১১:৪৮ এম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে অপসারণ করে ঐক্য সরকার গঠনের জন্য তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিয়াচাদ পার্টির প্রধান নাফতালি বেনেট। তিনি জানান, গাদি আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। বেনেটের দল কোনো অবস্থাতেই নেতানিয়াহু বা তার জোটের সঙ্গে সরকার গঠন করবে না।
শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে বেনেট এসব মন্তব্য করেন। গত বুধবার নেতানিয়াহুর সঙ্গে তার দীর্ঘ বৈঠকের পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়েছিল। ওই বৈঠকের পর ধারণা করা হচ্ছিল, বেনেট আইজেনকটের নেতৃত্বাধীন জোট থেকে সরে আসতে পারেন।
বেনেট বলেন, তিনি অংশীদারদের সঙ্গে মিলিত হয়ে গাদি আইজেনকোটের নেতৃত্বে জাতীয় পুনর্গঠনের সরকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি নিশ্চিত করতে চান যে, নেতানিয়াহু পরবর্তী প্রধানমন্ত্রী না হন।
আরও পড়ুন: কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
এদিকে, ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ নিয়েছেন আইজেনকোট। রোববার থেকে দুই দলের মধ্যে ধারাবাহিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
আইজেনকোটের দল ইয়ারাশ এক বিবৃতিতে জানিয়েছে, যতটা সম্ভব বিস্তৃত ঐক্য সরকার গঠনের জন্য লিকুদকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। সমঝোতায় পৌঁছানোর জন্য সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
তবে আলোচনায় বসার আগে লিকুদ বেশ কিছু শর্ত দিয়েছে। দলটি নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, উসকানি এবং রাজনৈতিক বয়কট বন্ধের দাবি জানিয়েছে। পাশাপাশি, ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়—এমন দলগুলোর সঙ্গে ঐক্য সরকার গঠনের বিষয়ে যৌথ ঘোষণা চেয়েছে তারা।
এছাড়া, যেসব দলকে তারা সন্ত্রাসবাদে সমর্থনকারী বলে অভিযোগ করে, তাদের নিয়ে সরকার গঠনের উদ্যোগ পরিত্যাগের দাবি জানিয়েছে লিকুদ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই শর্ত মূলত আরব সংখ্যাগরিষ্ঠ রা'আম ও জয়েন্ট লিস্ট পার্টিকে জোটের বাইরে রাখার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: লিবিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের নৌ-ড্রোন হামলার স্বীকারোক্তি জেলেনস্কির
ঐক্য সরকারের জন্য নেতানিয়াহুর দল চারটি মূলনীতি প্রস্তাব করেছে। এগুলো হলো—ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, গাজা-লেবানন-সিরিয়ায় ইসরাইলের নিরাপত্তা অঞ্চল বজায় রাখা এবং কট্টরপন্থি ইহুদি ধর্মীয় নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবার বিষয়টি নির্ধারণ।
তবে আইজেনকোট বারবার জানিয়ে আসছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে তিনি যোগ দেবেন না। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন উল্লেখ করে, তাকে ভবিষ্যতে সরকারি দায়িত্বে না রাখার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।
এদিকে, সরকার গঠন নিয়ে বিরোধী জোটের নেতাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইসরাইল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান কট্টরপন্থি ইহুদি দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের পক্ষে। অন্যদিকে, ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান আরব দল রা'আম ও জয়েন্ট লিস্টের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
তবে গোলান জানিয়েছেন, কট্টরপন্থি ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনে তিনি বাধা দেবেন না। একই সঙ্গে, নেতানিয়াহুকে ক্ষমতায় টিকিয়ে রাখবে—এমন কোনো কথিত ঐক্য সরকারে যোগ দেবেন না বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: দুবাইয়ের স্বর্ণের দোকানে ক্রেতাদের ভিড়, দাম কমার প্রভাব
লিবারম্যানের মতে, নেতানিয়াহুর রাজনৈতিক জোট ভাঙতে হলে শাসক জোটের শরিক শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে সমঝোতা করতে হবে। এ জন্য রাজনৈতিক ও আদর্শিক মূল্য দিতে হলেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।
অন্যদিকে, ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন আইজেনকোট। দলটি কট্টরপন্থি ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে নতুন প্রস্তাবের অপেক্ষায় রয়েছে। দলটির ধর্মীয় নেতারা আগের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের নির্বাচনে আইজেনকোট ও তার মিত্ররা পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৪৮টি পেয়েছেন। অন্যদিকে, নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৩। তবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তার জোট। কট্টরপন্থি ইহুদি দলগুলোর হাতে রয়েছে আরও ১৩টি আসন। এসব দলের সমর্থন আইজেনকটের পক্ষে গেলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হতে পারে।
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৯৯২ সালের পর ডেমোক্র্যাটদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন