প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বভ্রমণে বেরিয়ে মুসলিমদের আতিথেয়তা, উদারতা ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক চীনা দম্পতি। মোইয়ুয়ান সং এবং লুওসি জু, যাঁরা চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দা, প্রায় দুই বছর আগে চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বের হন।
এই দম্পতি আট বছরের বিবাহিত জীবনে ভ্রমণের শুরুতে ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন। সেখানে স্থানীয় মুসলিমদের সরলতা ও আতিথেয়তা দেখে তাঁরা অভিভূত হন এবং ইসলাম ধর্মের প্রতি প্রথমবারের মতো আগ্রহী হয়ে ওঠেন।
এরপর, এই দম্পতি তুরস্ক সফরে যান। তুরস্কের আন্টালিয়া শহরের ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে তাঁদের পরিচয় হয় অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আইসেল ও আবদুর রহমান আকগোচের সঙ্গে। আলাপচারিতার এক পর্যায়ে ওই তুর্কি পরিবার তাঁদের নিজ বাড়িতে আমন্ত্রণ জানান। সেখানে চীনা দম্পতি তুরস্কের সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে জানার সুযোগ পান।
ইসলামের প্রতি লুওসি জু-এর আগ্রহ দেখে আইসেল আকগোচ তাঁকে পবিত্র কোরআনের একটি কপি উপহার দেন। আইসেল জানান, "ধর্ম পরিবর্তনের জন্য প্ররোচিত করতে নয়, বরং পবিত্র এই গ্রন্থটি সম্পর্কে যেন তারা জানতে পারেন—সেই উদ্দেশ্যেই আমি কোরআন উপহার দিয়েছিলাম।" তুরস্ক ছাড়ার পরও চীনা দম্পতি ওই তুর্কি পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং নিজেরাই ইসলাম সম্পর্কে পড়াশোনা চালিয়ে যান।
সবশেষে, তাঁরা ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং যে শহরে তাঁদের এই যাত্রার শুরু হয়েছিল, সেই আন্টালিয়াতেই ফিরে আসেন। আন্টালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয় মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তাঁদের নতুন নাম রাখা হয় মুহাম্মদ মুরাদ এবং লায়লা বেতুল। ওই মসজিদের ইমাম তাঁদের ইসলামিক রীতি অনুযায়ী বিবাহ (নিকাহ) সম্পন্ন করেন।
মোইয়ুয়ান সং জানান, "বিভিন্ন দেশে ভ্রমণের সময় মুসলিমদের কাছ থেকে পাওয়া দয়া, ভালোবাসা ও আন্তরিকতাই আমাদের ইসলামের প্রতি আগ্রহী করে তুলেছে।" তিনি জোর দিয়ে বলেন, "কেউ আমাদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করেনি বা ধর্মান্তরিত হতে বলেনি; বরং মুসলিমদের আচরণ দেখেই আমাদের মধ্যে এই ধর্ম জানার আগ্রহ তৈরি হয়েছে।"
আবদুর রহমান আকগোচ জানান, একদিন মোইয়ুয়ান সং তাঁর সঙ্গে মসজিদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেখানে নামাজ আদায়ের সময় ওই চীনা যুবক অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অশ্রুসিক্ত চোখে নামাজ আদায় করেন।
সং আরও উল্লেখ করেন, মুসলিম হওয়ার পর থেকে তিনি হৃদয়ে এক অনাবিল প্রশান্তি অনুভব করছেন। জীবনের যেকোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ ও নামাজ আদায় তাঁদের মানসিক ও আধ্যাত্মিক শক্তি জোগায় বলেও জানান তিনি।
এদিকে, ওই তুর্কি পরিবারটি এখনো চীনা দম্পতির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। আকগোচ দম্পতি জানান, তাঁরা মুহাম্মদ মুরাদ ও লায়লা বেতুলকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসেন এবং আগামী মে মাসে তাঁদের সঙ্গে দেখা করতে চীন সফরে যাওয়ার পরিকল্পনা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন