প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩০ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৩৬ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ১০৫ জন নিশ্চিত হামে এবং ১ হাজার ২৩১ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। একই সময়ে দেশের আট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বাধিক ৫৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২২৬ জন, সিলেটে ১৮৩ জন, বরিশালে ১২৯ জন, খুলনায় ১১৮ জন, ময়মনসিংহে ৭৩ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুরে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।
এই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে পৌঁছেছে। তাঁদের মধ্যে পরীক্ষায় ২৫ হাজার ৮৮১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৮৮১ জনে দাঁড়িয়েছে।
সংক্রমণের হার, হাসপাতালে রোগী ভর্তির চাপ এবং মৃত্যুর সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন