ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঘিওরে তেরশ্রী গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত


ঘিওরে তেরশ্রী গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

মানিকগঞ্জের ঘিওরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক তেরশ্রী গণহত্যা দিবস উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের ২২ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দেশীয় সহযোগীদের বর্বরোচিত হামলায় তেরশ্রীসহ আশপাশের চার গ্রামের ৪৩ জন নিরীহ মানুষ শহীদ হন।

রবিবার (২২ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোক র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড

জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশাররফ হোসেন মানিক, জেলা কৃষক দলের সহসভাপতি মো. আব্দুল খালেকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২২ নভেম্বর ভোরে তেরশ্রী বাজারসহ আশপাশের চার গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং নির্বিচারে গুলি চালিয়ে ৪৩ জনকে হত্যা করা হয়। শহীদদের মধ্যে ছিলেন জমিদার শ্রী সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী এবং তেরশ্রী কলেজের তৎকালীন অধ্যক্ষ ও মুক্তিযুদ্ধকালীন সংগঠক আতিয়ার রহমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ডা. জুবাইদা রহমানের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন, এমনটি জানিয়েছেন তাঁর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি উল্লেখ করেন, ‘তারেক রহমান ও তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ হবে মানবিক ও উন্নয়নমুখী।’

জুবাইদা রহমান বলেন, দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ রোববার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

বিপদে-আপদে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বিশিষ্ট এই চিকিৎসক জানান, ‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা সকলে মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।’

নিজেদের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

অনুষ্ঠানে ঢাকা ১৭ আসনের অন্তর্গত চারটি থানা গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টের দুস্থ ১০৭ জন, মেধাবী শিক্ষার্থী ২ জন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য ৪০ জনসহ মোট ১৬৫ জনকে আর্থিক চেক প্রদান করা হয়।

ডা. জুবাইদা রহমান ১৬ জনকে চেক ও নিম গাছের চারা নিজ হাতে প্রদান করেন।

আর্থিক চেক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা ১৭ নং সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাভেলের বিরুদ্ধে নির্মাতার ক্ষোভ, সংবাদ সম্মেলন বাসার নিচে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


পাভেলের বিরুদ্ধে নির্মাতার ক্ষোভ, সংবাদ সম্মেলন বাসার নিচে

অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে নতুন ধারাবাহিক নাটক ‘হাঙামা’র শুটিংয়ে নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে। নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝর দাবি করেছেন, এতে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে নির্মাতা ও শুটিং ইউনিটের সদস্যরা পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সেখানে নির্মাতা নির্ঝর শুটিংয়ে অভিনেতার অনুপস্থিতি এবং আর্থিক ক্ষতির বিস্তারিত তুলে ধরেন।

নির্মাতার অভিযোগ, ২১ নভেম্বর ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পাভেলের। সেই অনুযায়ী, শুটিংয়ের সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা হয়। অভিনেতাকে সেটে নিয়ে আসার জন্য একটি গাড়ি দিনভর তাঁর বাসার নিচে অপেক্ষা করছিল। অন্যদিকে, প্রায় ৬০ সদস্যের শুটিং ইউনিটও অপেক্ষায় ছিলেন। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও পাভেলের কোনো সাড়া পাওয়া যায়নি।

নির্মাতা অভিযোগ করেন যে, পাভেল শুটিংয়ে আসতে পারবেন কি না, কিংবা কোনো সমস্যায় রয়েছেন কি না, সেটিও কাউকে জানাননি। শেষ পর্যন্ত অভিনেতার দেখা না পেয়ে তাঁরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

নির্ঝর জানান, প্রায় দুই মাসের চেষ্টায় অভিনয়শিল্পীদের শিডিউল সমন্বয় করে চলতি মাসের ১২ নভেম্বর থেকে ধারাবাহিকটির শুটিং শুরু হয়। এর আগে ১৫ নভেম্বরও পাভেলের শুটিংয়ের শিডিউল ছিল। সেদিনও সেট প্রস্তুত করে অন্য অভিনয়শিল্পীদের নিয়ে দিনভর অপেক্ষা করেও তাঁকে পাওয়া যায়নি, যার ফলে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে পাভেল যোগাযোগ করে পারিবারিক সমস্যার কথা জানান এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। বিষয়টি বিবেচনায় নিয়ে নাটকের কাজ এগিয়ে নিতে তাঁকে নিয়ে আবারও শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় ১৭ ও ১৮ নভেম্বর শুটিংয়ে অংশ নেন অভিনেতা। তবে ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বলে অভিযোগ করেছেন নির্ঝর।

সব মিলিয়ে শুটিং সেট ও অন্যান্য খরচ বাবদ প্রায় ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নির্মাতা। বিষয়টি ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে জানিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশকেও অবহিত করেছেন। পাভেল ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন নির্ঝর।

ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়েও হতাশা প্রকাশ করেছেন নির্মাতা। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে নতুন করে শুটিং করা ছাড়া নাটকটির কাজ শেষ করার আর কোনো উপায় নেই। তিনি গল্প কিংবা নির্মাণের মানের সঙ্গে আপস করে কাজ শেষ করতে চান না।

‘হাঙামা’ ধারাবাহিকে সাইদুর রহমান পাভেল ছাড়াও অভিনয় করছেন শেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর ইনান, সামিউল ভূঁইয়া, তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়াসহ আরও অনেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে বেহাল সড়কে বৃষ্টিতে কাদার সৃষ্টি, দুর্ভোগ চরমে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


পীরগঞ্জে বেহাল সড়কে বৃষ্টিতে কাদার সৃষ্টি, দুর্ভোগ চরমে

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের গ্রামীণ জনপদে বেহাল সড়কের কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই অধিকাংশ কাঁচা রাস্তায় কাদার সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ছোট-বড় খানাখন্দ তৈরি হয়েছে। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত ৩ দিনের গুড়ি গুড়ি বৃষ্টির কারণে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার অনেক রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। বৃষ্টি হলেই এসব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যায়। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে চরম কষ্ট হচ্ছে। অনেকেই কাদা পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে পোশাক নষ্ট করছেন। অন্যদিকে, ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

উপজেলার কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের ভ্যানচালকসহ স্থানীয় বাসিন্দারা জানান, হলদিবাড়ি থেকে ঘনশ্যামপুর পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা জমে চলাচল করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে যাত্রী ও মালামাল পরিবহনে ভ্যানচালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

একই ইউনিয়নের বেতকাপা গ্রামের বাসিন্দাদেরও দুর্ভোগের শেষ নেই। সামান্য বৃষ্টি হলেই গ্রামের মানুষ কাদার কারণে খারপুকুরের পাকা সড়কে উঠতে পারেন না। ভ্যান, মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচলের সময় চাকা পিছলে পাশের জমিতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটছে। এর ফলে যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য পরিবহণেও সমস্যা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাস্তাগুলো পাকাকরণের দাবিতে সংশ্লিষ্ট উপজেলা দপ্তরে যোগাযোগ করা হলে অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এসব রাস্তার প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ রাস্তার উন্নয়নকাজ শুরু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শুধু কাবিলপুর ইউনিয়ন নয়, উপজেলার চৈত্রকেল, ভেন্ডাবাড়ী, গুর্জীপাড়া, কুমেদপুর, মদনখালী, টুকুরিয়া, বড় আলমপুর, রায়পুর, পীরগঞ্জ, শানেরহাট, পাঁচগাছি, মিঠিপুর, রামনাথপুর, চতরা, কাবিলপুরসহ ১৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ জনপদের মানুষের চিত্র প্রায় একই। দীর্ঘদিন ধরে বেহাল কাঁচা রাস্তার কারণে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন।

এলাকাবাসীর দাবি, গ্রামীণ যোগাযোগব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাগুলো দ্রুত পাকাকরণ ও সংস্কারের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি জানান, উপজেলা জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলোর প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে এবং বরাদ্দ পেলেই টেন্ডারে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


শেরপুর সীমান্তে ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি

শেরপুর, ২২ নভেম্বর ২০২৬ : জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়, যেখানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ দুই হাজার টাকা।

রোববার, নালিতাবাড়ী উপজেলার গারোপাড়া এলাকায় বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অভিযানের সময় এসব মালামাল উদ্ধার করা হয়।

সূত্র জানায়, রোববার সকালে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল গারোপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল, কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ দুই হাজার টাকা।

বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতেও এ কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%