প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাসভবনের সামনে পার্কিং করা ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা প্রাথমিকভাবে প্রায় দুই থেকে তিন লাখ টাকার বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার কিছু পরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে এবং গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-০৫৯৩। ভূঁইয়া পরিবহনের এই বাসটি ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি এবং চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করা ছিল। বাসটির মালিক আবু জাফর ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা। শনিবার দিবাগত রাতে হঠাৎ করে বাসটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর স্থানীয় বাসিন্দারা এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা এবং মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম বলেন, "কীভাবে আগুন লেগেছে, আমরা এসে তা দেখতে পাইনি। তবে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল, পল্লী বিদ্যুতের খাম্বায় আগুন লেগেছে। পরে আমরা এসে দেখি বাসে আগুন লেগেছে। এরপর এলাকাবাসী সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি। তবে কী কারণে আগুন লেগেছে, সেটা আমরা বলতে পারছি না।"
মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন জানান, রাত ১২টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে তিনি দেখেন, বাসটিতে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগিতা এবং তাদের দুটি টিম নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, "বাসের মালিকের বাড়ি এখানেই। এখানে এসে দেখতে পেলাম বাসে আগুন জ্বলছে। এখন কে বা কারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তার তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনাস্থল পরিদর্শন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, "খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল এখানে আসে এবং আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ধারণা করা হচ্ছে, চলমান যে পরিস্থিতি, দুষ্কৃতকারীরা জনমনে ভীতি সঞ্চার করতেই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলা রুজু হবে।"
তিনি আরও বলেন, "সারা জেলাব্যাপী আমাদের পেট্রোলিং কার্যক্রম জোরদার করা হয়েছে। সেই সঙ্গে চেকপোস্ট কার্যক্রমও জোরদার করা হয়েছে। এ ছাড়াও গোয়েন্দা পুলিশের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আশা করছি, জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতামূলক কার্যক্রম রোধ করতে সর্বোচ্চ সচেষ্ট থাকব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন