শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:০৭ পি.এম
মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় চূড়ান্ত হয়ে গেছে। আপিলের কোনো সুযোগ নেই। বাংলাদেশ আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে কাজ করবে রায় বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে এই রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। বাংলাদেশ এই সংকটের দ্রুত সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।
হুমায়ুন কবির আরও বলেন, প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হচ্ছে। নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক অংশীজনের সঙ্গে কাজ করছে। এ রায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত হলে বাংলাদেশ শক্তিশালী ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদার করা হবে। সরকার আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরির লক্ষ্যে কাজ করছে। তবে রাখাইন রাজ্যে নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়েও আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় ঐতিহাসিক রায় প্রদান করে। এই রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও অন্যান্য নৃশংসতার জন্য মিয়ানমারকে দায়ী করা হয়েছে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা আশ্রয় গ্রহণ করেছে।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মাধ্যমে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে দায়ের করা এই মামলার রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় অবস্থিত রতন ডাইং কারখানায় একটি বয়লার বিস্ফোরণের ফলে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ শ্রমিকদের নাম রঞ্জিত এবং পাশা। স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ২টার সময় রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে পাঠান। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত, যিনি রতন নামে পরিচিত, তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু রায়হান নূর।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, দগ্ধ দুই শ্রমিকের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। উভয়েরই ইনহেলেশন ইনজুরি রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের প্রচেষ্টা চালাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির বাধার সম্মুখীন হয়ে ব্যর্থ হয়েছে। বিজিবির দ্রুত শনাক্তকরণ ও দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ শেষ পর্যন্ত ওই চারজনকে নিজেদের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। গত রাত থেকে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত থেমে থেমে চলছিল। বৈরী আবহাওয়া ও বৃষ্টির সুযোগ কাজে লাগিয়ে গভীর রাতে চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ সদস্যরা।
তবে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবি টহল দলের সতর্ক অবস্থান ও নজরদারির কারণে বিষয়টি দ্রুত ধরা পড়ে। বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের সামনে টিকতে না পেরে বিএসএফ পুশইন প্রচেষ্টা থেকে সরে আসে। পরবর্তী সময়ে আজ শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রংমহল বিওপি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত নায়েব সুবেদার জাহিদ হোসেন জানান, পুশইন চেষ্টার ঘটনার পরপরই সীমান্ত ও আশপাশের এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও তিনি বেশ কয়েকবার বৈঠকের ইঙ্গিত দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত দুই নেতার মধ্যে দেখা হয়নি। ট্রাম্প যখন এশিয়া সফরের কাজে ব্যস্ত ছিলেন, তখন কিম পাহাড়, অবকাশকেন্দ্র ও নৌবাহিনীর বিশ্ববিদ্যালয়ে সময় কাটাচ্ছিলেন।
শুক্রবার (২০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি .
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন ট্রাম্প। সফরের সময় চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলেও কিমের সঙ্গে তার দেখা হয়নি। ট্রাম্প বলেন, "বৈঠকের সুযোগ হয়নি, কারণ অনেক বৈঠক নিয়ে তিনি ব্যস্ত ছিলেন।" তবে তিনি ভবিষ্যতে কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা নিয়েও কথা বলেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ ও ২০১৯ সালে কিমের সঙ্গে তিনবার বৈঠক হয়েছিল। ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর থেকে দুই দেশের সম্পর্কের বরফ আর গলেনি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে উত্তর কোরিয়া তাদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চায়। কিন্তু ওয়াশিংটন এখনও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সম্পূর্ণ বিলুপ্ত করার অবস্থানে রয়েছে। ফলে দুই দেশের মধ্যে সমঝোতার পরিবেশ তৈরি হয়নি।
এদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আলোচনা চললেও কিমকে প্রকাশ্যে কোনো সাড়া দিতে দেখা যায়নি। বরং তাকে পায়েকতু পবিত্র পর্বত, একটি স্কি অবকাশকেন্দ্র এবং নৌবাহিনীর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে দেখা গেছে।
বিশ্লেষকদের ধারণা, চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক এবং রাশিয়ার কাছ থেকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার তাগিদ কমেছে পিয়ংইয়ংয়ের। তবে ভবিষ্যতে দুই নেতার বৈঠকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তারা।
সূত্র: এএফপি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোণা, ২০ নভেম্বর, ২০২৬ : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে এক কোটি আট হাজার টাকা মূল্যের নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদককারবারিকে আটক করেছে।
এ অভিযানে উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেটের সংখ্যা ছিল ৫০ হাজার ৪০০ পিস এবং এর মোট ওজন ৪০ দশমিক ৩২ কেজি।
আটককৃতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার নিজামপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া (৩১), পূর্ব চকপাড়া গ্রামের মো. বজলু মিয়ার ছেলে মো. সাইদুল ইসলাম (৩২), সাকুয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. সৈয়দ মিয়া (৩০) এবং বড়গারা তেলিগাতী গ্রামের মৃত রেজাউল হকের ছেলে মো. মাজেদুল হক (৩৫)।
নেত্রকোণা পুলিশ মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ১৮ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।
জেলা পুলিশ মিডিয়া সেল জানায়, গত বুধবার বিকেল ৪টার দিকে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া উত্তর পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিশেষ অভিযান চালায়।
এই অভিযানে আটক চারজনের কাছ থেকে ৫০ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল পাল্লায় ওজন করে দেখা যায়, উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন ৪০ দশমিক ৩২ কেজি।
প্রতিটি ট্যাবলেটের মূল্য ২০০ টাকা করে মোট ৫০ হাজার ৪০০ পিসের আনুমানিক মূল্য দাঁড়ায় এক কোটি আট হাজার টাকা (১,০০,৮০,০০০ টাকা)।
এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল খায়ের বাসসকে জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ