০৮:৩১ পি.এম
বলিউডে গ্যাংস্টারদের হুমকি ও হামলার ঘটনা নিয়ে উদ্বেগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং তার পুত্র অভিনেতা অভিষেক বচ্চনকে হত্যার হুমকি প্রদান করেছে গ্যাংস্টার গোল্ডি ঢিলন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই হুমকি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গোল্ডি ঢিলন তার পোস্টে দাবি করেছে যে, দুই সহযোগী বিকাশ ঠাকুর এবং দীপক সিং গ্রেফতার হলেও তাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। সে আরও দাবি করেছে যে, মুম্বাইয়ে তার প্রায় ২০০ সহযোগী সক্রিয় রয়েছে।
পোস্টটিতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়েছে। বিশেষভাবে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে বলা হয়েছে, বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে সক্ষম হবে না। তবে এনডিটিভি এই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টটির সত্যতা এবং এতে করা দাবিগুলোর বাস্তবতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
এর আগে, দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তদন্তকারীরা সন্দেহ করছেন যে, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র সামনে গুলি চালানোর ষড়যন্ত্রে তাদের সম্পৃক্ততা থাকতে পারে। তাদের গ্রেফতারের পর চাঁদাবাজির উদ্দেশ্যে দিল্লির এক ব্যবসায়ীকে গুলি করার পৃথক পরিকল্পনার বিষয়েও তদন্তকারীরা তথ্য পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, গত এক মাসে তিনটি পৃথক ই-মেইলের মাধ্যমে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে বাড়িটির নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অমিতাভের নিয়মিত ভক্তদের সঙ্গে দেখা করার আয়োজনেও পরিবর্তন এসেছে। প্রতি সপ্তাহে বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করার অভ্যাস রয়েছে এই অভিনেতার। তবে হুমকির ঘটনার পর গত ১ নভেম্বর তিনি বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ভক্তদের সঙ্গে দেখা করেন।
আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন