শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:০৪ পি.এম
মুন্সীগঞ্জের
গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বৃহস্পতিবার বিকেল চারটায় তিনি ইমামপুর গ্রামে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
পরিদর্শনের পর সংসদ সদস্য কামরুজ্জামান রতন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইছাক আলী এবং ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের পুনর্বাসনের জন্য তাৎক্ষণিকভাবে নগদ ৩৫ হাজার টাকা ও ২ বান ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়। এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন। পাশাপাশি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ গত বুধবার রাতের শেষভাগে উপজেলার দামপাড়া ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন দামপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য, পূর্ব পাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।
অন্যজন হলেন একই ইউনিয়নের ০৩নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আছানপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মাজহারুল ইসলাম মাজু (৪৬)। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। নিকলী থানার অফিসার ইনচার্জ ইস্তেফাক আহম্মেদ জানান, মামলার এজহার অনুযায়ী আসামি হওয়ায় যুবলীগ ও মৎস্যলীগের দুই সদস্যকে গ্রেফতার করার পর কোর্টে চালান দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইল শহরের
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় প্রাণকেন্দ্র জেলা সদর রোডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন দুই পাহারাদার। আহতদের মধ্যে একজন হলেন শহরের আকুরটাকুর পাড়ার বাসিন্দা ও বিআরবি কেবলসের পাহারাদার মিজানুর রহমান (৫০) এবং অপরজন হলেন হকারর্স মার্কেটের নিরাপত্তাকর্মী আব্দুল খালেক (৫৫)।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বুধবার রাত ৩টার দিকে বটতলা এলাকায় অবস্থিত ময়নামতি জুয়েলার্স, পরশমনি জুয়েলার্স, ইসরাত ইলেকট্রিক হাউজ এবং বিআরবি কেবলসের শোরুমে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলার সময় দায়িত্বরত দুই পাহারাদারকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমান ও আব্দুল খালেককে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্বৃত্তরা পরশমনি জুয়েলার্স ও বিআরবি কেবলসের শোরুমের মালামাল নিতে না পারলেও ময়নামতি জুয়েলার্স ও ইসরাত ইলেকট্রিক হাউজ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়। ময়নামতি জুয়েলার্সের স্বত্বাধিকারী বিমল চন্দ্র কর্মকার জানান, তিনি প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়ে দোকানের সামনে এসে তালা কাটা দেখতে পান। ভেতরে ঢুকে তিনি দেখতে পান, খলিল নামে একজন নিরাপত্তাকর্মীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং দোকানের মূল্যবান সব মালামাল লুট হয়ে গেছে। লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ইসরাত ইলেকট্রিক হাউজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামের শ্যালক আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কর্মচারীরা দোকানের তালা কাটা দেখে খবর দেন। পরে দোকানে এসে দেখা যায়, ভেতরের সবকিছু এলোমেলো এবং ক্যাশে থাকা নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ ২ হাজার ৭০০ টাকা মূল্যের বৈদ্যুতিক তার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাহেরুল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের
মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পাশে মহাসড়ক সংলগ্ন ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঘটে যাওয়া এই ঘটনার কিছু মিনিট পরেই, একই এলাকার হাটুভাঙ্গা ফ্লাইওভারের ওপর থেকে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয় এবং ফ্লাইওভারের নিচে একের পর এক পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্মৃতিস্তম্ভটি আগুনে পুড়ে যায়। হঠাৎ করে অগ্নিসংযোগ ও সিরিজ বিস্ফোরণের ফলে গোড়াইসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদে নামেন।
মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম এবং গোড়াই ইউনিয়ন শ্রমিক দল নেতা হাবিব, মামুন ও আরিফের নেতৃত্বে এলাকায় বিক্ষোভ সমাবেশ, মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাশকতা প্রতিরোধের জন্য গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, শিল্পাঞ্চল গোড়াই, মির্জাপুর উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩০ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৩৬ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ১০৫ জন নিশ্চিত হামে এবং ১ হাজার ২৩১ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। একই সময়ে দেশের আট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বাধিক ৫৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২২৬ জন, সিলেটে ১৮৩ জন, বরিশালে ১২৯ জন, খুলনায় ১১৮ জন, ময়মনসিংহে ৭৩ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুরে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।
এই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে পৌঁছেছে। তাঁদের মধ্যে পরীক্ষায় ২৫ হাজার ৮৮১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৮৮১ জনে দাঁড়িয়েছে।
সংক্রমণের হার, হাসপাতালে রোগী ভর্তির চাপ এবং মৃত্যুর সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ