলাপচারিতার এক পর্যায়ে ওই তুর্কি পরিবার তাঁদের নিজ বাড়িতে আমন্ত্রণ জানান। সেখানে চীনা দম্পতি তুরস্কের সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে জানার সুযোগ পান।
ইসলামের প্রতি লুওসি জু-এর আগ্রহ দেখে আইসেল আকগোচ তাঁকে পবিত্র কোরআনের একটি কপি উপহার দেন। আইসেল জানান, "ধর্ম পরিবর্তনের জন্য প্ররোচিত করতে নয়, বরং পবিত্র এই গ্রন্থটি সম্পর্কে যেন তারা জানতে পারেন—সেই উদ্দেশ্যেই আমি কোরআন উপহার দিয়েছিলাম।" তুরস্ক ছাড়ার পরও চীনা দম্পতি ওই তুর্কি পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং নিজেরাই ইসলাম সম্পর্কে পড়াশোনা চালিয়ে যান।
সবশেষে, তাঁরা ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং যে শহরে তাঁদের এই যাত্রার শুরু হয়েছিল, সেই আন্টালিয়াতেই ফিরে আসেন। আন্টালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয় মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তাঁদের নতুন নাম রাখা হয় মুহাম্মদ মুরাদ এবং লায়লা বেতুল। ওই মসজিদের ইমাম তাঁদের ইসলামিক রীতি অনুযায়ী বিবাহ (নিকাহ) সম্পন্ন করেন।
মোইয়ুয়ান সং জানান, "বিভিন্ন দেশে ভ্রমণের সময় মুসলিমদের কাছ থেকে পাওয়া দয়া, ভালোবাসা ও আন্তরিকতাই আমাদের ইসলামের প্রতি আগ্রহী করে তুলেছে।" তিনি জোর দিয়ে বলেন, "কেউ আমাদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করেনি বা ধর্মান্তরিত হতে বলেনি; বরং মুসলিমদের আচরণ দেখেই আমাদের মধ্যে এই ধর্ম জানার আগ্রহ তৈরি হয়েছে।"
আবদুর রহমান আকগোচ জানান, একদিন মোইয়ুয়ান সং তাঁর সঙ্গে মসজিদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেখানে নামাজ আদায়ের সময় ওই চীনা যুবক অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অশ্রুসিক্ত চোখে নামাজ আদায় করেন।
সং আরও উল্লেখ করেন, মুসলিম হওয়ার পর থেকে তিনি হৃদয়ে এক অনাবিল প্রশান্তি অনুভব করছেন। জীবনের যেকোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ ও নামাজ আদায় তাঁদের মানসিক ও আধ্যাত্মিক শক্তি জোগায় বলেও জানান তিনি।
এদিকে, ওই তুর্কি পরিবারটি এখনো চীনা দম্পতির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। আকগোচ দম্পতি জানান, তাঁরা মুহাম্মদ মুরাদ ও লায়লা বেতুলকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসেন এবং আগামী মে মাসে তাঁদের সঙ্গে দেখা করতে চীন সফরে যাওয়ার পরিকল্পনা করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। এই অর্জনের ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।
ডিএফসি সোমবার (১৬ নভেম্বর) ওয়াশিংটন ডিসি থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়।
সংস্থাটি জানায়, ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগ ঝুঁকি প্রশমনের বিভিন্ন সুবিধার মাধ্যমে বাংলাদেশের প্রবেশাধিকার সম্প্রসারিত হওয়ায় গুরুত্বপূর্ণ খাতের বিনিয়োগ ঘাটতি পূরণ করা সহজ হবে এবং অর্থায়নের অভাবে আটকে থাকা প্রকল্পগুলোকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
এই বিনিয়োগের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, জরুরি সেবায় মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
বিশেষ করে, বাণিজ্যিকভাবে লাভজনক এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোতে অর্থায়নের সীমাবদ্ধতা ও সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগ আকর্ষণে যে বাধা ছিল, তা দূর করতে ডিএফসি সহায়তা প্রদান করবে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক মন্তব্য করেন, "ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।" তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিরোজপুরের জিয়ানগরে ৭৫ বছর বয়সী এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধকে মারধর করে কোমরে শিকল বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে, সুপারি ও কলা চুরির অপবাদে।
এ ঘটনার একটি ভিডিও সোমবার (১৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে, যা দেখে নেটিজেনরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।
এটি ঘটেছিল বিকেলে উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে।
ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন। তিনি হতদরিদ্র এবং মানসিকভাবে অসুস্থ।
অভিযোগ রয়েছে যে, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ছড়া কলা নেন রুহুল আমিন। এ ঘটনায় কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। পরে তার কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করে গলায় ওই কলা ও সুপারি ঝুলিয়ে গ্রামে ঘোরানো হয়। এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, ‘রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ। তিনি হতদরিদ্র। মাঝেমধ্যে মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। সামান্য অপরাধে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে সেটা ঠিক হয়নি।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, ‘বৃদ্ধকে গলায় কলা-সুপারি ঝুলিয়ে ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দিনাজপুর, ১৭ নভেম্বর, ২০২৬ : ঘোড়াঘাট উপজেলার একটি অভিযান চলাকালীন ১৩০ কেজি ওজনের শিলা, কষ্টি ও বেলে পাথরের ৩টি খণ্ডাংশ উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধারকৃত ৩টি খণ্ডাংশের আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা বলে জানা গেছে।
গতকাল সোমবার রাত ১১টায় জয়পুরহাট বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. লতিফুল বারী কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাসসকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেরিত বার্তায় উল্লেখ করা হয়েছে, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. মোমিন ইসলাম (৪৪) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাকুরপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের পুত্র।
বিজিবি সূত্র জানায়, স্থানীয়ভাবে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমান্তের চত্রাহাট বাজারের কাছে একটি পরিত্যক্ত টিনের ঘরে পাথরের প্রত্ননিদর্শন মজুতের খবর পাওয়া যায়।
এরপর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জয়পুরহাট বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. লতিফুল বারীর নেতৃত্বে ৩০ সদস্যের একটি বিশেষ দল ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই ঘর থেকে উদ্ধার করা হয় ৯০ কেজি ওজনের একটি বেলে পাথরের শিলাখণ্ড, ২০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের খণ্ড এবং ২০ কেজি ওজনের একটি শিব-লিঙ্গের খণ্ডাংশ। সব মিলিয়ে উদ্ধার করা ৩টি খণ্ডাংশের মোট ওজন ১৩০ কেজি। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. মোমিন ইসলামকে আটক করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির চিকিৎসা শেষে তাকে পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার করা ৩টি খণ্ডাংশ প্রকৃতপক্ষে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিনা, তা নিশ্চিত করার জন্য নওগাঁর বদলগাছি উপজেলায় অবস্থিত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইয়ের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
বিজিবি সূত্রটি জানায়, আজ মঙ্গলবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞ দলের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উদ্ধারকৃত খণ্ডাংশগুলোর শনাক্তকরণ তথ্য সংগ্রহ করা হবে। এজন্য প্রয়োজনীয় সনদ সংগ্রহের প্রক্রিয়ায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞ দলকে অবহিত এবং তলব করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তি ওই গ্রামের মৃত আনেচ মোল্লার পুত্র।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার সময় আলী হোসেন মোল্লা উত্ত্যক্ত করতেন। ওই বছরের ২৮ অক্টোবর গভীর রাতে জানালা ভেঙে ছাত্রীর ঘরে প্রবেশ করেন আলী হোসেন। এ সময় ধারালো দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনার পর ভুক্তভোগীর মা রাজাপুর থানায় পরের দিন ধর্ষণ মামলা দায়ের করেন।
২০২২ সালের ১৫ নভেম্বর মামলার আসামি আলী হোসেন মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি তিনি যখন গ্রামে ফিরে আসেন, তখন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রাজাপুর থানার ওসি মো. হারুন-অর-রশিদ হাওলাদার জানান, ধর্ষণ মামলার পলাতক আসামি আলী হোসেন মোল্লাকে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ