শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:০৭ পি.এম
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের প্রচেষ্টা চালাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির বাধার সম্মুখীন হয়ে ব্যর্থ হয়েছে। বিজিবির দ্রুত শনাক্তকরণ ও দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ শেষ পর্যন্ত ওই চারজনকে নিজেদের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। গত রাত থেকে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত থেমে থেমে চলছিল। বৈরী আবহাওয়া ও বৃষ্টির সুযোগ কাজে লাগিয়ে গভীর রাতে চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ সদস্যরা।
তবে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবি টহল দলের সতর্ক অবস্থান ও নজরদারির কারণে বিষয়টি দ্রুত ধরা পড়ে। বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের সামনে টিকতে না পেরে বিএসএফ পুশইন প্রচেষ্টা থেকে সরে আসে। পরবর্তী সময়ে আজ শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রংমহল বিওপি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত নায়েব সুবেদার জাহিদ হোসেন জানান, পুশইন চেষ্টার ঘটনার পরপরই সীমান্ত ও আশপাশের এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন। যদিও তিনি বেশ কয়েকবার বৈঠকের ইঙ্গিত দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত দুই নেতার মধ্যে দেখা হয়নি। ট্রাম্প যখন এশিয়া সফরের কাজে ব্যস্ত ছিলেন, তখন কিম পাহাড়, অবকাশকেন্দ্র ও নৌবাহিনীর বিশ্ববিদ্যালয়ে সময় কাটাচ্ছিলেন।
শুক্রবার (২০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি .
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন ট্রাম্প। সফরের সময় চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলেও কিমের সঙ্গে তার দেখা হয়নি। ট্রাম্প বলেন, "বৈঠকের সুযোগ হয়নি, কারণ অনেক বৈঠক নিয়ে তিনি ব্যস্ত ছিলেন।" তবে তিনি ভবিষ্যতে কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা নিয়েও কথা বলেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ ও ২০১৯ সালে কিমের সঙ্গে তিনবার বৈঠক হয়েছিল। ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর থেকে দুই দেশের সম্পর্কের বরফ আর গলেনি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে উত্তর কোরিয়া তাদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চায়। কিন্তু ওয়াশিংটন এখনও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সম্পূর্ণ বিলুপ্ত করার অবস্থানে রয়েছে। ফলে দুই দেশের মধ্যে সমঝোতার পরিবেশ তৈরি হয়নি।
এদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আলোচনা চললেও কিমকে প্রকাশ্যে কোনো সাড়া দিতে দেখা যায়নি। বরং তাকে পায়েকতু পবিত্র পর্বত, একটি স্কি অবকাশকেন্দ্র এবং নৌবাহিনীর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে দেখা গেছে।
বিশ্লেষকদের ধারণা, চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক এবং রাশিয়ার কাছ থেকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার তাগিদ কমেছে পিয়ংইয়ংয়ের। তবে ভবিষ্যতে দুই নেতার বৈঠকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তারা।
সূত্র: এএফপি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোণা, ২০ নভেম্বর, ২০২৬ : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে এক কোটি আট হাজার টাকা মূল্যের নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদককারবারিকে আটক করেছে।
এ অভিযানে উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেটের সংখ্যা ছিল ৫০ হাজার ৪০০ পিস এবং এর মোট ওজন ৪০ দশমিক ৩২ কেজি।
আটককৃতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার নিজামপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া (৩১), পূর্ব চকপাড়া গ্রামের মো. বজলু মিয়ার ছেলে মো. সাইদুল ইসলাম (৩২), সাকুয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. সৈয়দ মিয়া (৩০) এবং বড়গারা তেলিগাতী গ্রামের মৃত রেজাউল হকের ছেলে মো. মাজেদুল হক (৩৫)।
নেত্রকোণা পুলিশ মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ১৮ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।
জেলা পুলিশ মিডিয়া সেল জানায়, গত বুধবার বিকেল ৪টার দিকে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া উত্তর পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিশেষ অভিযান চালায়।
এই অভিযানে আটক চারজনের কাছ থেকে ৫০ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল পাল্লায় ওজন করে দেখা যায়, উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন ৪০ দশমিক ৩২ কেজি।
প্রতিটি ট্যাবলেটের মূল্য ২০০ টাকা করে মোট ৫০ হাজার ৪০০ পিসের আনুমানিক মূল্য দাঁড়ায় এক কোটি আট হাজার টাকা (১,০০,৮০,০০০ টাকা)।
এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল খায়ের বাসসকে জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ একটি দুর্বৃত্ত দলের বিরুদ্ধে উঠেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে, ওই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। বাহিনীটি সংবাদ প্রকাশ করেছে, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়টি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যমের পেজেও এ বিষয়ে বক্তব্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের সদস্যরা। দায়িত্ব পালনরত সদস্যদের খাবার সরবরাহের জন্য গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বেসামরিক কর্মীরা (সিভিল স্টাফ) খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হন।
বাহিনীর দাবি, একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত খাবার বহনকারী কর্মীদের জিম্মি করে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের কাছ থেকে খাবার ছিনিয়ে নেয়। পরে ছিনিয়ে নেওয়া খাবার বহনের ভিডিও ধারণ করে সেটিকে নিজেদের উদ্যোগ হিসেবে প্রচার করা হয়। একই সাথে আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খাবার সরবরাহের সঙ্গে জড়িত কর্মীদের জিম্মি করে ভয়ভীতি প্রদর্শনের পর পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে ওই ভিডিওকে কেন্দ্র করে যে রাজনৈতিক প্রচারণা চালানো হয়েছে, তা প্রকৃত ঘটনা আড়াল করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা বলে দাবি করেছে বাহিনীটি।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলেছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে, যাতে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ করে যথাযথ কর্মসংস্থানের সুযোগ পায়।
তিনি উল্লেখ করেন, শিক্ষাব্যবস্থা এমনভাবে গঠন করতে হবে যাতে শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করছেন, তা কার্যকরী হয় এবং দেশের, মানুষের ও তাদের নিজেদের জীবনে কাজে লাগে। একইসাথে, শিক্ষাব্যবস্থা থেকে সত্যিকারার্থে প্রয়োজনীয় ও কার্যকর ফলাফল পাওয়া যায়, তা নিশ্চিত করা আবশ্যক। এজন্য দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে।
আজ সকালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।
এসময় রাষ্ট্রপতি দেশের শিক্ষাব্যবস্থাকে প্রয়োজন ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যা শিক্ষার্থীদের সত্যিকারার্থে দক্ষ করে তুলবে এবং দেশের জন্য কার্যকর অবদান রাখতে সক্ষম করবে।
ঢাকা কলেজের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই উপমহাদেশের অনেক মানুষের শিক্ষাজীবনের সঙ্গে এ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে। তৎকালীন বাংলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, শুধু আজকের বাংলাদেশ নয়, তৎকালীন পাকিস্তান এবং তারও আগে ব্রিটিশ শাসনামলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এবং এ প্রতিষ্ঠান শিক্ষার্থীরা প্রশাসনিক, রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে সবসময় নেতৃত্বের আসনে ছিলেন।
এসময় নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ঢাকা কলেজে পড়াশোনা করেছি। সেসময় কলেজে ছাত্র রাজনীতি ও সংগঠন কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু সেই পরিবেশের মধ্যেও ছাত্ররাজনীতি হয়েছে। গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং গোপনে সংগঠন করার চেষ্টা করেছেন।
রাষ্ট্রপতি বলেন, ঢাকা কলেজ এ দেশ, এ অঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ। এখান থেকে সবচেয়ে সৃজনশীল ও মেধাবী মানুষ বেরিয়ে এসেছেন এবং তারা দেশ পরিচালনায় ভূমিকা রেখেছেন। তাই সরকারে যারাই থাকুন না কেন, ঢাকা কলেজকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষার সুযোগ-সুবিধার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এ সকল সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ঢাকা কলেজকে দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রতিষ্ঠার করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা তা পূরণের লক্ষ্যে দীর্ঘকাল ধরে ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত পুরো সময়জুড়ে ছাত্ররা বারবার রাজপথে বেরিয়ে এসেছেন। এ সকল আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।
আগামী দিনেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকল জায়গায় নেতৃত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মিলিতভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫৭ বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। আগুন-সন্ত্রাস, মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করার মতো ঘটনা ঘটছে। মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করছে। এ অবস্থা কখনোই কাম্য নয়। যে বাংলাদেশের জন্য সংগ্রাম করা হয়েছে, সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে।
রাষ্ট্রপতি বলেন, পরিবর্তিত বিশ্বের সাথে তাল মেলাতে আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হবে। আর সেই অগ্রযাত্রার জন্য প্রয়োজন শিক্ষিত, নৈতিক ও মানবিক একটি প্রজন্ম। একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারে।
এজন্য শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করা নয়। শিক্ষার্থীদের চিন্তা, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণা, মননশীলতা ও সৃজনশীল চিন্তার পরিবেশ গড়ে তুলতে হবে।
ভাষা, কর্ম, ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের চিন্তাশীল, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদেরকে আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগের অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। এসব বিষয় এখন নতুন বাস্তবতা।
শিক্ষাব্যবস্থাকেও এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রযুক্তি ও জ্ঞানের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থাকে সাজাতে হবে। এআইকে কতটুকু ভালোভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে চিন্তা করতে হবে। একই সঙ্গে আইটির ব্যবস্থাকেও এগিয়ে নিতে হবে।
রাষ্ট্রপতি বলেন, যারা ফ্যাসিবাদকে বিদায় করেছে, তাদেরকে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম অব্যাহত রাখার মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
এজন্য বর্তমান তরুণ শিক্ষার্থীদের তাদের মেধা ও সৃজনশীলতাকে দেশ ও জাতির উন্নয়নে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, আমি দেখতে চাই যে, শিক্ষার্থীরা যে পরিবর্তন নিয়ে এসেছে এবং যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে পরিবর্তন ঘটিয়েছেন— তার বাস্তব প্রতিফলন ঘটুক।
এসময় তিনি দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে ও স্বাক্ষরতা বৃদ্ধিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষা উন্নয়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি ঢাকা কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের আরও দক্ষ, মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে ঢাকা কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন, সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।
আরও বক্তব্য রাখেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরাফত আলী সপু এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ