ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পীরগঞ্জে বেহাল সড়কে বৃষ্টিতে কাদার সৃষ্টি, দুর্ভোগ চরমে


পীরগঞ্জে বেহাল সড়কে বৃষ্টিতে কাদার সৃষ্টি, দুর্ভোগ চরমে

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের গ্রামীণ জনপদে বেহাল সড়কের কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই অধিকাংশ কাঁচা রাস্তায় কাদার সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ছোট-বড় খানাখন্দ তৈরি হয়েছে। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত ৩ দিনের গুড়ি গুড়ি বৃষ্টির কারণে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার অনেক রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। বৃষ্টি হলেই এসব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যায়। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে চরম কষ্ট হচ্ছে। অনেকেই কাদা পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে পোশাক নষ্ট করছেন। অন্যদিকে, ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

উপজেলার কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের ভ্যানচালকসহ স্থানীয় বাসিন্দারা জানান, হলদিবাড়ি থেকে ঘনশ্যামপুর পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা জমে চলাচল করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে যাত্রী ও মালামাল পরিবহনে ভ্যানচালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

একই ইউনিয়নের বেতকাপা গ্রামের বাসিন্দাদেরও দুর্ভোগের শেষ নেই। সামান্য বৃষ্টি হলেই গ্রামের মানুষ কাদার কারণে খারপুকুরের পাকা সড়কে উঠতে পারেন না। ভ্যান, মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচলের সময় চাকা পিছলে পাশের জমিতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটছে। এর ফলে যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য পরিবহণেও সমস্যা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাস্তাগুলো পাকাকরণের দাবিতে সংশ্লিষ্ট উপজেলা দপ্তরে যোগাযোগ করা হলে অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এসব রাস্তার প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ রাস্তার উন্নয়নকাজ শুরু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শুধু কাবিলপুর ইউনিয়ন নয়, উপজেলার চৈত্রকেল, ভেন্ডাবাড়ী, গুর্জীপাড়া, কুমেদপুর, মদনখালী, টুকুরিয়া, বড় আলমপুর, রায়পুর, পীরগঞ্জ, শানেরহাট, পাঁচগাছি, মিঠিপুর, রামনাথপুর, চতরা, কাবিলপুরসহ ১৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ জনপদের মানুষের চিত্র প্রায় একই। দীর্ঘদিন ধরে বেহাল কাঁচা রাস্তার কারণে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন।

এলাকাবাসীর দাবি, গ্রামীণ যোগাযোগব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাগুলো দ্রুত পাকাকরণ ও সংস্কারের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি জানান, উপজেলা জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলোর প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে এবং বরাদ্দ পেলেই টেন্ডারে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


শেরপুর সীমান্তে ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি

শেরপুর, ২২ নভেম্বর ২০২৬ : জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়, যেখানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ দুই হাজার টাকা।

রোববার, নালিতাবাড়ী উপজেলার গারোপাড়া এলাকায় বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অভিযানের সময় এসব মালামাল উদ্ধার করা হয়।

সূত্র জানায়, রোববার সকালে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল গারোপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল, কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ দুই হাজার টাকা।

বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতেও এ কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ বাবুল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ বাবুল গ্রেফতার

ময়মনসিংহের তারাকান্দা এলাকায় পুলিশের একটি বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকের আহমেদ বাবুলকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে, পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে ২২ নভেম্বর (রবিবার) দুপুরে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া সাকের আহমেদ বাবুল, নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বিসকা ইউনিয়নের গজহরপুর গ্রামের মৃত ছফির উদ্দিন মাস্টারের পুত্র। ২০২১ সালে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় তিনি বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল জানান, গতকাল রাতে থানার অফিসার ইনচার্জ আঃ রাশিদের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সাকের আহমেদ বাবুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে গ্যারেজে ডাকাতি, ৯২ ব্যাটারি ও অটোরিকশা লুট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে গ্যারেজে ডাকাতি, ৯২ ব্যাটারি ও অটোরিকশা লুট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি অটোরিকশার গ্যারেজে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গ্যারেজের মালিকের অভিযোগ অনুযায়ী, ডাকাতরা নৈশপ্রহরী ও এক গাড়িচালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৯২টি ব্যাটারি, চার্জার এবং একটি থ্রি-হুইলার অটোরিকশা লুট করে নিয়ে গেছে। এ সময় গ্যারেজে উপস্থিত দুইজনের হাত, পা ও মুখ বেঁধে ফেলে ডাকাতদল।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্যারেজের মালিক মো. মাহবুবুর রহমান (৩৬) অজ্ঞাতনামা ১০-১২ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বাদী মাহবুবুর রহমান উল্লেখ করেন, জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলারের গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজে এলাকার ১৫-২০ জন চালক ভাড়ায় গাড়ি নিয়ে জীবিকা নির্বাহ করেন। গ্যারেজের নিরাপত্তা ও দেখাশোনার জন্য রাতে সেখানে মালিকের বাবা অবস্থান করতেন।

অভিযোগে বলা হয়েছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে অধিকাংশ গাড়ি গ্যারেজে জমা হলেও একটি গাড়ি ফিরতে দেরি হওয়ায় ওই গাড়ি বুঝে নেয়ার জন্য মালিকের বাবা গ্যারেজে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত গ্যারেজের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে ছিল ছুরি, চাপাতি, রামদা সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে গ্যারেজে থাকা মালিকের বাবা ও এক গাড়িচালককে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

পরে ডাকাতরা গ্যারেজে থাকা ২৩টি অটোরিকশার মোট ৯২টি ব্যাটারি ও চার্জার খুলে একটি পিকআপ গাড়িতে তুলে নেয়। একই সঙ্গে বড় একটি থ্রি-হুইলার অটোরিকশাও গাড়িতে তুলে নেয়। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাতদল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে বিজিবির অভিযানে বিপুল বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


টেকনাফে বিজিবির অভিযানে বিপুল বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ২

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গতকাল নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। অভিযানের ফলস্বরূপ বোমা তৈরির জন্য ব্যবহৃত বিস্ফোরক সরঞ্জামাদি, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)-কে আটক করা হয়েছে। এছাড়া, মালামাল পরিবহনে ব্যবহৃত দুইটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আটককৃতদের কাছ থেকে জব্দ করা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস), অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জামাদি এবং সংশ্লিষ্ট যানবাহনগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মন্তব্য করেন, ‘দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের মজুত ও পরিবহন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক এবং তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%