প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের গ্রামীণ জনপদে বেহাল সড়কের কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই অধিকাংশ কাঁচা রাস্তায় কাদার সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ছোট-বড় খানাখন্দ তৈরি হয়েছে। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত ৩ দিনের গুড়ি গুড়ি বৃষ্টির কারণে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার অনেক রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। বৃষ্টি হলেই এসব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যায়। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে চরম কষ্ট হচ্ছে। অনেকেই কাদা পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে পোশাক নষ্ট করছেন। অন্যদিকে, ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
উপজেলার কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের ভ্যানচালকসহ স্থানীয় বাসিন্দারা জানান, হলদিবাড়ি থেকে ঘনশ্যামপুর পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা জমে চলাচল করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে যাত্রী ও মালামাল পরিবহনে ভ্যানচালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
একই ইউনিয়নের বেতকাপা গ্রামের বাসিন্দাদেরও দুর্ভোগের শেষ নেই। সামান্য বৃষ্টি হলেই গ্রামের মানুষ কাদার কারণে খারপুকুরের পাকা সড়কে উঠতে পারেন না। ভ্যান, মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচলের সময় চাকা পিছলে পাশের জমিতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটছে। এর ফলে যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য পরিবহণেও সমস্যা হচ্ছে।
স্থানীয়রা জানান, রাস্তাগুলো পাকাকরণের দাবিতে সংশ্লিষ্ট উপজেলা দপ্তরে যোগাযোগ করা হলে অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এসব রাস্তার প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ রাস্তার উন্নয়নকাজ শুরু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শুধু কাবিলপুর ইউনিয়ন নয়, উপজেলার চৈত্রকেল, ভেন্ডাবাড়ী, গুর্জীপাড়া, কুমেদপুর, মদনখালী, টুকুরিয়া, বড় আলমপুর, রায়পুর, পীরগঞ্জ, শানেরহাট, পাঁচগাছি, মিঠিপুর, রামনাথপুর, চতরা, কাবিলপুরসহ ১৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ জনপদের মানুষের চিত্র প্রায় একই। দীর্ঘদিন ধরে বেহাল কাঁচা রাস্তার কারণে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসীর দাবি, গ্রামীণ যোগাযোগব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাগুলো দ্রুত পাকাকরণ ও সংস্কারের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি জানান, উপজেলা জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলোর প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে এবং বরাদ্দ পেলেই টেন্ডারে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন