প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাকিস্তানের তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট আলেম মাওলানা আহমদ বাটলা। সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের পরামর্শক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পাকিস্তান তাবলিগ জামাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। নতুন আমির নির্বাচিত হওয়ার খবর পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
১৬ নভেম্বর ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন পাকিস্তান তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা নজরুর রহমান। তাঁর ইন্তেকালের পর সংগঠনটির নেতৃত্বে শূন্যতা তৈরি হয়। পরে রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে মাওলানা আহমদ বাটলাকে নতুন আমির হিসেবে মনোনীত করা হয়। এর আগে তিনি দীর্ঘদিন নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে রায়বেন্ড মারকাজের শায়খুল হাদিস হিসেবেও পরিচিত তিনি।
মাওলানা আহমদ বাটলা রায়বেন্ড মারকাজের একজন জ্যেষ্ঠ মুরব্বি এবং তাবলিগ জামাতের আন্তর্জাতিক শূরার সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলিগের কাজে যুক্ত থাকার পাশাপাশি দ্বীনি শিক্ষা, হাদিসের পাঠদান ও মুসলমানদের আমলি জীবনে পরিবর্তন আনতে কাজ করে আসছেন। তাঁর বয়ান ও আলোচনায় দ্বীনের দাওয়াত, আত্মশুদ্ধি, তওবা, সুন্নাহর অনুসরণ এবং দৈনন্দিন জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
সাধারণ ও সহজ ভাষায় হৃদয়গ্রাহী বয়ানের জন্যও তিনি পরিচিত। তাঁর বক্তব্যে মুসলমানদের ঈমান-আমল ঠিক করা, আল্লাহর কাছে ফিরে আসা এবং নবীদের দাওয়াতি মিশন অনুসরণ করে জীবন পরিচালনার প্রতি আহ্বান উঠে আসে। রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরব্বিদের মধ্যে দীর্ঘদিনের দ্বীনি খেদমত, সরল জীবনযাপন ও দাওয়াতি মেহনতের কারণে তিনি বিশেষ পরিচিতি লাভ করেছেন।
পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বে মাওলানা আহমদ বাটলার নাম আগেও আলোচনায় এসেছিল। ২০১৮ সালের নভেম্বরে তাবলিগ জামাতের তৃতীয় আমির হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাব ইন্তেকাল করেন। এর আগে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর তাঁর অসিয়তে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। তাঁরা হলেন মাওলানা নজরুর রহমান, মাওলানা আহমদ বাটলা ও মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন