প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এবং কর্ণফুলী টানেল কর্তৃপক্ষের জায়গা দখল করে একাধিক অবৈধ দোকান ও মার্কেট গড়ে উঠেছে। মূল সড়কের ওপর এসব দোকানের মালামাল রাখা হচ্ছে। এর ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং প্রতিদিন যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন।
সরেজমিনে দেখা যায়, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের প্রবেশমুখ থেকে চাতরী চৌমুহনী বাজারের আগে মোহাম্মদ আলী জামে মসজিদের দক্ষিণ পাশ পর্যন্ত সওজ ও টানেল কর্তৃপক্ষের জায়গা দখল করে নির্মিত হয়েছে বেশ কিছু দোকান ও মার্কেট। এসবের মধ্যে রয়েছে ছৈয়দনুর মার্কেট ও শওকত ওসমান মার্কেটসহ নতুন করে গড়ে ওঠা একাধিক স্থাপনা। দোকানগুলোতে ব্যবসা পরিচালনার পাশাপাশি পণ্যসামগ্রীও সড়কের ওপর রাখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের প্রবেশমুখে যানবাহন নির্বিঘ্নে চলাচল এবং যানজট এড়াতে দুই দফায় জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু সেই অধিগ্রহণ করা জায়গা দখল করে দোকানপাট নির্মাণের ফলে টানেলের প্রবেশমুখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
স্থানীয় সিএনজি অটোরিকশাচালক আনোয়ার মিয়া বলেন, "সড়কের ওপর দোকানের মালামাল রাখায় পাশাপাশি দুটি সিএনজি চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। সেখানে বড় বাস ও ট্রাক কীভাবে চলাচল করবে? কোরিয়ান ইপিজেড ছুটির সময় শত শত গাড়ি একসঙ্গে বের হলে তীব্র যানজটের সৃষ্টি হয়।"
পথচারী আবদুল করিম বলেন, "টানেলের প্রবেশমুখে যানবাহন নির্বিঘ্নে চলাচলের জন্য কর্তৃপক্ষ দুই দফায় জমি অধিগ্রহণ করেছে। অথচ সেই জায়গা দখল করে রেখেছেন কিছু ব্যবসায়ী। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে এখানে যানজট স্থায়ী রূপ নেবে এবং ছোটখাটো দুর্ঘটনাও বাড়বে।"
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ বলেন, "চাতরী চৌমুহনী বাজারের পূর্ব পাশে মূল সড়কের কাজ চলমান রয়েছে। পশ্চিম পাশে ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে কাজ এখনো টানেলের প্রবেশমুখ পর্যন্ত পৌঁছায়নি। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
কর্ণফুলী টানেলের কর্মকর্তা গোলাম সামদানি হিমেল বলেন, "টানেলের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদের অনুমতি চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করা হয়েছে। আশা করছি, শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন