প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুর, ১৭ নভেম্বর, ২০২৬ : ঘোড়াঘাট উপজেলার একটি অভিযান চলাকালীন ১৩০ কেজি ওজনের শিলা, কষ্টি ও বেলে পাথরের ৩টি খণ্ডাংশ উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধারকৃত ৩টি খণ্ডাংশের আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা বলে জানা গেছে।
গতকাল সোমবার রাত ১১টায় জয়পুরহাট বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. লতিফুল বারী কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাসসকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেরিত বার্তায় উল্লেখ করা হয়েছে, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. মোমিন ইসলাম (৪৪) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাকুরপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের পুত্র।
বিজিবি সূত্র জানায়, স্থানীয়ভাবে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমান্তের চত্রাহাট বাজারের কাছে একটি পরিত্যক্ত টিনের ঘরে পাথরের প্রত্ননিদর্শন মজুতের খবর পাওয়া যায়।
এরপর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জয়পুরহাট বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. লতিফুল বারীর নেতৃত্বে ৩০ সদস্যের একটি বিশেষ দল ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই ঘর থেকে উদ্ধার করা হয় ৯০ কেজি ওজনের একটি বেলে পাথরের শিলাখণ্ড, ২০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের খণ্ড এবং ২০ কেজি ওজনের একটি শিব-লিঙ্গের খণ্ডাংশ। সব মিলিয়ে উদ্ধার করা ৩টি খণ্ডাংশের মোট ওজন ১৩০ কেজি। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. মোমিন ইসলামকে আটক করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির চিকিৎসা শেষে তাকে পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার করা ৩টি খণ্ডাংশ প্রকৃতপক্ষে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিনা, তা নিশ্চিত করার জন্য নওগাঁর বদলগাছি উপজেলায় অবস্থিত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইয়ের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
বিজিবি সূত্রটি জানায়, আজ মঙ্গলবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞ দলের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উদ্ধারকৃত খণ্ডাংশগুলোর শনাক্তকরণ তথ্য সংগ্রহ করা হবে। এজন্য প্রয়োজনীয় সনদ সংগ্রহের প্রক্রিয়ায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞ দলকে অবহিত এবং তলব করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন