প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মীরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে ৩৬তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই পরীক্ষায় দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মীরসরাই ও ছাগলনাইয়া উপজেলার ১২৫টি সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসার প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্রের ১৪টি হলরুমে ৩৪ জন হল পর্যবেক্ষকের তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়। এ সময় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরীক্ষার হল পরিদর্শন করেন।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি ছালেহ আহমদ ডিপটি। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া। এছাড়া দিলীপ কুমার বণিক আহ্বায়ক এবং সংস্থার সদস্য ফরহাদ হোসেন পরীক্ষা সচিবের দায়িত্ব পালন করেন।
উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে উদয়ন ক্লাব নিয়মিত মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, উদয়ন ক্লাব ১৯৯৯ সালে স্বর্ণপদক অর্জন করে। এছাড়া ২০০১ সালে সংগঠনটি জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে নির্বাচিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন