শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:০২ পি.এম
মীরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে ৩৬তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই পরীক্ষায় দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মীরসরাই ও ছাগলনাইয়া উপজেলার ১২৫টি সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসার প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্রের ১৪টি হলরুমে ৩৪ জন হল পর্যবেক্ষকের তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়। এ সময় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরীক্ষার হল পরিদর্শন করেন।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি ছালেহ আহমদ ডিপটি। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া। এছাড়া দিলীপ কুমার বণিক আহ্বায়ক এবং সংস্থার সদস্য ফরহাদ হোসেন পরীক্ষা সচিবের দায়িত্ব পালন করেন।
উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে উদয়ন ক্লাব নিয়মিত মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, উদয়ন ক্লাব ১৯৯৯ সালে স্বর্ণপদক অর্জন করে। এছাড়া ২০০১ সালে সংগঠনটি জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে নির্বাচিত হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের একটি পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, শুক্রবার সকালে গজনী পর্যটনকেন্দ্রে ঘোরাঘুরির এক পর্যায়ে তাঁরা পাহাড়ের একটি টিলায় ওঠেন। এ সময় একদল দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের জিম্মি করে। পরে তাঁদের মারধর করা হয় এবং একপর্যায়ে শিক্ষার্থীদের কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান বলেন, "আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৭৩ জন শিক্ষার্থী নিয়ে আজ (শুক্রবার) সকালে অবকাশ কেন্দ্রে এসে গাড়ি থেকে নেমে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে আশপাশের পাহাড়ে ঘুরতে যাই। এ সময় আমাদের ৮ সদস্যের একটি গ্রুপ অবকাশ কেন্দ্রের একটি পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজন দুর্বৃত্ত আমাদের আটকিয়ে বেঁধে ফেলে। পরে আমাদের কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা অবকাশ কেন্দ্র এসে স্থানীয়দের সহায়তায় আমাদের অন্যান্য গ্রুপের সাথে একত্রিত হই।"
এ বিষয়ে অবকাশ পর্যটন কেন্দ্রের কেয়ারটেকার ক্লেমেন রাখসাম বলেন, "আমরা ওই পিকনিক পার্টির সবাইকে দুর্গম পাহাড় এবং জঙ্গলে যাবার জন্য মানা করেছিলাম। তারপরও ছিনতাইয়ের কবলের পড়ার পর আমি থানা পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।"
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নূর মোহাম্মদ এ বিষয়ে বলেন, "ছিনতাই এর খবর পেয়ে আমরা তাৎক্ষণিক পাহাড়ের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। কিন্তু অপরাধীরা দুর্গম পাহাড়ে চলে গেছে। তবে অবকাশ কেন্দ্রে আমাদের ফোর্স রয়েছে। ছিনতায়ের শিকার পর্যটকরা এজাহার দাখিল করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন জানান, "বিষয়টি আমি জানার পর খোঁজ নিয়ে জানতে পারি ঘটনাটি ঘটেছে অবকাশ এর বাইরে পাহাড়ে। সেখানে তাদের যাওয়ার জন্য স্থানীয়রা মানা করার পরও তারা গিয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও এবং ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এবং কর্ণফুলী টানেল কর্তৃপক্ষের জায়গা দখল করে একাধিক অবৈধ দোকান ও মার্কেট গড়ে উঠেছে। মূল সড়কের ওপর এসব দোকানের মালামাল রাখা হচ্ছে। এর ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং প্রতিদিন যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন।
সরেজমিনে দেখা যায়, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের প্রবেশমুখ থেকে চাতরী চৌমুহনী বাজারের আগে মোহাম্মদ আলী জামে মসজিদের দক্ষিণ পাশ পর্যন্ত সওজ ও টানেল কর্তৃপক্ষের জায়গা দখল করে নির্মিত হয়েছে বেশ কিছু দোকান ও মার্কেট। এসবের মধ্যে রয়েছে ছৈয়দনুর মার্কেট ও শওকত ওসমান মার্কেটসহ নতুন করে গড়ে ওঠা একাধিক স্থাপনা। দোকানগুলোতে ব্যবসা পরিচালনার পাশাপাশি পণ্যসামগ্রীও সড়কের ওপর রাখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের প্রবেশমুখে যানবাহন নির্বিঘ্নে চলাচল এবং যানজট এড়াতে দুই দফায় জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু সেই অধিগ্রহণ করা জায়গা দখল করে দোকানপাট নির্মাণের ফলে টানেলের প্রবেশমুখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
স্থানীয় সিএনজি অটোরিকশাচালক আনোয়ার মিয়া বলেন, "সড়কের ওপর দোকানের মালামাল রাখায় পাশাপাশি দুটি সিএনজি চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। সেখানে বড় বাস ও ট্রাক কীভাবে চলাচল করবে? কোরিয়ান ইপিজেড ছুটির সময় শত শত গাড়ি একসঙ্গে বের হলে তীব্র যানজটের সৃষ্টি হয়।"
পথচারী আবদুল করিম বলেন, "টানেলের প্রবেশমুখে যানবাহন নির্বিঘ্নে চলাচলের জন্য কর্তৃপক্ষ দুই দফায় জমি অধিগ্রহণ করেছে। অথচ সেই জায়গা দখল করে রেখেছেন কিছু ব্যবসায়ী। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে এখানে যানজট স্থায়ী রূপ নেবে এবং ছোটখাটো দুর্ঘটনাও বাড়বে।"
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ বলেন, "চাতরী চৌমুহনী বাজারের পূর্ব পাশে মূল সড়কের কাজ চলমান রয়েছে। পশ্চিম পাশে ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে কাজ এখনো টানেলের প্রবেশমুখ পর্যন্ত পৌঁছায়নি। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
কর্ণফুলী টানেলের কর্মকর্তা গোলাম সামদানি হিমেল বলেন, "টানেলের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদের অনুমতি চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করা হয়েছে। আশা করছি, শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের কারণে নূর মোহাম্মদ নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মান্দারতলা গ্রামের মাঠে এই ঘটনাটি ঘটে।
নিহত নূর মোহাম্মদ ছিলেন মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হানেফ আলীর পুত্র। অভিযুক্ত ব্যক্তি জসিম উদ্দিন, যিনি একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নূর মোহাম্মদ মাঠের একটি জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। এ সময় পাশের জমিতে কাজ করতে আসেন পোড়াদহ গ্রামের জসিম উদ্দিন। কাজের এক পর্যায়ে পূর্বের পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ শুরু হয়। বিরোধের এক পর্যায়ে জসিম উদ্দিন তার হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এই আক্রমণে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি ইমরান আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোনায় কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নানা আয়োজনে উদ্যাপিত হচ্ছে। লেখকের জন্মস্থান সড়কজুড়ে ভক্তরা আনন্দ শোভাযাত্রা বের করেছেন, যেখানে লেখকের জনপ্রিয় চরিত্র হিমু-রূপার সাজে তারা সজ্জিত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় হিমু উৎসবের প্রথম পর্বে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। হিমু পাঠক আড্ডার উদ্যোগে ‘হিমু উৎসব’-এ সাতপাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে প্রধান সড়কে নানা বয়সী ভক্তরা হিমু-রূপা সাজে হেঁটে যান।
এরপর লেখকের নাটক ও সিনেমায় ব্যবহৃত গানের সঙ্গে মোক্তারপাড়া মুক্তমঞ্চে উপস্থিত হয়ে ভক্তরা জন্মদিনের কেক কাটেন। উৎসবে লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।
উৎসবে ছেলেরা হলুদ পাঞ্জাবি পরে হিমু এবং মেয়েরা নীল শাড়িতে রূপা সাজে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। উৎসবের আয়োজক হিমু পাঠক আড্ডা জানায়, তারা এক যুগ ধরে নিয়মিতভাবে এই আয়োজন করে আসছে। লেখকের কাল্পনিক চরিত্র ও দেশীয় সাহিত্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে হুমায়ূন আহমেদ জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের প্রথম সন্তান হিসেবে পৈতৃক ভিটায় বাবার নামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন।
লেখকের সবচেয়ে প্রিয় স্থান ছিল নিজ হাতে গড়া নুহাশপল্লী। দেশের বাইরে থাকলে কিংবা মন খারাপের সময় প্রায়ই তিনি নুহাশপল্লীর স্মৃতিচারণ করতেন।
লেখক হিসেবে তার পাশাপাশি নির্মাতা ও গীতিকার হিসেবেও তিনি সুখ্যাতি অর্জন করেন। বহুমাত্রিক সৃষ্টির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সময়ের কাছে তার জীবন থেমে গেলেও আজও বৃষ্টি নামলে, জোছনা উঠলে কিংবা শীতের ঘন কুয়াশার চাদরে বারবার ফিরে আসেন হুমায়ূন আহমেদ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ