ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন


নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের কারণে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এই ঘটনা ঘটে রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে।

পুলিশের সূত্র অনুযায়ী, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশ্যে যাচ্ছিল। সাইনবোর্ড এলাকায় পৌঁছানোর পর বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চালক, সহকারী এবং যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের কারণে বাসের ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়।

কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসচালককে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। যাত্রীরা নেমে যাওয়ার পরই আগুনের সূত্রপাত ঘটে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাসে দুই জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে।

আরও পড়ুন: ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


প্রধানমন্ত্রী এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, শিল্প মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে, যার প্রতিপাদ্য হচ্ছে ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরার জন্য একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

ভিডিওতে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক উপস্থিত রয়েছেন। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন।

স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, "দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর: ঐক্যের বাংলাদেশ ও জিয়া পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ এম


৭ নভেম্বর: ঐক্যের বাংলাদেশ ও জিয়া পরিবার

৭ নভেম্বর। ১৯৭৫ সাল। বাংলাদেশের জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জাতি তার মহান নেতাকে আবার খুঁজে পায়। ঠিক ১৯৭১ সালের মতো। সেদিন জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি যেমন ঐক্যবদ্ধ হয়েছিল, ৭ নভেম্বরও তার ডাকে একইভাবে ঐক্যবদ্ধ হয়। ৭ নভেম্বরের তাৎপর্য বিশ্লেষণ করতে গেলে একটু পেছনে যেতে হয়।

১৯৭১ সাল। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এই দেশের দোসরদের সহযোগিতায় বর্বর হত্যাকাণ্ড, নির্যাতন এবং ধ্বংসযজ্ঞ চালানো হয়। রাজনৈতিক নেতৃত্ব চরমভাবে ব্যর্থতার পরিচয় দেয়। জাতি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। এই সময়ে জাতি একজন নেতা খুঁজছিলেন, যার উপর আস্থা রাখা যায়। যাকে ঘিরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা যায়। ঠিক সেই সময় ত্রাণকর্তা হিসেবে জাতির সামনে হাজির হন মেজর জিয়া। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তিনি। যা মুহূর্তের মধ্যে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। জাতি দিশা ফিরে পায়। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় ঐক্যবদ্ধভাবে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, নিজেও রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন এই সেক্টর কমান্ডার। মাত্র ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম লাভ করে। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস।

বীর উত্তম মেজর জিয়াউর রহমানের কোনো উচ্চাভিলাষ ছিল না। গণতন্ত্রে বিশ্বাসী এই মানুষটি ফিরে যান ব্যারাকে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে দেশ স্বাধীন হয়। তবে, শেখ মুজিবুর রহমানের শাসনামল (১৯৭২-১৯৭৫) ছিল ঠিক তার বিপরীত। এই সময়ে দুর্নীতি, কালোবাজারি, চোরাচালান, লুটপাট ও প্রশাসনিক অনিয়ম নিয়মে পরিণত হয়। বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা ও গুমসহ নানাভাবে রক্ষীবাহিনী দমন-পীড়ন চালায়। বাংলাদেশ একটি বৈষম্যমূলক রাষ্ট্রে পরিণত হয়। এর ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দিলে খেতে না পেয়ে বহু মানুষ মারা যান। এমন পরিস্থিতিতে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত এবং রাজনৈতিক অধিকার সীমিত করা হয়। জাতি নানা ধারায় বিভক্ত হয়ে পড়ে। এমন এক পরিস্থিতিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমান হত্যার শিকার হন।

এরপর দেশে নানা অস্থিরতা দেখা দেয়। একটি পক্ষ দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। ৩ নভেম্বর ভোরবেলা। বিপথগামী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাপ্রধান জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দি করা হয়। পাশাপাশি উচ্চাভিলাষী খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন। ভীতিকর এক পরিস্থিতি উদ্ভব হয়। এমন অবস্থায় দেশে কার্যত ৩, ৪ ও ৫ নভেম্বর কোনো সরকার ছিল না। চার দিন পর ৬ নভেম্বর রাত ২ টার দিকে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বন্দিশালা থেকে মুক্ত হন মেজর জিয়া।

রেডিও বাংলাদেশ থেকে স্বাধীনতা-সংগ্রামের অগ্রনায়ক মেজর জিয়াউর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান সামরিক আইন প্রশাসক ও সেনাবাহিনীর চিফ অব স্টাফের দায়িত্বভার গ্রহণের সংবাদ প্রচার করা হয়। এই খবর প্রচারের সঙ্গে সঙ্গে বাঁধভাঙা বন্যার স্রোতের মতো রাজপথে নেমে আসে করতালি আর স্লোগানে মুখর স্বতঃস্ফূর্ত লাখো জনতার ঢল আর আনন্দ মিছিল। সিপাহি জনতা একাকার হয়ে যায়। ‘৭১ সালের ১৬ ডিসেম্বরের পর ঢাকার রাজপথে জনতা-সেনাবাহিনী মিলন দেখল জাতি। ৭ নভেম্বর রেডিওতে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ, ‘আমি জিয়া বলছি।’ দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ এবং কঠোর পরিশ্রম করার আহ্বান জানান তিনি। জিয়াউর রহমানের সংক্ষিপ্ত ভাষণে বিভক্তি জাতি ঐক্যবদ্ধ হয়। তার এই ভাষণে জাতীয় ঐক্য ও সংহতির দৃশ্য জীবন্ত হয়ে উঠেছিল। সংবাদপত্রের পাতায় দিনটির বর্ণনা জীবন্ত সাক্ষী হয়ে আছে। সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাসী এই মানুষটিকে সিপাহি জনতা বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর সঠিক পথের দিশা দিয়েছিল ৭ নভেম্বর।

মার্কিন গবেষক মার্কাস এফ. ফ্রান্ডা তার Ziaur Rahman's Bangladesh (1979) গ্রন্থে দেখিয়েছেন, জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব, স্বাধীনতার ঘোষণা পাঠ এবং রণাঙ্গনে তার সামরিক অবদান তাকে জাতীয় পর্যায়ে স্বতন্ত্র পরিচিতি ও গ্রহণযোগ্যতা এনে দেয়। ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসেন।

১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে খেমকরণ রণাঙ্গনের বেদিয়ানে ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসেবে জিয়াউর রহমান তার সাহস ও নেতৃত্বের প্রমাণ দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের পর তা দেখালেন ৭ নভেম্বর।

কিছু স্মৃতি কিছু কথা বইয়ে ‘জিয়া ও সাত নভেম্বর’ শিরোনামে লেখায় সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান উল্লেখ করেছেন, ‘আমার মনে পড়ে, ঢাকা সেনানিবাসে তিনি (জিয়াউর রহমান) এ সময়ে এক সৈনিক দরবারে এসেছিলেন। মাঠে অস্ত্র উঁচিয়ে উচ্ছৃঙ্খল সৈনিকের ভিড়। চতুর্দিকে মুহুর্মুহু স্লোগান ‘জিয়া ভাই, জিয়া ভাই’। ঢাকা সেনাসিবাসের আকাশ-বাতাস মুখরিত। পতাকাবাহী গাড়ি রাস্তায় রেখে তিনি হেঁটে সৈনিকের ঠিক মাঝখানে চলে আসেন। মাইক্রোফোনটা হাতে নিয়ে চিৎকার করে বলতে শুরু করেন, Shut-up. I am not Zia bhai. I am bloody well your chief. Behave properly. তোমরা সকলে চুপ করো। আমি তোমাদের ভাই নই। আমি তোমাদের সেনাপ্রধান। সাবধানে কথা বলো। সেনা শৃঙ্খলা ভঙ্গ আমি কখনও সহ্য করব না।’

বইয়ে মাহবুবুর রহমান আরও উল্লেখ করেন, ‘তিনি (জিয়াউর রহমান) সকলকে ব্যারাকে ফিরে যাওয়ার আদেশ দেন। অস্ত্র জমা দিতে বলেন এবং চেইন অব কমান্ডে ফিরে আসতে বলেন। অবাক বিস্ময়ে আমি লক্ষ্য করি, মুহূর্তের মধ্যে সমস্ত কোলাহল স্তব্ধ, সৈনিকরা লাইন ধরে সুড় সুড় করে আপন আপন ইউনিটের দিকে ধাবমান। আমার কাছে সেদিন জিয়াকে মনে হয়েছিল তিনি যেন সেই হ্যামিলনের বংশীবাদক, যার বাঁশির সুরে হ্যামিলন নগরীর সকল শিশু-কিশোর যে যেখানে ছিল তার পেছনে ছুটে চলেছে।’ সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের লেখা থেকেই বুঝতে পাড়া যায় জিয়াউর রহমানের ব্যক্তিত্ব ও সেনাবাহিনীতে তার জনপ্রিয়তার মাপ।

ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী জিয়ার সত্যিকারের গণতন্ত্রের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল। গণতন্ত্রের চেতনায় তাড়িত হয়ে তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন। স্বাধীনতার ঘোষণা, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, কৃষি ও অর্থনীতির ভিত শক্তিশালী করার ক্ষেত্রে জিয়ার অনন্য অবদান। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে প্রথমেই সংবিধানের চতুর্থ সংশোধনী বাতিল করে বহু দলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ঘটান। গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেন।

জিয়াউর রহমানের কালজয়ী নেতৃত্বে ক্ষতবিক্ষত বাংলাদেশ এক অলৌকিক পুনর্জীবন লাভ করে। স্বাধীনতার পর চাপিয়ে দেওয়া বিভেদ সৃষ্টিকারী ব্যবস্থার অবসান ঘটিয়ে তিনি প্রবর্তন করেন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। এই ভূখণ্ডের প্রতিটি নাগরিককে একই পতাকাতলে একত্রিত করার সার্বজনীন দর্শন। এ দর্শনের বলেই পাহাড় থেকে সমতল; টেকনাফ থেকে তেতুলিয়া; রূপসা থেকে পাথুরিয়া- সবারই জাতি পরিচয় বাংলাদেশি।

বাংলাদেশের অর্থনীতি আজ কৃষি, তৈরি পোশাকশিল্প ও প্রবাসী আয়— এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এই তিনটি ক্ষেত্রে ভিত শক্তিশালী করতে জিয়াউর রহমানের অবদান অনন্য। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন, গ্রামীণ উন্নয়ন এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলেন। স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী, যুবসমাজকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত, বৈদেশিক সম্পর্ক উন্নয়ন ও শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগও জিয়াউর রহমানের। মোটা দাগে যদি বলতে বলা হয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পান মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জাতীয়তাবাদ, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং বাংলাদেশের নিজস্ব রাষ্ট্রীয় পরিচয়কে কেন্দ্র করে একটি নতুন রাজনৈতিক ধারার প্রাতিষ্ঠানিক রূপ দেন।

আধুনিক বাংলাদেশের এই রূপকার ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক বাহিনীর কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে জিয়াউর রহমান শহীদ হন। ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়ককে হারিয়ে বাংলাদেশ যেন নিঃশব্দ হয়ে যায়। সততা, সাহস, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ও গভীর দেশপ্রেম দিয়ে দেশকে গড়ে তোলার চেষ্টা ছিল তার।

আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং অসম্ভব জনপ্রিয় এই রাষ্ট্রনায়কের দেখানো পথে তার স্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর লড়াই সংগ্রাম করে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। তার নেতৃত্বে জনগণের ভোটে তিন বার বিএনপি সরকার গঠন করে।

বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম ও খুন করে কখনও সেনা সমর্থনে, কখনও একতরফা নির্বাচন, কখনও দিনের ভোট রাতে — এভাবে জোর করে দীর্ঘ সাড়ে ১৫ বছর টানা ক্ষমতা দখল করে রাখে শেখ হাসিনা। এই সময়ে দেশে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রবাস থেকে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সফলতা আসে ২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে পাশের দেশ ভারতে অবস্থান নেন।

গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান। তারেক রহমানের নেতৃত্বে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। কিন্তু শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের দুর্নীতি, লুটপাট, অর্থপাচারে ভঙ্গুর অর্থনীতির পাশাপাশি মধ্যপ্রাচ্য সংঘাত দেশকে বড় সংকটের মুখে ফেলেছে। এই অবস্থায় বাবা জিয়াউর রহমান, মা খালেদা জিয়ার দেখানো পথে হেঁটে পরিকল্পিতভাবে দেশ পরিচালনায় তারেক রহমান জনগণের আস্থা অর্জন করতে পেরেছেন। এই অবস্থায় বলা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ‘৯০ গণঅভ্যুত্থান থেকে শুরু করে দেশের সংকটে ত্রাণকর্তা হিসেবে জিয়া পরিবার জাতির পাশে দাঁড়িয়েছে, জাতিও জিয়া পরিবারের ওপর আস্থা রেখেছে। জাতির আস্থার প্রতিদান দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত নিরলস পরিশ্রম করে চলেছেন। দেশ ও জাতীয়বাদী শক্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র তা এখনো চলমান আছে। এই অবস্থায় ৭ নভেম্বর নয়াপল্টনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের ছাত্র জনতা শুধু স্বাধীনতা-সার্বভৌমত্বকে ফিরিয়ে আনে নাই। দেশের মানুষ স্বৈরাচার, ষড়যন্ত্রকারীদের দেশ থেকে বিতাড়িত করেছে। যেভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেই অপশক্তি পরাজিত হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্ট একইভাবে সেই অপশক্তি পরাজিত হয়েছে, দেশের মানুষের অংশগ্রহণে, আন্দোলনের মধ্য দিয়ে।’

অতীতের মতো এখনও একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আবারও তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করতে চায়, আবার তারা আমি-ডামি নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়। এ সুযোগ আর দেওয়া হবে না।’

লেখক: নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের সময়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে ভূঁইয়া পরিবহনের বাসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৭ এম


মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে ভূঁইয়া পরিবহনের বাসে আগুন

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাসভবনের সামনে পার্কিং করা ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা প্রাথমিকভাবে প্রায় দুই থেকে তিন লাখ টাকার বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার কিছু পরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে এবং গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-০৫৯৩। ভূঁইয়া পরিবহনের এই বাসটি ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি এবং চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করা ছিল। বাসটির মালিক আবু জাফর ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা। শনিবার দিবাগত রাতে হঠাৎ করে বাসটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর স্থানীয় বাসিন্দারা এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দা এবং মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম বলেন, "কীভাবে আগুন লেগেছে, আমরা এসে তা দেখতে পাইনি। তবে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল, পল্লী বিদ্যুতের খাম্বায় আগুন লেগেছে। পরে আমরা এসে দেখি বাসে আগুন লেগেছে। এরপর এলাকাবাসী সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি। তবে কী কারণে আগুন লেগেছে, সেটা আমরা বলতে পারছি না।"

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন জানান, রাত ১২টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে তিনি দেখেন, বাসটিতে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগিতা এবং তাদের দুটি টিম নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, "বাসের মালিকের বাড়ি এখানেই। এখানে এসে দেখতে পেলাম বাসে আগুন জ্বলছে। এখন কে বা কারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তার তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ঘটনাস্থল পরিদর্শন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, "খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল এখানে আসে এবং আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ধারণা করা হচ্ছে, চলমান যে পরিস্থিতি, দুষ্কৃতকারীরা জনমনে ভীতি সঞ্চার করতেই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলা রুজু হবে।"

তিনি আরও বলেন, "সারা জেলাব্যাপী আমাদের পেট্রোলিং কার্যক্রম জোরদার করা হয়েছে। সেই সঙ্গে চেকপোস্ট কার্যক্রমও জোরদার করা হয়েছে। এ ছাড়াও গোয়েন্দা পুলিশের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আশা করছি, জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতামূলক কার্যক্রম রোধ করতে সর্বোচ্চ সচেষ্ট থাকব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ এম


নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে অপসারণ করে ঐক্য সরকার গঠনের জন্য তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিয়াচাদ পার্টির প্রধান নাফতালি বেনেট। তিনি জানান, গাদি আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। বেনেটের দল কোনো অবস্থাতেই নেতানিয়াহু বা তার জোটের সঙ্গে সরকার গঠন করবে না।

শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে বেনেট এসব মন্তব্য করেন। গত বুধবার নেতানিয়াহুর সঙ্গে তার দীর্ঘ বৈঠকের পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়েছিল। ওই বৈঠকের পর ধারণা করা হচ্ছিল, বেনেট আইজেনকটের নেতৃত্বাধীন জোট থেকে সরে আসতে পারেন।

বেনেট বলেন, তিনি অংশীদারদের সঙ্গে মিলিত হয়ে গাদি আইজেনকোটের নেতৃত্বে জাতীয় পুনর্গঠনের সরকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি নিশ্চিত করতে চান যে, নেতানিয়াহু পরবর্তী প্রধানমন্ত্রী না হন।

এদিকে, ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ নিয়েছেন আইজেনকোট। রোববার থেকে দুই দলের মধ্যে ধারাবাহিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

আইজেনকোটের দল ইয়ারাশ এক বিবৃতিতে জানিয়েছে, যতটা সম্ভব বিস্তৃত ঐক্য সরকার গঠনের জন্য লিকুদকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। সমঝোতায় পৌঁছানোর জন্য সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

তবে আলোচনায় বসার আগে লিকুদ বেশ কিছু শর্ত দিয়েছে। দলটি নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, উসকানি এবং রাজনৈতিক বয়কট বন্ধের দাবি জানিয়েছে। পাশাপাশি, ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়—এমন দলগুলোর সঙ্গে ঐক্য সরকার গঠনের বিষয়ে যৌথ ঘোষণা চেয়েছে তারা।

এছাড়া, যেসব দলকে তারা সন্ত্রাসবাদে সমর্থনকারী বলে অভিযোগ করে, তাদের নিয়ে সরকার গঠনের উদ্যোগ পরিত্যাগের দাবি জানিয়েছে লিকুদ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই শর্ত মূলত আরব সংখ্যাগরিষ্ঠ রা'আম ও জয়েন্ট লিস্ট পার্টিকে জোটের বাইরে রাখার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

ঐক্য সরকারের জন্য নেতানিয়াহুর দল চারটি মূলনীতি প্রস্তাব করেছে। এগুলো হলো—ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, গাজা-লেবানন-সিরিয়ায় ইসরাইলের নিরাপত্তা অঞ্চল বজায় রাখা এবং কট্টরপন্থি ইহুদি ধর্মীয় নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবার বিষয়টি নির্ধারণ।

তবে আইজেনকোট বারবার জানিয়ে আসছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে তিনি যোগ দেবেন না। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন উল্লেখ করে, তাকে ভবিষ্যতে সরকারি দায়িত্বে না রাখার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

এদিকে, সরকার গঠন নিয়ে বিরোধী জোটের নেতাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইসরাইল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান কট্টরপন্থি ইহুদি দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের পক্ষে। অন্যদিকে, ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান আরব দল রা'আম ও জয়েন্ট লিস্টের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।

তবে গোলান জানিয়েছেন, কট্টরপন্থি ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনে তিনি বাধা দেবেন না। একই সঙ্গে, নেতানিয়াহুকে ক্ষমতায় টিকিয়ে রাখবে—এমন কোনো কথিত ঐক্য সরকারে যোগ দেবেন না বলেও জানিয়েছেন তিনি।

লিবারম্যানের মতে, নেতানিয়াহুর রাজনৈতিক জোট ভাঙতে হলে শাসক জোটের শরিক শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে সমঝোতা করতে হবে। এ জন্য রাজনৈতিক ও আদর্শিক মূল্য দিতে হলেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

অন্যদিকে, ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন আইজেনকোট। দলটি কট্টরপন্থি ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে নতুন প্রস্তাবের অপেক্ষায় রয়েছে। দলটির ধর্মীয় নেতারা আগের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের নির্বাচনে আইজেনকোট ও তার মিত্ররা পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৪৮টি পেয়েছেন। অন্যদিকে, নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৩। তবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তার জোট। কট্টরপন্থি ইহুদি দলগুলোর হাতে রয়েছে আরও ১৩টি আসন। এসব দলের সমর্থন আইজেনকটের পক্ষে গেলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হতে পারে।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%