ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা-জনবল-যন্ত্রপাতি সংকটে চরম ভোগান্তি


খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা-জনবল-যন্ত্রপাতি সংকটে চরম ভোগান্তি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে বিভিন্ন সংকটে ভুগছে, যার মধ্যে রোগীর চাপ শয্যার তুলনায় তিন থেকে চার গুণ বেশি, চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় জনবলের অভাব এবং অচল পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিদিন হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা ধারণক্ষমতার কয়েক গুণ বেশি। এর ফলে, ভর্তি রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার এক-তৃতীয়াংশও সম্পন্ন করা যাচ্ছে না। ফলস্বরূপ, রোগীদের বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হচ্ছে গুরুত্বপূর্ণ পরীক্ষা করাতে।

এতে চিকিৎসা ব্যয়ের বৃদ্ধি ঘটছে এবং অনেক ক্ষেত্রে রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে। বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন।

১০ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রাকিব হাওলাদার, যিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি পাঁচদিন ধরে হাসপাতালের বারান্দায় কাটিয়েছেন। পায়ের তীব্র ব্যথার কারণে মেঝেতে চিকিৎসা নিতে হয়েছে তাকে। তার স্বজনেরা বারবার চেষ্টা করেও একটি শয্যার ব্যবস্থা করতে পারেননি। এ ছাড়া, হাসপাতাল থেকে প্রয়োজনীয় পরীক্ষার দুই-তিনটি করানোও সম্ভব হয়নি।

আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

রাকিব হাওলাদারের ভাই রোকন হাওলাদার বলেন, "তার ভাই গুরুতর অসুস্থ। বেড পাওয়া না গেলে চিকিৎসা ঠিকভাবে করা যাচ্ছে না। ডাক্তাররা আসছেন, দেখছেন কিন্তু এত মানুষের মধ্যে মেঝেতে কোনোরকম চিকিৎসা পাচ্ছি। সরকারি হাসপতালে এত সংকট, যাব কোথায়?"

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন প্রায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার রোগী ভর্তি হচ্ছেন। ফলে, শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝে কিংবা বারান্দায় থাকতে হচ্ছে। গুরুতর অসুস্থ রোগীদেরও প্রয়োজনীয় শয্যা ও পরিচর্যা মিলছে না। এতে রোগীর পাশাপাশি তাদের স্বজনরাও ভোগান্তিতে পড়ছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আসমা খাতুনের স্বামী খোকনুজ্জামান বলেন, "যশোরের নওয়াপাড়া থেকে এসে চারদিন যাবৎ মেঝেতে বিছানা পেতে আছি। রোগীকে অক্সিজেন দিতে হচ্ছে। কিন্তু মেঝেতে অক্সিজেন দিয়ে চিকিৎসা নেয়া বেশ দুরহ। প্রথম দুইদিন তো অক্সিজেনই পাইনি। একটি সিট বরাদ্দ করা গেলো না। ডাক্তারদের কাছে বললে, তারা বলে; সিট ফাঁকা না থাকলে আমাদের কি করা?"

অন্যদিকে, সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বাড়তি রোগীর চাপের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকটও সেবাদানে নানা সীমাবদ্ধতা তৈরি করছে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

হাসপাতালের সহযোগী অধ্যাপক শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, "সামর্থ্য সীমিত। কেউ চিকিৎসা নিতে এলে তো ভর্তি না করিয়ে রাখতে পারি না। কিন্তু এখানে অনেক বেশী রোগী আসেন। সব রোগীদের কাছে গিয়ে তাদের কথা শুনে চিকিৎসা দেয়ার চেষ্টা করি। হাসপতালে একদিকে যেমন শয্যা সংকট অন্যদিকে জনবল সংকট। চিকিৎসক সংকটের পাশাপাশি রয়েছে নার্স, তৃতীয় এবং চতুর্থ শ্রেনীর কর্মচারির সংকট। ফলে চাইলেও সব রোগীকে সন্তুষ্ট করতে পারি না।"

শুধু শয্যা কিংবা জনবল সংকটই নয়, পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও বড় সীমাবদ্ধতা রয়েছে। হাসপাতালের দুটি সিটি স্ক্যান মেশিনের মধ্যে একটি অচল। ৯টি এক্স-রে মেশিনের মধ্যে তিনটি নষ্ট। ৮টি আলট্রাসনোগ্রাম মেশিনের মধ্যে সচল রয়েছে মাত্র তিনটি। এ ছাড়া, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা হাসপাতালেই করা সম্ভব হয় না। ফলে রোগীদের বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি অনেক ক্ষেত্রে চিকিৎসা কার্যক্রমও বিলম্বিত হচ্ছে।

বাইরে পরীক্ষা করাতে গিয়ে আর্থিক চাপের মুখে পড়ছেন রোগী ও স্বজনরা। প্যাথলোজি বিভাগের সামনে দুপুর সোয়া ১২টায় গিয়ে দেখা যায় লম্বা লাইন।

বহির্বিভাগে ডাক্তার দেখিয়ে আসা হাসনা বেগম বলেন, "আমি সকাল ১০টায় হাসপাতালে এসে লাইনে দাড়িয়েছিলাম। মাঝে ডাক্তার কোথাও মিটিংয়ে যান। উনি দেখতে দেখতে ১২টা বেজে যায়। এখন পরীক্ষা করাতে আসার পর কাউন্টার থেকে বলছে, ১২টার পর আউটডোর রোগীদের পরীক্ষা করা হয় না। এটা কেন হবে?" একই রকম অভিযোগ করেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: মোহাম্মদপুরে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

হাসপাতালে ভর্তি রোগী নাসিমা খাতুন বলেন, "আমাকে ডাক্তার তিনটি টেস্ট দিয়েছে। যার মধ্যে মাত্র একটাই হাসপাতালে করতে পেরেছি। বাকি দু’টো বাইরে থেকে করতে হবে বলেছে। বাইরে করতে গেলে রোগীকে নিয়ে যাওয়া এক ধরনের কষ্ট, আবার খরচও বেশি।"

রোগীর চাপ বিবেচনায় হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছিল। ২০২৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে দেড় হাজার করা এবং ১২তলা নতুন ভবন নির্মাণের নির্দেশনা দেয়া হয়। তবে এখনো বাস্তবায়িত হয়নি সেই পরিকল্পনা। ফলে পুরানো অবকাঠামোতেই বাড়তি রোগীর চাপ সামলাতে হচ্ছে।

হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল বলেন, "হাসপাতালটি ৫০০ শয্যার হলেও এখনও চলছে ২৫০ শয্যার জনবল দিয়ে। এখানে চিকিৎসকের অভাব, নার্স, কর্মচারীদেরও অভাব রয়েছে। এই স্বল্প জনবল দিয়ে হাসপাতালের সঠিক চিকিৎসা করানো সম্ভব নয়। হাসপাতালটি ১০০০ বেডে উন্নীত করানোর জন্য ২০২৩ সালে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে তখন তা বিবেচনায় নেয়া হয়নি। এখন আমরা নতুন করে প্রস্তাবনা তৈরি করছি। এই প্রস্তাবনায় শুধু হাসপাতালের শয্য বৃদ্ধিই নয়, বরং নতুন একটি ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণেরও প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। এটি বাস্তবায়ন করা গেলে আশা করি এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।"

হাসপাতালে ভর্তি রোগীদের বাইরে হাসপাতালের বহির্বিভাগেও প্রতিদিন চিকিৎসা নিতে আসেন আরও ২ থেকে ৩ হাজার মানুষ। সব মিলিয়ে বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালে সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসা সরঞ্জাম সচল করা জরুরি হয়ে পড়েছে।

আরও পড়ুন: কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী

সরকার পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে, এবং এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ও আইনি ব্যাখ্যার বিষয়ে বলেন, “আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয় আমরা করে রেখেছি, এখন তারা (ভারত) কী করবে সেটা তাদের বিষয়।”

তিনি আরও উল্লেখ করেন, “শেখ হাসিনাকে চুক্তির আওতায় যখন প্রত্যর্পণ করা হবে, সেটাও একটা আইনি প্রক্রিয়া। এই ধরনের মামলায় আপিল করার আইনগত কোনো সুযোগ নাই। কারণ বিশেষ আইনে আপিল করার কোনো সুযোগ রাখেনি। উনারাই সে আইন করে গেছেন।”

আসাদুজ্জামান বলেন, “আমাদের একটা সংবিধান রয়েছে, সেই সংবিধানে ১৯৭৩ সালে উনার (শেখ হাসিনা) বাবা যে আইন সংশোধনী এনে গেছেন। ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে—মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবে না। এটা ওনাদের করা।”

তিনি জানান, তদন্ত সংস্থা ও প্রসিকিউশন চব্বিশের গণ-অভ্যুথানে জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। তবে, আওয়ামী লীগের বিচারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনজুরির কারণে নারী ইমার্জিং নেশন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


ইনজুরির কারণে নারী ইমার্জিং নেশন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ অধিনায়ক নাহিদা আক্তার নারী ইমার্জিং নেশন্স ট্রফি থেকে চোটের কারণে ছিটকে গেছেন। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব পান নাহিদা। কিন্তু চোটের কারণে তিনি টুর্নামেন্ট থেকে বাদ পড়তে বাধ্য হয়েছেন।

নাহিদা ছাড়া বাংলাদেশ গতকাল জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন নিয়মিত সহ-অধিনায়ক সোবহানা মোস্তারি, যিনি নাহিদার অনুপস্থিতিতে দলের দায়িত্ব গ্রহণ করেন।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় চোট পান নাহিদা। নিজের প্রথম ওভার করতে গিয়ে চতুর্থ বলে শাওয়াল জুলফিকারের একটি শট ফলো থ্রুতে ধরতে গিয়ে তার ডান হাতের তর্জনিতে আঘাত লাগে।

ম্যাচ শেষে তর্জনিতে অস্বস্তি অনুভব করায় নাহিদা জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করতে পারেননি।

পাকিস্তানের কাছে ৮ উইকেটে পরাজয়ের পর বাংলাদেশ জিম্বাবুয়েকে বড় ব্যবধানে পরাজিত করে জয়ের ধারায় ফিরে এসেছে।

দুই ম্যাচে একটি জয় নিয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিন নম্বরে অবস্থান করছে। ১৬ নভেম্বর তাদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ দুই নম্বরে থাকা নেদারল্যান্ডস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ইজতেমা শুরু ১৮ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ইজতেমা শুরু ১৮ নভেম্বর

আগামী ১৮ নভেম্বর (বুধবার) রাজধানীর উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন দিয়াবাড়ি ময়দানে শুরু হতে যাচ্ছে দাওয়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে তিন দিনব্যাপী ‘সুন্নাতে ভরা ইজতিমা’।

২০ নভেম্বর জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে কোরআন ও সুন্নাত প্রচারের এই অরাজনৈতিক দ্বীনী সংগঠনের মহাসমাবেশ।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ইজতেমা ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের মিডিয়া বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইজতেমা উপলক্ষে দিয়াবাড়ি ময়দানজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। আগত লাখ লাখ মুসল্লির নিরাপত্তার জন্য পুলিশ চেকপোস্ট ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, পাশাপাশি ৮টি ওয়াচ টাওয়ারও বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার পাশাপাশি দাওয়াতে ইসলামী কর্তৃক নিয়োগপ্রাপ্ত কয়েকশ নিরাপত্তাকর্মী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া মুসল্লিদের জন্য ওজু, গোসল, প্রয়োজনীয় হাজতখানা এবং বিশুদ্ধ খাবারের পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। পিডিবির সহায়তায় বিদ্যুৎ সংযোগের পাশাপাশি ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বিশেষ সেবা ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার আলহাজ সৈয়দ মুহাম্মদ ফোজায়েল আত্তারী। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ এরশাদ, হাফেজ ফরিদুল ইসলাম এবং মুহাম্মদ সাকিব আত্তারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

সংগঠনটির আদর্শ ও কার্যক্রম সম্পর্কে মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, দাওয়াতে ইসলামী সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী, সুফিবাদ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদায় বিশ্বাসী একটি অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশে ২০০৭ সাল থেকে এই ইজতেমা আয়োজন করা হচ্ছে।

আয়োজকরা জানান, তিন দিনের এ ইজতেমায় বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ও মুবাল্লিগগণ কোরআন, সুন্নাহ ও ইজমা-কিয়াসের ভিত্তিতে বয়ান করবেন। ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নাত ও নফল ইবাদতের পদ্ধতি দালিলিক প্রমাণসহ মুসল্লিদের হাতে-কলমে শেখানো হবে। প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের জন্য বিশেষ দোয়া করা হবে।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপ-আফ্রিকার বিভিন্ন দেশে নিয়মিত এ ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে। ইজতিমা শেষে মুসল্লিরা ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন ও ১২ মাসের ‘মাদানী কাফেলা’য় বের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বাজিতপুরে ভৈরব সরকারি মহিলা কলেজের বাসে অগ্নি সংযোগের ঘটনায়

বিএনপি ও এমপি সমর্থকদের মধ্যে মামলা নিয়ে দড়ি-টানাটানি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


বিএনপি ও এমপি সমর্থকদের মধ্যে মামলা নিয়ে দড়ি-টানাটানি

কিশোরগঞ্জের বাজিতপুর থানার পুলিশ গত ৫ দিন অতিবাহিত হলেও কোনো মামলা গ্রহণ না করায় বিএনপি ও এমপি সমর্থকদের মধ্যে ধোয়ারশার পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীরা গত শুক্রবার বিকেল ৫ টার দিকে বাজিতপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল এবং সিনেমা হল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, পুলিশ প্রশাসন ভৈরব মহিলা কলেজের বিআরটিসি বাস পুড়ানোর প্রকৃত আসামীদের বিরুদ্ধে মামলা গ্রহণ করছে না।

এসময় বিএনপি পক্ষের নেতাকর্মীরা বক্তব্য রাখেন, যার মধ্যে বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া, জেলা যুব দলের সহ-সভাপতি এড. শাহ আলম এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, গত বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সমর্থকরা বাজিতপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন।

উপজেলার কিশোরগঞ্জ-বাজিতপুর-পিরিজপুর আঞ্চলিক মহাসড়কে সোমবার দিবাগত গভীর রাতে দাঁড়িয়ে থাকা ভৈরব মহিলা কলেজের ব্যবহৃত একটি বিআরটিসি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অগ্নিকাণ্ডের ফলে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। স্থানীয়দের দাবি, এই বাসটির ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি পিরিজপুর বাজারের বাসমহল ভূমি অফিস সংলগ্ন কিশোরগঞ্জ-বাজিতপুর-পিরিজপুর মহাসড়কের পাশে ঘটেছে। পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা-মেট্রো-ব-১১৫১৮৪। স্থানীয় সূত্রে জানা যায়, পিরিজপুর বাজারের পাহাড়াদাররা জানান, একদল মুখোশধারী ব্যক্তি মটরসাইকেলে এসে বাসটিতে আগুন লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছে বলে তাদের ধারণা। ১০ নভেম্বর দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ একদল ছাত্রলীগের পূর্বঘোষিত ধর্মঘটের আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটন বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয় বরং এটি একটি পরিকল্পিত ঘটনা। তিনি দাবি করেন, এর পেছনে ছাত্রলীগ ও যুবলীগের ফ্যাসিবাদী কায়দা রয়েছে। তবে এই ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকেই দায়ী করেন। এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এসময় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা সহযোগিতা করেন। আগুনের তীব্রতায় বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম শহিদুল্লাহ বলেন, এই বিষয়ে অভিযোগের প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%